নবীন-প্রবীণ মিলে ছয় আবৃত্তিশিল্পীর কণ্ঠের জাদুতে আলো ছড়িয়েছিল রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর মিলনায়তনে। এর মধ্যে একজন ভারতীয় শিল্পীও রয়েছেন। বাচিক শিল্পচর্চাকেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’ ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় ‘জ্বালাও আলোক’ শিরোনামের এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানের শুরু হয় সন্ধ্যা সাড়ে ছয়টায় সংগঠনের শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ত্রাণ’ কবিতার পরিবেশনার মাধ্যমে। এর পরপরই আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ড. অনুপম সেন। তিনি বলেন, ‘এ ধরনের আয়োজন দুই বাংলার শিল্পবোধ বিনিময়ের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারে। কারণ, আমাদের শিকড়সত্তা কিংবা অঙ্কুরোদ্গমের ভূমি এক। বাংলা ভাষা আমাদের এক হওয়ার একটা জায়গা বা মাধ্যম। কবিতা উচ্চারণের মধ্য দিয়ে শুদ্ধ ও সুন্দর বোধগুলো ছড়িয়ে দিতে হবে। এ ধরনের আয়োজন ও চর্চা যত বেশি হবে, আমাদের বাংলা ভাষার ভিত তত মজবুত হবে।’ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। স্বাগত বক্তব্য দেন তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি শাওন সরকার। আবৃত্তি পর্বে কলকাতার নন্দিত শিল্পী পূজন ঘোষের পরিবেশনায় ছিল রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘রাস্তার কবিতা’, প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলার গান গাই’সহ স্বদেশ ও প্রকৃতির বেশ কয়েকটি কবিতা। দেবাশিস রূপন আবৃত্তি করেন শিশির দত্তের ‘মাতৃভূমি আমার মতো একা নয়’ জীবনানন্দ দাশের ‘বোধ’, ময়ূখ চৌধুরীর ‘এ শহর আমার শহর’সহ সাতটি কবিতা। রাশেদ হাসানের পরিবেশনায় ছিল মহাদেব সাহার ‘মন ভালো নেই’, সেলিনা শেলীর ‘ব্ল্যাকরেইন’, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘অভিমানের খেয়া’ এবং শামসুল হকের ‘নুরলদীনের সারা জীবন’সহ বেশ কিছু কবিতা। মুজাহিদুল ইসলামের পরিবেশনায় ছিল নীরেন্দ্রনাথ চক্রবর্ত্তীর ‘অমলকান্তি’, সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ এবং সুবোধ সরকারের ‘গুজরাট’। মিজানুর রহমান আবৃত্তি করেন নির্মলেন্দু গুণের ‘আমাদের ক্ষমা করবেন পিতা’। শামীমা ইয়াসমীন আবৃত্তি করেন রবিশঙ্কর মৈত্রীর ‘নয়নতারা চলে যাচ্ছেন’ এবং শামসুর রাহমানের ‘কখনো আমার মাকে’। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শ্রাবণী দাশগুপ্তা এবং সমন্বয়ে ছিলেন মিঠু তলাপাত্র।