তারুণ্যের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বসেছিল তরুণদের এক ভিন্নধর্মী উৎসব। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন উপলক্ষে ‘স্বাধীনতার গৌরবময় ৪০: চাই সুশাসন, চাই দুর্নীতি প্রতিরোধ’ শিরোনামে আয়োজিত হয় এই উৎসব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইয়েস গ্রুপ আয়োজিত দিনব্যাপী এ উৎসবের মধ্যে ছিল দুর্নীতিবিরোধী খেলা (গেম শো), কার্টুন প্রদর্শনী ও নাট্যোৎসব।দুর্নীতিবিরোধী খেলা: দুর্নীতির নানা ধরনকে কীভাবে সুশাসন ও তারুণ্যের শক্তি দিয়ে কুপোকাত করা যায়, তারই একটি প্রতীকী খেলা ছিল এটি। প্রতারণা, অর্থ আত্মসাৎ, ঘুষ, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার—দুর্নীতির এই পাঁচ নেতিবাচক আচরণকে আনা হয়েছিল মানুষের অবয়বে; যার স্কোর নির্ধারণ করা ছিল ৫ থেকে ২৫-এর মধ্যে।অংশগ্রহণকারীরা সুশাসন বল অর্থাৎ সততা, দেশপ্রেম, তারুণ্য, বীরত্ব ও সৎ সাহস নামে ইতিবাচক শব্দ নিয়ে নির্ধারিত বল ছুড়ে দুনীতির যেকোনো ধরনকে কুপোকাত করে স্কোর তুলে নিচ্ছিল। প্রতি পর্বে সর্বোচ্চ নম্বরধারী তরুণ লাভ করে বিজয়ীর খেতাব। অংশগ্রহণকারী প্রত্যেক তরুণের মধ্যে দুর্নীতি গুঁড়িয়ে দেওয়ার যে প্রত্যয় ছিল, তা ছড়িয়ে যাচ্ছিল সবার মধ্যে। একাত্তরে দেশের তরুণেরা যেমন ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা অর্জনের পথে, তেমনি করে ৪০ বছর পরে তরুণেরা এ দেশকেই রক্ষা করবে দুর্নীতির নাগপাশ থেকে।দুর্নীতি নিয়ে শুধু খেলা নয়, এ নিয়ে কার্টুন প্রদর্শনীর ব্যবস্থাও করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। চারপাশের অনিয়ম, অন্যায় আর ক্ষমতার অপব্যবহার ফুটিয়ে তোলা হয় এ প্রদর্শনীতে। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা নানা উদ্দীপনামূলক মতামতও জানিয়েছে।দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় পর্ব ছিল নাট্যোৎসব। জাহাঙ্গীরনগর থিয়েটার গ্রুপ ও ঢাকা ইয়েস থিয়েটার গ্রুপের পরিবেশনা নিয়ে এ পর্ব সাজানো হয়েছিল। ঢাকা ইয়েস থিয়েটার তাদের প্রযোজনা ‘সঙের বিধান’-এর মাধ্যমে নাগরিক সনদ ও তথ্য অধিকারকে কেন্দ্র করে স্বাস্থ্য, শিক্ষা ও স্থানীয় সরকারবিষয়ক প্রাপ্য অধিকারকে সুনিপুণভাবে ফুটিয়ে তোলে। অন্যদিকে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনা ‘দায়-দায়িত্ব’-এর মাধ্যমে সমাজের মধ্যে বিদ্যমান নানা অসংগতির চিত্র তুলে ধরে এর বিরুদ্ধে আমাদের দায়িত্বের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। এ গ্রুপের মূলমন্ত্র: স্বাধীন দেশের নাগরিক হিসেবে সমাজ ও দেশের জন্য সবারই কিছু না কিছু করার আছে। বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গৌরবময় স্বাধীনতাকে কিছু স্বার্থান্বেষী মানুষের কাছে ভূলুণ্ঠিত হতে পারে না। তরুণশক্তি অবশ্যই এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে।