‘শিক্ষার্থীশূন্য ক্যাম্পাস আর ভালো লাগে না। ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তাঁদের ওপর নির্ভর আমাদের ব্যবসা-বাণিজ্য। হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় এখন বিপাকে পড়েছি। প্রতিদিন দোকান খুলে বসে থাকি, কিন্তু বেচাকেনা হয় না। হবেই বা কেমন করে, ক্যাম্পাসে তো শিক্ষার্থীই নেই।’আক্ষেপ করে এ কথা বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে অবস্থিত মুদি দোকানের ব্যবসায়ী আকতার। আকতারের মতো বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ব্যবসায়ীরাও। তবে হঠাৎ বন্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শিক্ষার্থীরা। এতে তিন থেকে ছয় মাসের সেশনজটে পড়ার আশঙ্কা করছেন তাঁরা। উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই ছাত্র নিহত হন এবং প্রক্টর মোহাম্মদ নাসিম হাসানসহ আহত হন অন্তত ৪০ জন। এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এবং পরে জরুরি সিন্ডিকেট সভায় ২ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে। সংঘর্ষের দিন সন্ধ্যা সাতটার মধ্যে ছাত্রদের এবং পরদিন দুপুর দুইটার মধ্যে ছাত্রীদের আবাসিক হল ছাড়তে নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৯ ফেব্রুয়ারি দুপুরের পর থেকেই শিক্ষার্থীশূন্য হয়ে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চালু থাকায় মাঝেমধ্যে কিছু শিক্ষার্থীর দেখা মেলে ক্যাম্পাসে। শিক্ষার্থী না থাকায় স্তব্ধ বিশ্ববিদ্যালয়ের আড্ডার কেন্দ্রগুলো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলনকেন্দ্র বলা হয়ে থাকে কলা অনুষদের ‘ঝুপড়ি’। নিয়মিত হাজারো শিক্ষার্থীর মিলনমেলা বসে এ ঝুপড়িতে। তারুণ্যের উচ্ছ্বাসে মুখর থাকে সকাল থেকে বিকেল পর্যন্ত। কিন্তু এখন সেখানে বিরাজ করছে সুনসান নীরবতা। বিশ্ববিদ্যালয়ের জারুলতলা, মুক্তমঞ্চ, গ্রন্থাগার চত্বর, সমাজবিজ্ঞান ঝুপড়ি, সুনামি গার্ডেন, শহীদ মিনার, বুদ্ধিজীবী চত্বর, ছাত্রী হলের ঝুপড়িও খাঁ খাঁ করছে।অনাকাঙ্ক্ষিত এ বন্ধের কারণে ভেস্তে গেছে বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসের কর্মসূচি। প্রতিবারই ক্যাম্পাসে শিক্ষার্থীরা নানান আয়োজনের মাধ্যমে পালন করে এ দুটি দিন। কিন্তু এবার যেন সব মাটি হয়ে গেল। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শরীফুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার আর সময় পেল না! সব আয়োজন বৃথা গেল এবার।’ বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র রুবেল কর ও বঙ্কিম দত্তের মৌখিক পরীক্ষা ছিল ৯ ফেব্রুয়ারি। কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় পিছিয়ে গেছে বিশ্ববিদ্যালয় জীবনের শেষ পরীক্ষা।হতাশ এই দুই শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘সেশনজটের কারণে এমনিতেই প্রায় এক বছর নষ্ট হয়েছে। দুই ছাত্র সংগঠনের সংঘর্ষের কারণে পিছিয়ে গেল মৌখিক পরীক্ষা। এখন অপেক্ষা কখন হবে সে পরীক্ষাটি।’ রুবেল ও বঙ্কিমের মতো অবস্থা এ বিভাগের একই শিক্ষাবর্ষের প্রায় ৭০ শিক্ষার্থীর। এ বন্ধে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫টি বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষা পিছিয়েছে। বিশ্ববিদ্যালয় খোলার পর নতুন করে এসব পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হবে বলে বিভাগ সূত্রে জানা গেছে। তবে শিক্ষার্থীদের আশঙ্কা এ বন্ধের কারণে আরও তিন থেকে ছয় মাসের সেশনজটে পড়তে হবে তাঁদের।এদিকে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ যোগ্যতায় পালন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যথাযোগ্য মর্যাদায় পালন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিস্তারিত কর্মসূচি। এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, আবাসিক হল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। শহীদ দিবসের দিন সকাল আটটায় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ এবং এরপর শহীদ বুদ্ধিজীবী চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।