তারুণ্যের ছায়া সংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে তারুণ্যের ছায়া সংসদ
চলছে তারুণ্যের ছায়া সংসদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বসেছে সংসদ অধিবেশন। সেখানে জনগণের খাদ্য অধিকার নিশ্চিত করার বিষয়ে চলছে তুমুল আলোচনা। ভাবছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংসদ অধিবেশন? তা কি করে সম্ভব? ১৭ অক্টোবর এমনই এক ঘটনা ঘটেছে। তবে সেই অধিবেশন সত্যিকারের সংসদ অধিবেশন ছিল না। এর নাম ছিল ‘দ্বিতীয় যুব ছায়া সংসদ’।
হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বাংলাদেশ, অক্সফাম বাংলাদেশসহ ২৬টি যুবসংগঠনের আয়োজনে এই যুব ছায়া সংসদ অধিবেশনটি অনুষ্ঠিত হয়। ছায়া সংসদ অধিবেশনে বাংলাদেশের বিভিন্ন যুবসংগঠনের তিন শতাধিক সদস্য ‘যুব সাংসদ’ হিসেবে অংশগ্রহণ করেন। এ ছায়া অধিবেশনে মূলত ‘খাদ্য অধিকার আইন’ পাসের প্রস্তাবনা পেশ করা হয়। এই ছায়া অধিবেশনের প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশাত রায়হান, বিরোধীদলীয় নেতা হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ কান্তা রেজা এবং খাদ্যমন্ত্রী হিসেবে বক্তব্য দেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ আল কাইয়ুম।
অধিবেশনে সাংসদ হিসেবে সানজিদা লিজা তাঁর বক্তব্যে বলেন, ‘ছায়া যুব সংসদের এ অধিবেশনে আমরা আমাদের মতামত দেওয়ার একটি চমৎকার সুযোগ পেয়েছি। আমি মনে করি বাংলাদেশের জাতীয় সংসদেও যুবসমাজের মতামত গ্রহণ করা উচিত।’
এই ছায়া সংসদ অধিবেশনে শুধু শিক্ষার্থীরাই ছিলেন না, ছিলেন সত্যিকারের সাংসদেরাও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ।
এ ছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রত্যেক যুব সাংসদকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।