তারুণ্যের ছোঁয়ায় হাসল স্ট্রবেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেতজুড়ে ছোট সবুজ গাছের সারি। গাছের কাণ্ড ভেদ করে বের হয়ে এসেছে হালকা সবুজ রঙের ফল। আবার কোনো গাছে পাতার ফাঁকে উঁকি দিচ্ছে লাল টসটসে পাকা স্ট্রবেরি। আর চোখে স্বপ্ন নিয়ে খুব যত্নে পাকা ফলগুলো তুলছেন নাবিলা।হাটহাজারী থানার বড় দীঘিরপাড়ে স্ট্রবেরির এই খেত। সদ্য বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনো তিন বন্ধু নাবিলা তানজিনা, কাজী মো. ফয়সাল ও মো. মঞ্জুরুল ইসলাম এই খেতের মালিক। স্বাবলম্বী হওয়ার স্বপ্নে ১৬ গন্ডা জমিতে স্ট্রবেরি চাষ করেছেন তাঁরা। তাঁদের প্রতিষ্ঠানের নাম ‘গ্রাসহপার স্ট্রবেরি জোন’। এই তিন বন্ধুর মধ্যে নাবিলার ব্যস্ততাই সবচেয়ে বেশি এই খেত নিয়ে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটহাজারী মাঠে কাজ করেন। নিজের বাসা হালিশহরে ফেরেন সেই সন্ধ্যায়। ছাত্রী থাকতেই নাবিলার ঝোঁক সৃজনশীল এবং উৎপাদনমূলক কাজের দিকে, ব্যতিক্রমী কিছু একটা করার। ২০০৯ সালে প্রথম আলোর ‘ছুটির দিনে’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মনজুর হোসেনের লেখা স্ট্রবেরি চাষের সম্ভাবনার ওপর প্রতিবেদনটি তাঁর চোখে পড়ে। সেই থেকে স্বপ্ন দেখছেন। আর সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য ২০১১ সালে তিন বন্ধু রসায়নে স্নাতকোত্তর পড়া শেষ করে স্টবেরি চাষের সিদ্ধান্ত নেন। গত বুধবার বাংলাদেশের প্রথম স্ট্রবেরি নারী চাষি নাবিলার সঙ্গে কথা হয়। তিনি জানান, শুরুতে এক ব্যক্তির কাছ থেকে বড় দীঘিরপাড়ে ২৬ গন্ডা জমি এক বছরের জন্য লিজ নেওয়া হয়। স্ট্রবেরি চাষের জন্য তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক মনজুর হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর পরামর্শ আর ইন্টারনেটে পড়াশোনা করে স্ট্রবেরি চাষ, গাছ ও ফলনের পরিচর্যা সম্পর্কে জেনেছেন। নাবিলা জানান, গত বছরের নভেম্বরে চাষের প্রক্রিয়া শুরু হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকের কাছ থেকে তিন হাজার চারা কিনে নিয়ে ১৬ গন্ডা জায়গায় লাগান। দেড় মাসের মধ্যেই খেতে ফলন এসেছে। এখন প্রতিটি গাছেই ফল পাকছে। এ সপ্তাহের মধ্যেই বাজারজাত করা যাবে। ইতিমধ্যে নগরের বিভিন্ন সুপার শপ এবং কিছু রেস্টুরেন্টের সঙ্গে যোগাযোগ করে স্ট্রবেরি জোগানেরও ফরমাশ পেয়েছেন।খোঁজ নিয়ে দেখা গেছে, বাজারে কেজিপ্রতি স্ট্রবেরির দাম ৮০০ থেকে ৮৫০ টাকা। তাঁরা ধারণা করছেন ১৬ গন্ডা থেকে ৪০০ কেজি ফল পাবেন। কেজিপ্রতি গড়ে ৮০০ টাকায় বিক্রি হলে সব মিলিয়ে পাওয়া যাবে তিন লাখ ২০ হাজার টাকা। আর জমি লিজ নেওয়া, চারা, সার, কীটনাশক ও কৃষি সরঞ্জাম কেনা, মজুরিবাবদ এ পর্যন্ত প্রায় দেড় লাখের বেশি টাকা খরচ হয়েছে। এ ছাড়া স্ট্রবেরিগাছ এবং ফল অত্যন্ত স্পর্শকাতর। সহজে নষ্ট হয়। তাই অন্যান্য গাছ ও ফলনের চেয়ে বেশি তদারক করতে হয়েছে। সামনে আরও খরচাপাতি আছে। সব বাদ দিয়ে লাভ থাকবে এক লাখ ২০ হাজার টাকা। নিজের অভিজ্ঞতার কথা জানাতে নাবিলা বলেন, ‘উদ্যোক্তা হিসেবে সামাজিকভাবে অসহযোগিতাই মূল প্রতিবন্ধকতা। তা ছাড়া চড়া সুদের কারণে ব্যাংক ও এনজিওগুলোর ঋণ নেওয়া যায় না। সরকারি সহায়তা পেলে স্ট্রবেরির চাষ অত্যন্ত লাভজনক হতে পারে।নাবিলা জানান, স্ট্রবেরির চারা উৎপাদনেও হাত দিচ্ছেন তাঁরা। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।বাংলাদেশের মাটিতে স্ট্রবেরি চাষের উপযোগিতা সম্পর্কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ প্রণব ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, স্ট্রবেরি শীতপ্রধান দেশের ফল হলেও বাংলাদেশের মাটিতে এর চাষ সম্ভব। বাংলাদেশ গ্রীষ্ম ও বর্ষাপ্রধান দেশ হওয়ায় শীতকালই চাষ করার উপযুক্ত সময়। রসায়নে উচ্চশিক্ষা নিয়ে চাষাবাদে কেন এলেন জানতে চাইলে নাবিলা বলেন, ‘বাবা চট্টগ্রামের চা ব্যবসায়ীদের অন্যতম একজন ছিলেন। তিনি নেই। কিন্তু ব্যবসায়ী হওয়ার নেশা এখনো রয়ে গেছে আমার রক্তে। ভবিষ্যতে তৃণমূল পর্যায়ে মেয়েদের নিয়ে কাজ করার এবং তাঁদের স্বাবলম্বী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর জন্য প্রচুর পুঁজির দরকার। আর সেটি সম্ভব ব্যবসা করে।’