তারুণ্যের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্রোতের অনুষ্ঠানে গান করে দৃষ্টিপ্রতিবন্ধী আল আমিন। অনুভূতি জানান বিস্ক্যানের সভাপতি সাবরিনা সুলতানা
স্রোতের অনুষ্ঠানে গান করে দৃষ্টিপ্রতিবন্ধী আল আমিন। অনুভূতি জানান বিস্ক্যানের সভাপতি সাবরিনা সুলতানা

এক মঞ্চে চট্টগ্রামের ১২টি সংগঠন। যারা কাজ করে অসহায় মানুষের জন্য। তাদের মূল শক্তি তারুণ্যের উদ্যম। এসব সংগঠনের সদস্যরা ৫ ডিসেম্বর বিকেলে মিলিত হয়েছিলেন নগরের ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে। বর্ণনা করেছিলেন নিজেদের কাজের লক্ষ্য, উদ্দেশ্য ও সফলতা। তারুণ্যনির্ভর এসব সংগঠনকে এক মঞ্চে নিয়ে এসেছিল দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সহায়তাকারী সংগঠন ‘স্রোত’। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী ও প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে স্রোতের এ আয়োজনে উপস্থিত হয়েছিল সামাজিক সংগঠন ‘আমরা খাটি গরিব’, ‘থ্যাংকস’, ‘প্রজেক্ট কিট-ক্যাট’, ‘চারুলতা’, ‘ইরা’, ‘ইয়ুথ এনভারনমেন্ট ভলান্টিয়ার’, ‘চিঠি পেঁৗছে যাবে’, ‘ইয়ুথ ফর ওয়েলফেয়ার’, ‘সাত্ত্বিক’, ‘সহযাত্রীক’, ‘বিবর্তন’ ও ‘এখন সময়’। 
‘অদম্য মানুষদের সাফল্যগাথা’ শিরোনামের এ আয়োজন শুরু হয় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর ছিল কথামালার আয়োজন।
স্বাগত বক্তব্য দেন স্রোতের নির্বাহী পরিচালক স্বাগতম দাশগুপ্ত। এরপর নিজেদের অভিজ্ঞতার কথা বলেন প্রযুক্তিবিদ ভাস্কর ভট্টাচার্য্য ও বি-স্ক্যান সভাপতি সাবরিনা সুলতানা। তাঁদের কথামালা শেষে নিজের স্বপ্নের কথা নিয়ে মঞ্চে আসেন পঞ্চম শ্রেণির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মো. ফরিদ।
বিশ্বের নামকরা কোনো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে শিক্ষার বিস্তারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সে। এরপর দশম শ্রেণির দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্র আল আমিন গেয়ে শোনায় ‘চুলের বেণি দেইখা তারে বাইসাছিলাম ভালো’ গানটি। গান শেষে করতালিতে ফেটে পড়ে পুরো মিলনায়তন। এরপর বড় পর্দায় সংগঠনগুলোর বিভিন্ন কার্যক্রমের ছবি প্রদর্শন করা হয়। একে একে নিজেদের কার্যক্রম বর্ণনা করেন সংগঠনের প্রতিনিধিরা।
সবশেষে মিলনায়তন মাতাতে মঞ্চে আসেন ‘চিঠি পেঁৗছে যাবে’ ব্যান্ড দলের সদস্যরা। তাঁরা পরিবেশন করেন ‘তীরহারা ঢেউয়ের সাগর পাড়ি দেব’, ‘হাসিমুখ’, ‘চিঠি পেঁৗছে যাবে’ শিরোনামের গানগুলো।
এ আয়োজনের উদ্দেশ্য প্রসঙ্গে স্রোতের সদস্য কর্নিয়া কণা বলেন, ‘সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে অনেক কাজ করছে তরুণদের সংগঠন। এর মাধ্যমে ইতিমধ্যে সমাজে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। কাজের অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই আয়োজন।’