বরফবেষ্টিত পাহাড়ের ওপরে বাড়ি, সাজানো-গোছানো পার্ক আর বরফে ঢাকা রাস্তা! নরওয়ের ট্রনডেইম শহরের এ দৃশ্য কি ভাষায় বোঝানো সম্ভব! রাতের বর্ণিল আলোকচ্ছটা চোখ ধাঁধিয়ে দেয়। আর তা সুউচ্চ ভবন ‘স্টুডেন্ট সেম্ফুনা’র ওপর থেকে তাকালে মনে হতো, যেন মিটিমিটি তারা জ্বলছে।সেই স্টুডেন্ট সেম্ফুনা ভবন, যেখানে আমরা ১১৬ দেশের ৪৫০ জন শিক্ষার্থী এক ছাদের নিচে। প্রত্যেকের পরনের জাতীয় পোশাক যেন মনে করিয়ে দিচ্ছিল সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা। সেই ছাদের নিচে লাল-সবুজ পতাকা মাথায় জড়িয়ে দাঁড়িয়ে ছিলাম আমি, জাফরুল হাসান ও কাজী নোমান। আমরা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর সঙ্গে আরেক বাংলাদেশি শিক্ষার্থী, লন্ডন ইউনিভার্সিটির রাফি। চোখ ধাঁধানো নরওয়েজিয়ান সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্কেস্ট্রার সুর, মাতিয়ে তোলা কনসার্টের মাধ্যমে শুরু হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফেস্টিভ্যাল ইন ট্রনডেইম-২০১৩ (ইসফির্ট-১৩) এর উদ্বোধনী অনুষ্ঠান। ফেব্রুয়ারি ৭ থেকে ১৭ তারিখ। শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘ইসফির্ট-১৩’ উৎসবটি অনুষ্ঠিত হলো নরওয়েতে। কী ছিল না এতে? ওয়ার্কশপ, বিশ্বনেতাদের সঙ্গে পরিচিতি, চলচ্চিত্র, গল্প বলা, শান্তি পুরস্কার প্রদান এবং মজার মজার খেলা। এ রকম অনবদ্য সব বিষয় দিয়ে সাজানো ছিল ১১ দিনের এই আন্তর্জাতিক উৎসব।ওয়ার্কশপ গ্রুপে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত ছিলাম আমরা। নির্দিষ্ট বিষয়ের ওপর আমাদের আলোচনা হতো। শিক্ষার্থীরা তাঁদের দেশের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করত। পৃথিবীকে নতুন করে গড়তে নতুন নতুন ধারণা বের করাই ছিল মূল কাজ। উৎসবের আকর্ষণীয় অংশ ছিল ‘প্ল্যানারি সেশন’। এতে বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা যেমন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপদেষ্টা জন হোপ ব্র্যায়ন, যুক্তরাজ্যের ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের জন ক্রিশ্চিয়ানের মতো ব্যক্তিদের সঙ্গে কথা বলার সুযোগ ছিল, যা বিশ্বের বিভিন্ন দেশের সমস্যা নিয়ে ভাবতে শেখাল নতুন করে।কেউ যদি আমাকে প্রশ্ন করেন, কী পেলেন এই উৎসব থেকে? প্রথমত, অবশ্যই আমি বলব, পৃথিবীজুড়ে অকৃত্রিম একদল বন্ধু পেলাম। বিভিন্ন নেতাদের কাছ থেকে দেখলাম ও শিখলাম। বন্ধুদের কাছ থেকে জানলাম তাঁদের দেশ সম্পর্কে। আরও যদি বলতে হয়, তবে কাজী নোমান কিংবা জাফরুলের মতো করে বলি, ‘ইউরোপীয় সংস্কৃতির নানান দিক সম্পর্কে জানতে পেরেছি এই উৎসব থেকে এবং জানাতে পেরেছি বাংলাদেশের কথাও।’