তারুণ্যের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোহায় বাংলাদেশের পতাকা হাতে (বাঁ থেকে) ইয়ামিন হামিদ, নিশাত রায়হান, আরিফ চৌধুরী ও এলাহি রওশন
দোহায় বাংলাদেশের পতাকা হাতে (বাঁ থেকে) ইয়ামিন হামিদ, নিশাত রায়হান, আরিফ চৌধুরী ও এলাহি রওশন

কাতারের দোহায় পা রাখার পরই বুঝতে পারি, এ শহর কল্পনার চেয়েও সুন্দর। এত পরিপাটি, এত ঝলমলে, এত দৃষ্টিনন্দন একটা শহর হয় কী করে! মরুর দেশে এক টুকরো মরূদ্যান। সত্যিই কল্পনাকেও হার মানিয়েছে দোহা। দোহার এই অনিন্দ্য সৌন্দর্য দেখার উপলক্ষ তৈরি করে দিয়েছে ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান সামিট। এই সম্মেলনের ওপর আয়োজিত গ্লোবাল ইয়ুথ কন্সালটেশনে অংশ নিতে ৩১ আগস্ট গিয়েছিলাম কাতারের দোহায়।
যুক্তরাষ্ট্র, উগান্ডা, চেক রিপাবলিক, ইউক্রেন, কোরিয়া, জিম্বাবুয়ে, কানাডা, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, নেপালসহ ৮২টি দেশের প্রায় ২০০ জন প্রতিনিধি মূল আয়োজনে অংশ নেন। ২২-২৯ বছর বয়সী ২০০ তরুণের মধ্যে বাংলাদেশ থেকে আমরা ছিলাম পাঁচজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরিফ চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এলাহি রওশন, কমনওয়েলথ ইয়ুথ কাউন্সিলের তাস্মিয়া দোলা, বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির মোহাম্মদ ইয়ামিন হামিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারিবিলিটি স্টাডিজ থেকে আমি নিশাত রায়হান।
দোহায় ১ ও ২ সেপ্টেম্বর ‘গ্লোবাল ইয়ুথ কনসালটেশন অন ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান সামিট’ অনুষ্ঠিত হয় কাতার ফাউন্ডেশন এবং রিচআউট টু এশিয়া (রোটা)-এর উদ্যোগে। দুই দিনব্যাপী এই সম্মেলনের মূল থিম ছিল চারটি: কীভাবে বিভিন্ন দেশের মানুষের মানবিক সমস্যা দূর করা যায়, কীভাবে যুদ্ধবিগ্রহে আক্রান্ত মানুষের প্রয়োজন পূরণ করা যায়, নতুন চিন্তাধারার বিনিময় এবং মানবিক বিপর্যয় মোকাবিলা ও ব্যবস্থাপনা। এসব বিষয়ে তরুণেরা কী করতে পারে, তাদের করণীয় কী, তা-ই ছিল মূল আলোচ্য বিষয়। এই আয়োজনে বাংলাদেশের যুব প্রতিনিধি হয়ে আমি প্যানেলিস্ট হিসেবে চতুর্থ থিমের ওপর আলোচনা করার সুযোগ লাভ করি। ২২-২৯ বছর বয়সী যুবসমাজের ভূমিকা এবং চিন্তাভাবনাগুলো একত্রভাবে লিপিবদ্ধ করা হয় এখানে।
জাতিসংঘ আয়োজিত ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান সামিট-২০১৬ অনুষ্ঠিত হবে ইস্তাম্বুলে। দোহা সম্মেলনে আলোচনা, বিশ্লেষণ, প্রশ্ন-উত্তরের মাধ্যমে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হয় এবং এটা রিপোর্ট আকারে লিপিবদ্ধ করা হয়, যা ইস্তাম্বুলে অনুষ্ঠেয় সামিটে পেশ করা হবে এবং এ থেকে নতুন নীতিমালা তৈরি ও গ্রহণ করা হবে।
সম্মেলন শেষে আমরা কাতার ইসলামিক আর্ট মিউজিয়াম, সিটি সেন্টার, সউক ওয়াকিফ আর্ট সেন্টার ঘুরে দেখেছি। অপূর্ব সব স্থাপনা আর সংগ্রহশালা।
এই সম্মেলনে নানা দেশের নানা বর্ণের মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়। মনে পড়ছে যুক্তরাষ্ট্রের মারুয়েন বাকিত, দক্ষিণ আফ্রিকার ভিকার সিন, উজবেকিস্তানের মিরজালল মিরসাবিতভ, সিয়েরা লিওনের কফি এবহাসহ আরও অনেকের কথা।
দক্ষিণ আফ্রিকার বন্ধু ভিকার সিনের সঙ্গে পরিচয়ের পর যখন বললাম, আমি বাংলাদেশ থেকে এসেছি তখন তিনি চোখ গোল গোল করে বলল, ‘ও...বাংলাদেশ! আমি তো বাংলাদেশ ক্রিকেট দলের মহাভক্ত! তোমরা ইদানীং দুর্দান্ত খেলছ! আমাদেরও হারিয়ে দিয়েছ!’
এরপর যখন সিয়েরা লিওনের কফি এবহার সঙ্গে কথা বলছিলাম, তখন ও জানাল, তাদের এলাকায় ড. ইউনূসের ক্ষুদ্রঋণ প্রকল্প চালু করা হয়েছে। এবহারের কথায় উচ্ছ্বাস, ‘আমি তোমাদের বাংলাদেশ ও ড. ইউনূসকে ভীষণ সম্মান করি।’
সবচেয়ে বেশি বিস্মিত হয়েছি উজবেকিস্তানের মিরজালল মিরসাবিতভের কথায়। ‘আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পড়াশোনা করেছি। জেনেছি। ভবিষ্যতে যদি কখনো বাংলাদেশে যাওয়ার সুযোগ হয় আমি সবার আগে তোমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর দেখতে চাই।’
বিদেশি বন্ধুদের কাছ থেকে নিজের দেশ সম্পর্কে এমন সব কথা শুনলে কার না গর্বে বুক ভরে ওঠে! আমার তাই বিস্ময়ের ঘোর কাটে না।
মাত্র কয়েক দিনের সফর কিন্তু আমার স্মৃতিতে তা সারা জীবন উজ্জ্বল হয়ে থাকবে নিঃসন্দেহে।