তারুণ্যের জয়গানে জমজমাট তিন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়েটের মঞ্চে শিক্ষার্থীদের পরিবেশনা
চুয়েটের মঞ্চে শিক্ষার্থীদের পরিবেশনা

সময়টা সত্তর দশকের। প্রেমে পড়েন দুই তরুণ-তরুণী। দেখা তো দূরে, চিঠি দেওয়া–নেওয়াও দুষ্কর। তারপরও থেমে থাকেনি ভালোবাসা। দূরে থাকায় বন্ধনও ছিল দৃঢ়। আর এখন ফেসবুক-মুঠোফোনে সহজ যোগাযোগ। যখন-তখন দেখা-সাক্ষাৎ। কিন্তু বন্ধন একেবারে নড়বড়ে। এটি রং নামের একটি টেলিছবির কাহিনি। দুটি সময়কে ধরার চেষ্টা ছিল গল্পের বাঁকে বাঁকে।
১ ঘণ্টা ১৭ মিনিটের টেলিছবিটি দেখানো হয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবের সমাপনী দিনে। শুধু টেলিফিল্ম প্রদর্শনী নয়, ছিল তিন দিনের নানা আয়োজন। উৎসবটির আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি ও প্রথম আলো। এতে দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রা, নাটক, আলোকচিত্র প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজনে জমজমাট উৎসবে মেতে ছিল চুয়েট।
৩০ মার্চ বিকেল পাঁচটায় বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এর উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী এবং বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম বলেন, সংস্কৃতি ও সাহিত্যচর্চার মাধ্যমেই শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে গড়ে তোলা সম্ভব।
বিশ্বজিৎ চৌধুরী বলেন, খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চা না থাকলে তরুণেরা হতাশায় ভোগে। সংস্কৃতিমান মানুষই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে।
কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, মানব মনের বিকাশে সংস্কৃতির অবদান অনস্বীকার্য। এই আয়োজনে সংস্কৃতির চেতনায় দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্র হয়েছে। এই তরুণ নেতৃত্বই দেশ ও জাতিকে আলোর পথে নিয়ে যাবে।

চুয়েটের মঞ্চে শিক্ষার্থীদের পরিবেশনা
চুয়েটের মঞ্চে শিক্ষার্থীদের পরিবেশনা

উৎসবের দ্বিতীয় দিন ৩১ মার্চ ছিল আলোকচিত্র প্রদর্শনী, নাচের কর্মশালা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী। এবারের আলোকচিত্র প্রদর্শনীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ দেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আলোকচিত্র প্রদর্শিত হয়েছে। পাশাপাশি বিকেলে চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজন করা হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর। এতে সত্তা, রাজকন্যা, পুতুল নাচসহ ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও প্রিমিয়ার বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবের শেষ দিন ১ এপ্রিল বেলা দুইটায় চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে প্রদর্শিত হয় টেলিছবি রং–এর উদ্বোধনী প্রদর্শনী। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই টেলিছবি হলভর্তি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।
এরপর বিকেল চারটায় কেন্দ্রীয় মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মশিউল হক ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক সজল চন্দ্র বণিক।
সন্ধ্যা ছয়টা থেকে চলে সাংস্কৃতিক পরিবেশনা। আসরে গান করেন ব্যান্ডদল বে অব বেঙ্গল, হাওলাতি ও আবর্তন–এর শিল্পীরা। জমজমাট কনসার্টের মাধ্যমে পর্দা নামে উৎসবের।
তিন দিনের এই আয়োজন সম্পর্কে জানতে চাইলে জয়ধ্বনির প্রধান সমন্বয়ক ও চুয়েটের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক সজল চৌধুরী বলেন, ‘আমাদের দেশে বর্তমানে অপসংস্কৃতির বিস্তার ঘটেছে। তরুণদের মাঝে সুস্থ সংস্কৃতির ইতিবাচক দিক তুলে ধরার জন্যই এমন আয়োজন করা হয়েছে।’