তারুণ্যের জয়গানে দুর্নীতির বিরোধিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুব সমাবেশ, গান, কবিতা, নাটক, কার্টুন ও তথ্য প্রদর্শনীর মধ্য দিয়ে ১০ ফেব্রুয়ারি ডিসি হিল চত্বরে অনুষ্ঠিত হয় দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘দুর্নীতি একুশের চেতনার পরিপন্থী’। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে তোলা।
সকাল ১০টায় দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী এবং ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্কের উদ্বোধন করেন সনাক সভাপতি মো. দেলোয়ার হোসেন মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, সহকারী অনুষ্ঠান ব্যবস্থাপক জাফর সাদেক চৌধুরী ও সহকারী ব্যবস্থাপক শাহেদা আক্তার।
বিকেল সাড়ে চারটায় ডিসি হিলের মুক্তমঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতে মঞ্চস্থ হয় দুর্নীতিবিরোধী নাটক ‘ধিক শতবার’। সন্ধ্যা ছয়টায় শুরু হয় যুব সমাবেশ ও সংগীতানুষ্ঠান। যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন সনাক উপদেষ্টা পরিষদের সদস্য ও ইস্ট-ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিকান্দার খান। এ ছাড়া উপস্থিত ছিলেন সুভাষ চন্দ্র বড়ুয়া, শাহরিয়ার খালেদ এবং স্বপন মাহমুদ।
সংগীতানুষ্ঠানে সাদিকুল ইসলাম, সাবরিনা সাবা, আবদুর রহিম ও টিনা বিশ্বস বেশ কয়েকটি গান পরিবেশন করেন। কবিতা আবৃত্তি করেন জিহাদুল হক। আঞ্চলিক গান গেয়ে দর্শকদের আনন্দ দেন প্রেমসুন্দর বৈষ্ণব। সবশেষে প্রেমসুন্দর ও টিনা বিশ্বাস দ্বৈত সংগীত পরিবেশন করেন।