
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর সঞ্জয় মজুমদার ২০১৪ সাল থেকে প্রতি মাসে কোনো না কোনো নিয়োগ পরীক্ষার জন্য রাত জেগে ঢাকায় আসেন। তাঁর মতো অনেকেই দেশের নানা প্রান্ত থেকে নিয়োগ পরীক্ষা দিতে নিয়মিত ঢাকায় পাড়ি জমান। তাঁদের অনেকেরই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির বাইরে কোনো বাড়তি দক্ষতা নেই। নিয়োগও পান না।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে দেশের প্রায় পৌনে পাঁচ কোটি কর্মক্ষম লোক কর্মহীন।
সৃজনশীল ও উদ্যমী তরুণদের দিকনির্দেশনা দিতে শুরু হচ্ছে ‘প্রথম আলো-ক্রাউন সিমেন্ট তারুণ্যের জয়োৎসব’। আজ সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের মিলনায়তনে এটি উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ক্রাউন সিমেন্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর কবীর। মো. আলমগীর কবির বলেন, ‘দেশের ভবিষ্যৎ চালিকাশক্তি তরুণেরা। অথচ সঠিক নির্দেশনার অভাবে অধিকাংশ তরুণ লক্ষ্যহীন এবং অনেক ক্ষেত্রে হতাশাগ্রস্ত। তাই তরুণদের সঠিক নির্দেশনা দিতে এবং তাঁদের সৃজনশীলতাকে বিকশিত করতে এই উদ্যোগ।’
উদ্বোধন অনুষ্ঠানে আরও থাকবেন আইপিডিসি ফাইন্যান্সের হেড অব ব্র্যান্ড ও করপোরেট কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌস, ৩৬তম বিসিএস পরীক্ষায় প্রশাসনে প্রথম ইসমাইল হোসেন, নৃত্যদল তুরঙ্গমীর পরিচালক পূজা সেনগুপ্ত, জুমশেপারের প্রধান নির্বাহী কাওসার আহমেদ ও এমআইটি স্নাতক তামান্না ইসলাম।