তারুণ্যের তুলিতে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ দিনের চীন সফর শেষে আমরা সবে দেশে ফিরলাম। এখনো স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে প্রতিটি ক্ষণ। চীন সফরের সবচেয়ে উল্লেখযোগ্য ছিল আর্টক্যাম্প ও প্রদর্শনী, যেখানে আমরা ছয়জন শিল্পী ‘বিউটিফুল চায়না’ শিরোনামে চারটি করে ছবি আঁকি। প্রত্যেকের আঁকা ছবিই ব্যাপকভাবে প্রশংসিত হয়। যে ছবিগুলো দিয়ে পরে ‘গো-জোন আর্ট গ্যালারিতে’ ১৩-১৫ নভেম্বর একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর আগে ৭ থেকে ১২ নভেম্বর সং জুয়াং আর্ট জোনে অনুষ্ঠিত হয় ছয় দিনব্যাপী আর্টক্যাম্প। শিল্প-অভিজ্ঞতা বিনিময়ের জন্য এটি ছিল চমৎকার এক আয়োজন। এর মধ্য দিয়ে আমরা চীনের বিখ্যাত শিল্পী ও তাঁদের কাজের সঙ্গে পরিচিত হই এবং তাঁদের ঐতিহ্যবাহী শিল্প সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করি। এখানে বাংলাদেশের শিল্পী ও শিল্পচর্চা সম্পর্কে সংক্ষেপে আমরাও আলোচনায় অংশ নিই। চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চায়না-বাংলা ফ্রেন্ডশিপ সেন্টারের উদ্যোগে বাংলাদেশে আয়োজন করা হয় ‘বিউটিফুল বাংলাদেশ-বিউটিফুল চায়না’ শিরোনামে তরুণ শিল্পীদের একটি চিত্র প্রতিযোগিতা। শতাধিক তরুণ শিল্পীর চিত্রকর্ম মূল্যায়ন করে ছয়জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। বিজয়ী তরুণ শিল্পীরা হলেন মিন্টু কুমার দে, ওয়ারিয়র রহমান, রুহুল করিম, তাহমিনা হাফিজ, নাজমুল হক ও ফারহানা ইসলাম। বিজয়ী শিল্পী হিসেবে আমরা চীন সরকারের আমন্ত্রণে ১৭ দিনের সফরে চীন ভ্রমণ, শিল্পচর্চা ও শিল্প কর্মশালায় অংশগ্রহণের সুযোগ লাভ করি।কয়েক দিনের ঝোড়ো প্রস্তুতি শেষে যাত্রাপথে মেঘের রোমাঞ্চকর খেলা আর পাখির চোখে পৃথিবীর রূপ দেখতে দেখতে পৌঁছে গেলাম বিশ্বের উদীয়মান পরাশক্তির দেশ চীনে। তরুণ শিল্পী হিসেবে দেশের সীমানায় প্রচুর ছবি এঁকেছি। কিন্তু ভিনদেশ ঘুরে ঘুরে ছবি আঁকার চিন্তা ভেতরে প্রচণ্ড উত্তেজনা ও কৌতূহল তৈরি করছিল। সেই কৌতূহলের অনেকটাই পুষিয়ে দিয়েছে চীনের এই সফর। চায়না ন্যাশনাল মিউজিয়াম, সেন্ট্রাল একাডেমি অব ফাইন আর্টস; বেইজিং, ৭৯৮ আর্ট জোন, স্টোন ফরেস্ট, গ্রেটওয়াল, ফরবিডেন সিটি, টেম্পল অব হ্যাভেনসহ চীনের বিভিন্ন ঐতিহাসিক ও শিল্পসমৃদ্ধ স্থানে ভ্রমণ আমার অভিজ্ঞতাকে করেছে সমৃদ্ধ আর ছবি আঁকার আগ্রহকে করেছে উজ্জীবিত।চীনের ঐতিহ্যবাহী শিল্পশিক্ষা প্রতিষ্ঠান সেন্ট্রাল একাডেমি অব ফাইন আর্টস, বেইজিং পরিদর্শন ছিল আমাদের জন্য এক বড় ধরনের অভিজ্ঞতা। অনেক পুরোনো ও সমৃদ্ধ এই শিল্পশিক্ষালয়ের ব্যাপ্তি ও আয়োজন, আধুনিক উন্নত আর রুচিশীল উপস্থাপনায় মুগ্ধ না হয়ে পারা যায় না। এর মধ্যেও গর্ব করার বিষয়, বিশ্বশিল্পের বাজারে আমাদের শিল্পের কদর দিনে দিনে বেড়েই চলেছে। চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রদর্শনীতে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করে সমগ্র আয়োজনে আমাদের শিল্পকর্ম ও বাংলাদেশের শিল্পচর্চা নিয়ে মনোগ্রাহী আলোচনা করেন। চীনের প্রাচীরে বসে ছবি আঁকা, সেখানে হারিয়ে যেতে যেতে উদ্ধার হওয়া, নতুন নতুন শিল্পী বন্ধুর সঙ্গে পরিচয়, অভিজ্ঞতা বিনিময়, নানা মজাদার স্বাদের খাবার খাওয়া, হইচই, আড্ডা আর অনেক টুকরো টুকরো ঘটনা আমাদের স্মৃতির ডায়েরিতে জমিয়েছে আনন্দদায়ক অভিজ্ঞতা। চীনাদের আতিথেয়তাও ছিল মুগ্ধ করার মতো। ১৭ দিনের সফরে অনেকের সঙ্গে তৈরি হয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাঁদের সরলতাপূর্ণ আন্তরিক ব্যবহার চিরস্মরণীয়। তাই আমরা ফেরত আসার পথে কয়েকজন শিল্পীবন্ধুকে চোখের জলে সিক্ত হতে দেখলাম। এত ভালো লাগা, বন্ধুত্ব, ছবি আঁকা আর অনেক অনেক স্মৃতি বুকে নিয়ে ১৭ নভেম্বর আমরা প্রিয় স্বদেশের উদ্দেশে উড়াল দিলাম।