তারুণ্যের দক্ষতা বিকাশের নতুন আয়োজন
ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির চিফ ইন্সপিরেশনাল অফিসার গোলাম সামদানি ডন। এবিসি রেডিওতে ‘লুক হু ইজ টকিং উইথ ডন সামদানি’ নামে একটি অনুপ্রেরণামূলক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছেন তিনি। তরুণদের জন্য এই আয়োজনের প্রেক্ষিতে তাঁর সঙ্গে কথা হলো স্বপ্ন নিয়ের।
এবিসি রেডিওতে তরুণদের জন্য একটি অনুষ্ঠান শুরু করছেন শুনলাম। কী থাকবে এ অনুষ্ঠানে?
আমরা ২০১৮ সালে এই অনুষ্ঠান প্রথম শুরু করি। করোনার সময় কিছুদিন বিরতি ছিল। আবার শুরু হচ্ছে। প্রতি বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রচারিত হবে। এবার আমাদের আয়োজনের সহযোগী স্বপ্ন সুপার শপ। অনুষ্ঠানে আমরা সমাজের নানা ক্ষেত্রের আলোচিত ব্যক্তিদের তরুণদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছি। সফলদের এগিয়ে যাওয়ার গল্প, তাঁদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আগের কথা, ঘাত-প্রতিঘাত, স্বপ্ন-কষ্ট, সাফল্যের কৌশলের বিষয়গুলো তরুণদের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা থেকে এই আয়োজন।
কারা অংশ নেবেন?
শিক্ষা, ক্রীড়া, করপোরেট প্রতিষ্ঠান থেকে শুরু করে নানা ক্ষেত্রের শীর্ষ ব্যক্তিত্ব, তারকা ও অনুপ্রেরণাদায়ী মানুষেরা এই অনুষ্ঠানের মাধ্যমে তরুণদের প্রশ্নের উত্তর দেন। এর আগে গায়ক তাহসান, অভিনেত্রী নাবিলা, রাজনীতিবিদ নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলকসহ অনেকেই এই আয়োজনে অংশ নিয়েছেন। এবার আরও বহুমুখী অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা তাঁদের গল্প শোনাবেন। এ ছাড়া কর্মক্ষেত্রে সফল হতে হলে কী কী কারিগরি দক্ষতা ও কৌশল শেখা প্রয়োজন, তা নিয়েও আলোচনা করব আমরা।
করোনাকালে আপনি কীভাবে নিজেকে উজ্জীবিত রাখছেন?
প্রতিদিনই কিছু না কিছু জানার, শেখার চেষ্টা করেছি। যা শিখেছি তা ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। ঘরবন্দী সময়ে অনলাইনে নেটওয়ার্ক গড়ার পেছনে সময় দিয়েছি।
আপনার জীবনে প্রভাবে তৈরি করছেন, এমন ব্যক্তিত্ব কারা?
প্রয়াত মেয়র আনিসুল হক ও তাঁর স্ত্রী রুবানা হকের অধীনে আমি ছাত্রজীবনে কাজ করেছি। কীভাবে কাজ করতে হয়, মানুষকে অনুপ্রাণিত করতে হয়, তা আমি আনিসুল হকের কাজ থেকে জেনেছি। তিনি নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁকে দেখে শেখার অনেক কিছু আছে। এ ছাড়া গায়ক তাহসানের সৃজনশীলতা আমাকে দারুণভাবে প্রভাবিত করে। আমার জীবনে কোনো সংশয় তৈরি হলে আমি এই দুজনের কথা ও কৌশল আয়ত্ত করার চেষ্টা করি।
তরুণদের মধ্যে এ সময় কী কী চ্যালেঞ্জ বা সংকট দেখছেন?
করোনা আসলে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। করোনা মহামারির কারণে স্কুল-কলেজ বন্ধ, অনেক জায়গায় নিয়োগ স্থগিত, কাজের সুযোগ কম। শিক্ষাবর্ষে বিরতির কারণে হয়তো অনেকের মনোবল কমে গেছে। আবার সামনের নতুন সুযোগ তৈরির জন্যও তরুণেরা উদ্গ্রীব এখন।
আপনি তরুণদের কোন দক্ষতার প্রতি জোর দেওয়ার পরামর্শ দেবেন?
তরুণদের বড় একটা দক্ষতা হচ্ছে নেটওয়ার্ক তৈরির দক্ষতা। যাঁর নেটওয়ার্ক যত বড়, তাঁর কাজের মান ও বিকাশের সুযোগ তত বেশি। আমি সব সময় বিশ্বাস করি, নেটওয়ার্ক আপনার ‘নেট ওর্থ’, অর্থাৎ কাজের মূল্য বা নিজের প্রভাব বিস্তৃত করে। তরুণদের সব সময় বলি স্বেচ্ছাসেবামূলক নানা কাজে যুক্ত থাকতে। এতে যেমন অনেক কিছু শেখার সুযোগ আছে, তেমনি ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্যও একরকম প্রস্তুতি নেওয়া হয়ে যায়।