দুপুর গড়িয়ে তখন বিকেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেছনে নাটমণ্ডল এলাকাটিতে দেখা গেল কিছু কর্মব্যস্ত তরুণ-তরুণী। নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের নিয়মিত মহড়া চলে এখানে। নাটমণ্ডল মিলনায়তনে শিক্ষার্থীরা তাঁদের নাটক মঞ্চস্থ করেন। বাস্তবধর্মী নির্দেশনা ও দাপুটে অভিনয় দিয়ে তাঁরা ছিনিয়ে নেন দর্শকদের মনোযোগ। আর তাই প্রতিটি নাটকের জন্য চলে নিখুঁত পূর্বপ্রস্তুতি।সেই সঙ্গে কাজের ফাঁকে ফাঁকে চলে আড্ডা। জয়, সাকিব, স্বর্ণা, মম, আমিন, ইসরাত, ডিনা ও তাঁদের বন্ধুরা মেতেছে শেষ বিকেলের জমজমাট আড্ডায়। তাঁরা সবাই নাট্যকলা বিভাগের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী। সম্মান শেষ বর্ষের সমাপনী পরীক্ষার ৫০ শতাংশ রয়েছে ব্যবহারিক। ব্যবহারিক পরীক্ষায় প্রত্যেক শিক্ষার্থী নিজের নির্দেশনায় তৈরি করেন একটি নাটক। আর তা নিয়েই আয়োজন করা হয় নাট্যোৎসবের। ২০০২ সাল থেকে নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে এই উৎসবের।সেদিন আড্ডার সঙ্গে চলছিল নাট্যোৎসবের আয়োজন। সমাপনী বর্ষের ২৫ জন শিক্ষার্থীর ২৫টি ভিন্ন স্বাদের নির্দেশনা নিয়েই এবারের নাট্যোৎসব। নাটমণ্ডলে উৎসবের যেমনি হাওয়া বয়ে যাচ্ছে, তেমনি চলছে সুস্থ প্রতিযোগিতাও। তবে ২৫ জন শিক্ষার্থীর মধ্যে আছে গভীর বন্ধুত্ব ও মতৈক্য। ‘নির্দেশনা যাঁরই হোক না কেন, নাটকের আয়োজন তাঁরা করেন দলগতভাবেই।’ গর্ব করে বললেন মম। নাট্যকলা বিভাগটি নিয়ে অহংকারের শেষ নেই ইসরাতের। একটি নাটককে বাস্তবের কাছাকাছি নিয়ে আসতে হলে শুধু চরিত্রগুলোই নয়, নাটকের সমাজ, কাল, জীবনব্যবস্থার সবকিছুকেই অনুভব করতে জানতে হয়। আর তা-ই শিখেছি নাট্যকলা বিভাগ থেকে। ‘নাট্যকলা বিভাগ আমাদের খোলা চোখে, খোলা মন নিয়ে সমাজকে দেখতে শিখিয়েছে। স্বাধীনভাবে চিন্তা করতে শিখিয়েছে।’ বললেন স্বর্ণা। তবে নিয়মের কড়া বাঁধনে তাঁরা যে বাঁধা পড়েননি এমনটি ভাবলেও ভুল হবে। শিক্ষকদের বাঁধাধরা নিয়মের মধ্যে চলতে পেরেছেন বলেই ভবিষ্যতে হয়তো নির্ভুল কাজ করতে পারবেন—এমনই স্বপ্ন দেখেন তাঁরা। এর মধ্যেই আড্ডায় যোগ দিয়েছেন ‘শাশুড়ি ও বউমা’। দ্বিতীয় বর্ষে একটি নাটকে এতটাই প্রাণবন্ত অভিনয় করেছিলেন বন্ধুরা, এখনো ভুলতে পারেননি এ চরিত্র দুটোকে। তাই নাসরিন ও দিনাকে এখনো সবাই শাশুড়ি-বউমা বলে ডাকেন। স্বর্ণার গলায় হঠাৎ আফসোসের সুর। স্নাতক শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আজ অবধি ট্র্যাজিক চরিত্র ছাড়া অন্য কোনো চরিত্রে অভিনয় করার সুযোগ পাননি তিনি। সবাই এখন ট্র্যাজিক নায়িকা হিসেবে চেনে তাঁকে। রং নিয়ে ছোটাছুটি করতে দেখা গেল তানভিরকে। সেটের রং করায় ব্যস্ত তিনি। বন্ধুরা তাঁকে উপাধি দিয়েছেন রংমিস্ত্রি। যাঁর নাটকই হোক না কেন, সেট তৈরির সময় রংতুলি হাতে বসিয়ে দেওয়া হয় তাঁকে। শ্যামলের দাবি, এ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করেন তিনি। কারণ মঞ্চে আলো নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন তিনি। তাঁর নিয়ন্ত্রিত আলোর ব্যবহারই প্রতিটি নাটককে আরও সুন্দর করে দেয়। কাজ, আড্ডা আর খুনসুটির মধ্যে আবহসংগীতের মতো শোনা যাচ্ছে...সুরেলা কণ্ঠ। সারাক্ষণই কণ্ঠে গুন গুন সুর লেগে থাকে বলে বন্ধুরা নীলাকে সুরসম্রাজ্ঞী উপাধিতে ভূষিত করেছেন।‘ওই দেখ, নির্লিপ্ত ইমাম আসছে।’ বন্ধু মহলে ইমামকে সবাই নির্লিপ্ত ইমাম নামেই ডাকেন। অভিনয়ের সময় ইমামের চোখমুখে কোনো অভিব্যক্তি থাকে না। তাই তাঁর এ নাম জানালেন মম। পাল্টা শোধ তুললেন ইমাম, ‘অভিনয়ের মহড়ার সময় সারাক্ষণ আয়না দেখার কারণে মমর নাম হয়ে গেছে আয়না বিবি।’আড্ডার মধ্যে হঠাৎ গুরুগম্ভীর হয়ে গেলেন সাকিব। কিছুদিনের মধ্যেই তাঁর সমাপনী পরীক্ষা শেষ। দেখতে দেখতে শেষ হয়ে যাবে স্নাতকোত্তর পর্বের বছরটি। চাকরি নামের সোনার হরিণটির পেছনে ছুটতে হবে সবাকেই। তবে একটাই স্বপ্ন, আজীবন থিয়েটারের সঙ্গে যুক্ত থাকা, জোরালো বক্তব্য সাকিবের। সাকিবের সঙ্গে আরও যোগ করলেন জয়। কিছুদিন পর সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়বেন। কেউ নির্দেশনায়, কেউ বা অভিনয়ে, সেট নির্মাণে দক্ষতা দেখাবেন কেউ, কেউ বা বিসিএস পাস করে বদলে ফেলবেন নিজের কাজের ক্ষেত্র। প্রিয় বন্ধুদের সঙ্গের এ সময়গুলো স্মৃতি হয়ে যাবে সবার কাছে।গল্পে গল্পে শেষ হয়ে আসছিল মঞ্চসজ্জার পূর্বপ্রস্তুতি। রিকশার হুডের মতো পাশাপাশি দুটি টিকিট বুথে বসে পড়লেন দুজন। টিকিট বিক্রি করতে ব্যস্ত তাঁরা। কিছুক্ষণ পরেই মিলনায়তন ভরে উঠবে দর্শকে। কখনো কখনো দেখা যায়, এত বড় হল কানায় কানায় পূর্ণ। মর্মস্পর্শী কাহিনি, মেধাবী নির্দেশনা, পরিপাটি মঞ্চসজ্জা, স্বতঃস্ফূর্ত অভিনয় শূন্য মঞ্চের ওপর পরিপূর্ণ করে তোলে একটি নাটককে। আর নিখুঁত সুন্দর এ নাটকগুলো তৈরি করার পেছনে থেকে যায় এমনই এক ঝাঁক কর্মোদ্যম শিক্ষার্থীর গল্প।