তারুণ্যের পছন্দ ব্র্যান্ডের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশনে অগ্রগামী তরুণ-তরুণীরা। ইন্টারনেটের বদৌলতে মুহূর্তেই জেনে নিচ্ছে হাল ফ্যাশনের খোঁজখবর। তাই তারুণ্যের প্রথম পছন্দ ব্যান্ডের দোকান। ক্যাটস আই, শৈল্পিক, আড়ং, মেনজ ক্লাব, হ্যান্ডিবাজার, দেশীদশ, ডায়মন্ড ওয়ার্ল্ড লাইফস্টাইল, জেন্টল পার্ক, আ্যাসটেসি, আর্টিসটি, ইয়েলো, লোটোর মতো জনপ্রিয় ব্র্যান্ডের দোকানগুলোর ক্রেতাদের মধ্যে তরুণের সংখ্যাই বেশি।
গত শুক্রবার সন্ধ্যায় নগরের সানমার ওশান সিটির নিচতলার মেনজ ক্লাবের বিক্রয়কেন্দ্রে কথা হয় সাদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘দামাদামি করে পোশাক কিনলে মনে হয় ঠকছি। আর ঈদের বাজারে দামাদামি করার সুযোগ নেই। তাই প্রতি ঈদে নির্দিষ্ট দামে দেশীয় ব্র্যান্ডের পোশাক কিনি।’
সানমার ওশান সিটির ক্যাটস আই বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক আবুল কাশেম জানান, আগের তুলনায় বিক্রি অনেক বেড়েছে এবং ক্রেতাদের বেশির ভাগই তরুণ। এ বছর তাঁদের স্ট্রাইপ ও চেক ডিজাইনের ক্যাজুয়াল শার্টই তরুণদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বলে জানান তিনি। এসব শার্টের দাম পড়বে ১ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। ক্যাটস আইয়ের বাহারি ডিজাইনের পাঞ্জাবি ও ফরমাল শার্টেরও বেশ চাহিদা রয়েছে।
বন্ধুকে নিয়ে জেন্টল পার্ক জিইসি শাখার বিক্রয়কেন্দ্রে কেনাকাটা করছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুমতাহিনা মমতাজ। তিনি বলেন, ‘ব্র্যান্ডের পোশাকের একটাই সুবিধা এটি মানে ভালো। প্রিয় মানুষকে ঈদ উপহার দিতে এসব পোশাকের জুড়ি নেই।’ তরুণীদের বেশি ভিড় দেখা গেল আড়ং, দেশীদশ ও ডায়মন্ড ওয়ার্ল্ড লাইফস্টাইলের বিক্রয়কেন্দ্রে। এখানে মেয়েদের শাড়ি পাওয়া যাচ্ছে ১ হাজার ৫০০ টাকা থেকে ৩০ হাজার টাকার মধ্যে। ১ হাজার ২০০ থেকে শুরু করে ১০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে সালোয়ার-কামিজ।
সানমার ওশান সিটির শৈল্পিকের বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক মো. শাহেদ জানালেন এবারের ঈদে তরুণদের ওয়েস্টার্ন ধাঁচের পাঞ্জাবির পছন্দের কথা। ১ হাজার ২৫০ থেকে ৩ হাজার ৫৫০ টাকায় পাওয়া যাচ্ছে এসব পাঞ্জাবি। এ ছাড়া আর্টিসটি, দেশীদশ, ইয়েলোর বিক্রয়কেন্দ্রেও বেচাকেনা চলছে দেদার।