তারুণ্যের বাতিঘর

সেদিন আকাশ ছিল মেঘের দখলে। সকাল থেকে বৃষ্টি পড়ছে বিরতিহীন। নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে যাওয়ার পথে ভাবছিলাম, শিক্ষার্থীদের দেখা পাব তো? ক্যাম্পাসে পা রাখতেই সংশয় কেটে গেল। প্রবল বর্ষণকে থোড়াই কেয়ার করে ছাত্রছাত্রীরা হাজির হয়ে গেছেন। ক্লাস, পরীক্ষা, প্রাণোচ্ছল আড্ডা, ভর্তির কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি—সবই চলছে পুরোদমে। ঐতিহ্যবাহী কলেজটির প্রাঙ্গণ আর দশটা দিনের মতোই তারুণ্যমুখর।
২৬ জুলাই, দুপুর ১২টা। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে ভাগ হয়ে গল্প করছিলেন শিক্ষার্থীরা। কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মাঠে প্যান্ডেল তৈরির কাজ চলছে। হিসাববিজ্ঞান বিভাগের সামনে গিয়ে দেখা গেল শিক্ষার্থীদের লম্বা লাইন। সেখানে লাইন ধরে ডিগ্রি (পাস) কোর্সের শিক্ষার্থীরা ফরম ফিলাপের টাকা জমা দিচ্ছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবনের দোতলায় বেঞ্চে বসে গল্প করছিল দ্বাদশ শ্রেণির ৮-১০ জন শিক্ষার্থীর একটা দল। শুরুতে তাদের সঙ্গেই আলাপ হলো। বিজ্ঞান বিভাগের ছাত্র মো. রোমান মিয়া দ্বাদশ শ্রেণিতে পড়ে। বলল, তোলারাম কলেজের সুনামের কথা ছোটবেলা থেকে শুনেছে। ইচ্ছা ছিল এই কলেজে পড়ার। স্বপ্ন পূরণ হয়েছে বলে সে বেশ খুশি। রোমান মিয়ার সহপাঠী মোহাম্মদ হোসেন সুযোগ পেয়ে বলছিল, ‘আমাদের কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেলসহ বিভিন্ন জায়গায় পড়ছে।’ এ বছর উচ্চমাধ্যমিকের ফলাফলে শিক্ষকেরা অবশ্য খুব একটা খুশি হতে পারেননি। ২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৬৬.৫২ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে ১৭ জন ও বাণিজ্য বিভাগ থেকে ৮ জন জিপিএ-৫ পেয়েছেন। তবে ছাত্রছাত্রীদের কাছ থেকে শিক্ষকেরা আরও ভালো ফল প্রত্যাশা করেছিলেন।
‘আমাদের কলেজের শিক্ষকেরা খুবই ভালো। আমাদের খুব ভালোভাবে গাইড করেন। নিয়মিত ক্লাস হয়।’ প্রশাসনিক ভবনের সামনের সিঁড়িতে দাঁড়িয়ে বলছিলেন স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ফাহিমা আক্তার। জানা গেল, ক্যাম্পাসে নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। শেখানো হয় নাচ। যাতায়াতের জন্য কলেজের নিজস্ব বাসের ব্যবস্থা আছে। কলেজের পরিবেশ শিক্ষার্থীদের পছন্দ। তবে না পাওয়াও আছে অনেক। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল, সামান্য বৃষ্টিতেই কলা ভবনে পানি উঠে যায়। বিজ্ঞান ভবনটির অবস্থাও নাজুক। একটি ছাত্রীনিবাস থাকলেও নেই কোনো ছাত্রাবাস। ছেলেদের একটা হল ছিল, সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বহু আগে। স্নাতক প্রথম বর্ষের ছাত্রী বিউটি আক্তার বলছিলেন, ‘কলেজে ক্যানটিন নেই। দূর থেকে খাবার কিনে এনে খেতে হয়। একটা ক্যানটিন আমাদের খুব প্রয়োজন।’

প্রশাসনিক ভবনের দোতলায় কম্পিউটার ল্যাব। সেখানে শিক্ষকের তত্ত্বাবধানে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা কম্পিউটারে কাজ করছিলেন। তৃতীয় তলায় চলছিল বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিভিন্ন পরিবেশনা নিয়ে হাজির হয়েছেন শিক্ষার্থীরা।
সরকারি তোলারাম কলেজ শিক্ষক সমিতির সম্পাদক জীবন কৃষ্ণ মোদক জানালেন, ১৯৩৭ সালে প্রায় চার একর জমির ওপর ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের গোড়াপত্তন হয়েছিল। ১৯৮০ সালের ১ মার্চ কলেজটিকে জাতীয়করণ করা হয়। এরপর দিনে দিনে বেড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিসর। বর্তমানে উচ্চমাধ্যমিক, ডিগ্রি (পাস) এবং নয়টি বিষয়ে প্রিলিমিনারি কোর্সসহ ১৪টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর চালু আছে। মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২১ হাজার, শিক্ষক আছেন ১৭২ জন। জীবন কৃষ্ণ মোদক বলছিলেন, ‘আমাদের শিক্ষার্থীরাই পরিচালনা করছে ভাষাচর্চা ক্লাব, উচ্ছ্বাস সাংস্কৃতিক গোষ্ঠী। সাংস্কৃতিক গোষ্ঠীর তত্ত্বাবধানে নাচ ও আবৃত্তির প্রশিক্ষণ দেওয়া হয়। নারায়ণগঞ্জ ছাড়াও কুমিল্লা, ফরিদপুর, শরীয়তপুর, বরিশালসহ বিভিন্ন জেলা থেকে এখানে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসেন। শিক্ষার্থীদের অনেকে পড়ালেখার পাশাপাশি খণ্ডকালীন চাকরিও করেন।’

বহু পুরোনো এই শিক্ষাঙ্গন থেকে পাস করে অনেক শিক্ষার্থীই এখন রাষ্ট্রীয় পর্যায়ে ভালো অবস্থানে আছেন। বেসরকারি প্রতিষ্ঠানেও সম্মানজনক পদে কাজ করছেন অনেকে। কলেজের সাবেক ছাত্রী ইশমত আরা স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে বিসিএস পাস করে নিজের কলেজেই শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন। পাওয়া-না পাওয়া মিলিয়েই সরকারি তোলারাম কলেজ শিক্ষার্থীদের বড় আবেগের জায়গা। তাই তো ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও তাঁরা সময়মতো হাজির হয়ে যান প্রিয় ক্যাম্পাসে।