>

ভালোবাসার জোয়ার আসে তরুণ বয়সেই। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নিয়ে কী ভাবছেন নগরের তরুণ-তরুণীরা, তা নিয়ে আজকের আয়োজন। কথা বলেছেন শিহাব জিশান
ভালোবাসি তোমাদের
স্বস্তিকা সেনগুপ্ত
স্নাতক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, দ্বিতীয় বর্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ভালোবাসার প্রকাশ শুধু দিবসকেন্দ্রিক হওয়া উচিত নয়। আমার দৃষ্টিতে ভালোবাসা প্রকাশ করা যায় যেকোনো সময়। আর এই ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকাতেই আবদ্ধ নয়। সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পর মা-বাবার সঙ্গে তৈরি আত্মিক বন্ধনে যে ভালোবাসার জন্ম নেয়, তার কোনো তুলনা নেই। সন্তানের প্রতিও মা–বাবার এই অকৃত্রিম ভালোবাসা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। বাবার কণ্ঠ, মায়ের কণ্ঠ সব সময় আমার কানে বাজে। তাঁরা যখন আদর করে আমাকে কাছে টানেন আর বলেন, ‘তোকে অনেক ভালোবাসি’, তখন পৃথিবীটা আশ্চর্য সুন্দর মনে হয়। আমি বছরের প্রতিটা দিন তাঁদের কাছ থেকে এই কথা শুনতে চাই।

ভালোবাসা সর্বজনীন
হারিছ উদ্দিন
স্নাতকোত্তর, আইন বিভাগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়
সবাই তার কাঙ্ক্ষিত মানুষটি পায় না। তবু এই সহজ সত্য মেনে নেওয়া প্রতিটি মানুষের পক্ষেই কঠিন। আমার জন্যও সেটা কঠিন ছিল। কিন্তু বাস্তবতাকে অস্বীকার করি কী করে! প্রতিটি ভালোবাসা দিবসেই আমার বিশেষ একজনের কথা মনে পড়ে। জীবনের প্রথম আবেগ ছিল তাকে ঘিরে। এই দিবসটি তাই আমার হারিয়ে যাওয়া ভালোবাসার গল্পের। তবে এখন আমার ভালোবাসা সর্বজনীন। এখন আমি ভালোবাসি প্রকৃতিকে, মানুষের সব ভালো কাজকে। এবারের ভালোবাসা দিবসের দিনটি কাটাব সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে, প্রকৃতির সান্নিধ্যে। এ বছরও নগরের সিআরবি এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস উদ্যাপন করব আমি।

দূরে থেকেও ভালোবাসা যায়
সায়মা আকতার
স্নাতক, ব্যবসা প্রশাসন বিভাগ, দ্বিতীয় বর্ষ, চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়
২০১৬ সালের ভালোবাসা দিবসের কথা। আমার বড় বোন শাহিদা আকতার এই দিনে আমাদের বাসায় ছিলেন। আর দুলাভাই ছিলেন দেশের বাইরে। দুবাই থেকেও দুলাভাই বিশ্ব ভালোবাসা দিবসের দিনে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন আপুকে। শুধু তা–ই নয়, সারপ্রাইজ হিসেবে এক পরিচিত আত্মীয়কে দিয়ে বাসায় পাঠিয়েছিলেন ফুল, উপহার আর কেক। আপু বিস্ময়ে হতবাক হয়েছিলেন। অবাক হয়েছিলাম আমিও। আপুর প্রতি দুলাভাইয়ের এমন ভালোবাসা আমাকে মুগ্ধ করেছিল। বুঝতে পেরেছিলাম, কাউকে দূরে থেকেও ভালোবাসা যায়। আমার কাছে ভালোবাসা মানে একটি পবিত্র বন্ধন, যে বন্ধনে আবদ্ধ হয়ে দুটি মন এক হয়।

ভালোবাসা মানেই বিশ্বাস
সামিহা ইকবাল
স্নাতক, ব্যবসা প্রশাসন বিভাগ, প্রথম বর্ষ, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়
দুজন মানুষের মাঝে বোঝাপড়া আর অগাধ বিশ্বাস ছাড়া ভালোবাসা কখনো স্থায়ী হয় না বলেই মনে করি আমি। আমার দৃষ্টিতে ভালোবাসা তখনই সত্যিকারের হয় যখন ভালোবাসার জন্য মানুষের মাঝে সন্দেহের বদলে বিশ্বাস জন্ম নেয়। আর ভালোবাসা দিবস হলো, এই ভালোবাসা প্রকাশের বিশেষ একটি দিন। এই বিশেষ দিনটি ঘিরে আমার কিছু সুখস্মৃতি রয়েছে। ২০১৫ সালের ভালোবাসা দিবসের দিনে বাসায় কেক এনে আমাকে অবাক করে দিয়েছিল আমার খালাতো বোন আদিবা। সেদিনই আমি প্রথম বুঝেছিলাম বোনের ভালোবাসাও তুচ্ছ নয়। আর গত বছরের ভালোবাসা দিবসের দিনে আমার বড় বোন সাফা ইকবাল আমাকে নিয়ে বেরিয়ে পড়েছিল শহর ঘুরতে। দুই বছরের দুটি ঘটনার পর আমি বুঝেছি, ভালোবাসার অনেক বড় অর্থ আছে।