তারুণ্যের মঞ্চ অনলাইন রেডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের প্রচার কে না চায়! লোকের মুখে নিজের প্রশংসা শুনে পাষাণেরও হূদয় গলে। চেনা-অচেনা মানুষের সঙ্গে ভাব ও নিজস্ব চিন্তাচেতনা বিনিময়ের বড় একটি মাধ্যম ফেসবুক। সামাজিক যোগাযোগের এ ওয়েবসাইটকে অনেকে নিজের প্রচারণার কাজেও লাগান। তেমনি বাংলা, ইংরেজি বিভিন্ন ব্লগসাইটেও লোকে নিজের মতামত তুলে ধরেন। কিন্তু অনলাইন রেডিও হচ্ছে এমন একটি মাধ্যম, যেখানে আপনি একাধারে ফেসবুক, ব্লগ ও বিনোদন সবই পাচ্ছেন।ধরুন, উঠতি কোনো শিল্পী প্রচারের অভাবে মানুষের কাছে পৌঁছাতে পারছেন না। অনলাইন রেডিওর মাধ্যমে সহজেই তিনি সেই সুযোগ নিতে পারেন। আবার ধারণ করা কোনো বার্তা অনেকের কাছে পাঠাতে অনলাইন রেডিও হতে পারে চমৎকার একটি মাধ্যম। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে পারে এ অনলাইন রেডিও। বেলজিয়ামে বসে তেমনি একটি অনলাইন রেডিওর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নাসিম-শরিফা দম্পতি। রেডিওর নাম দিয়েছেন বাংলাদেশ অনলাইন রেডিও। এর মূল স্লোগান হচ্ছে ‘অনলাইনে আপনার মঞ্চ’। চলতি বছরের ২৬ মার্চ চালু হয়েছে এটি। বাংলায় গান শোনা ও গাওয়া, নাগরিক সাংবাদিকতা, নতুন বন্ধু খোঁজা আর ব্লগ লেখার সুযোগ থাকছে অনলাইন রেডিওর এই সাইটে। নতুন প্রজন্মের কথা আর চিন্তাকে সবার সামনে তুলে ধরতে চায় বাংলাদেশ অনলাইন রেডিও। আর তাই মনের জানালা খুলে সবাইকে এই অনলাইন মঞ্চে অংশ নেওয়ার ডাক দিচ্ছে তারা। এই রেডিওর ওয়েবসাইটে বিশেষ একধরনের রেকর্ডিং সফটওয়্যার আছে, যার মাধ্যমে খুব সহজে কথা ধারণ করে পাঠিয়ে দিতে পারবে যেকোনো অংশগ্রহণকারী। সাধারণ মানুষ প্রতিদিন যেসব ভালো বা মন্দ অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, সেই কথাগুলোই বাংলাদেশ অনলাইন রেডিওতে রেকর্ড করে পাঠালে প্রচার করা হবে। পাশাপাশি সারা দেশে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিল্পী, যাঁরা সুযোগের অভাবে উঠে আসতে পারছেন না, তাঁদের গান প্রচার করতে চায় এই রেডিও। যেকোনো শিল্পী তাঁর গান রেকর্ড করে [email protected] এই ই-মেইল ঠিকানায় পাঠালে প্রচার উপযোগিতা যাচাই করে প্রচার করবে বাংলাদেশ অনলাইন রেডিও। এ ছাড়া www.bangladeshonlineradio.com এই ওয়েব ঠিকানায় ঢুকে যে কেউ এর সদস্য হতে পারবেন। বাংলাদেশ অনলাইন রেডিওর পরিচালক শরিফা সুলতানা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্রী। বললেন, ‘দেশের বাইরে বসে দেশের জন্য কিছু করার আগ্রহ থেকে আমি বাংলাদেশে নাগরিক সাংবাদিকতা বিষয়টিকে জনপ্রিয় করে তুলতে চাইছি। আমি মনে করি, এটি প্রবাসীদের জন্য বড় সুযোগ। এর মাধ্যমে তাঁরা বাংলা সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি বাংলাদেশ বিষয়ে বিভিন্ন মতামত খুব সহজে জানাতে পারবেন। আর বাংলাদেশের পাশাপাশি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ সাড়াও পাচ্ছি আমরা।’ ই-মেইল ঠিকানায়: [email protected]