তারুণ্যের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তুমি জাগলে তবে পোহাবে রাত, আসবে সুদিন আবার ধরে এ হাত’ গানের সুরে যেন জেগে উঠেছিলেন সবাই। বন্ধুসভার সাংস্কৃতিক দলের শিল্পীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গাইলেন নতুন দিনের সেই গান। বন্ধু আর বন্ধুতার আহ্বানে দীপ্ত প্রাণের উচ্ছ্বাসে সম্প্রতি হয়ে গেল চট্টগ্রাম বন্ধুসভার যুগপূর্তি উৎসব তারুণ্যের সম্মিলন। নগরের মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি মিলনায়তনে এ উপলক্ষে বসেছিল নতুন-পুরোনো বন্ধুদের মিলনমেলা। কথা, নাচ, গান, আবৃত্তিতে জমজমাট ছিল অনুষ্ঠানটি। বন্ধু সিরাজুম মুনিরার উপস্থাপনায় শুরু হয় কুইজ প্রতিযোগিতা। দর্শক-শ্রোতাদের মধ্যে টানটান উত্তেজনা। বন্ধুদের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা লেগে যায় মজার মজার সব কুইজের উত্তর দেওয়ার জন্য। এরপর এল কেক কাটার পালা। মঞ্চে আহ্বান জানানো হলো প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীকে। সঙ্গে ছিলেন সহসম্পাদক নাসির উদ্দিন হায়দার, প্রশাসনিক কর্মকর্তা মনজুর মোরশেদ, সম্পাদনা সহকারী আল রাহমান প্রমুখ। এ সময় মঞ্চ আলোকিত করলেন বন্ধুসভা সাংস্কৃতিক দলের একঝাঁক সদস্য। করতালি আর বেলুন ফাটানোর মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে কাটা হলো সুদৃশ্য কেকটি। কবি বিশ্বজিৎ চৌধুরী শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘১২ বছর আগে অঙ্কুরিত বন্ধুসভা এখন অনেক পরিণত। আশা করি সৃজনশীলতা, মুক্তবুদ্ধির চর্চা, প্রগতিশীল চিন্তা ইত্যাদির মাধ্যমে বন্ধুরা চট্টগ্রাম বন্ধুসভাকে দেশের সেরা সামাজিক সংগঠনের রূপ দেবে।’ বন্ধুদের শুদ্ধতার এ যাত্রা অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি। এরপর আলাউদ্দিন খোকনের প্রাণবন্ত সঞ্চালনায় শুরু হয় মিউজিক্যাল গেম্স শো। হাসি আর গানে গানে হাত বদল হতে থাকা মোড়কে ঢাকা উপহার অবশেষে জিতে নেন বন্ধু সামিয়া শাহিদী। বন্ধুসভার সাবেক সভাপতি ফাতেমা ইসলামের ১২ বছরের ফেলে আসা বন্ধুদের স্মৃতি রোমন্থন সৃষ্টি করে একটি আবেগঘন মুহূর্তের। আনন্দ আয়োজনে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন প্রথম আলোর প্রদায়ক ইসমত জাহান, বিবি জয়নাব ও শুভাশীষ পাল। এতে গান করেন বন্ধুসভার সদস্য শিবানী ঐশ্বরী, রনি চক্রবর্তী, সামিয়া, প্রিয়তোষ, ফয়সাল, নুসরাত, প্রিয়াংকা, মনি, ফাইজা ও সৈকত। হূদয়ছোঁয়া গানের তালে পুলক দেবদাশ, সুফিয়ান, আবরার, নাহিদা, সেলিনা, রুবেল ও সর্বকনিষ্ঠ বন্ধু তিতলির ছন্দহীন নাচে মিলনায়তনজুড়ে হাসির রোল পড়ে।