তারুণ্যের মুক্তি সংগ্রাম
জেগেছে বীর চট্টলা। প্রতিবাদী তারুণ্য নিয়েছে বিজয় শপথ। চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর প্রকম্পিত হাজারো কণ্ঠের গগনবিদারী স্লোগানে স্লোগানে। নগরের সব পথ এসে মিশেছে এখানে। একাত্তরের অগ্নিশিখায় নতুন জাগরণ। সবার কণ্ঠে এক দাবি, এক সুর—‘কাদের মোল্লার ফাঁসি চাই,’ ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’, ফাঁসি ফঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই,’ পাকিস্তানিদের প্রেতাত্মারা পাকিস্তানে ফেরত যা’। গত মঙ্গলবার যুদ্ধাপরাধী কাদের মোল্লার রায় ঘোষণার পর তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানাতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে জড়ো হয় প্রতিবাদী জনতা। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেদিন দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করেন ‘এই রায় মানি না।’ এরপর গত বুধবার থেকে সেখানে শুরু হয় গণ-অবস্থান কর্মসূচি। বুধবার বিকেল থেকেই জনতার স্বতর্ঃস্ফূত অংশগ্রহণে গণ-অবস্থান রূপ নেয় গণসমাবেশে। প্রতিদিনই দুপুর গড়াতে মানুষ জড়ো হতে শুরু করে প্রেসক্লাব চত্বরে। প্রতিবাদী তরুণ, বাবার কোলে শিশু, পতাকা হাতে মুক্তিযোদ্ধা, স্কুল ব্যাগ কাঁধে নিয়ে ছাত্র, সংস্কৃতিকর্মী সবাই আসেন। শুরু হয় প্রতিবাদী গান। উড়তে থাকে লাল-সবুজের বিজয় নিশান। বীর মুক্তিযোদ্ধার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তরুণেরা স্লোগান দেয় ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার,’ ‘জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি,’ ‘মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই’। নতুন প্রজন্মরা চায় যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ। দাবি ওঠে ‘জামায়াত-শিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ কর’। গানে গানে জানান দেয় ‘এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে।’তারুণ্যের এই জোয়ারে যোগ দিতে আসেন রাজনীতিবিদ, শিক্ষক, বুদ্ধিজীবী, শিল্পী, সাংসদ ও মন্ত্রীরাও। সংহতি জানান এমন বাঁধ ভাঙা জোয়ারে। রাজাকারের ফাঁসির দাবিতে স্লোগানে কণ্ঠ মিলিয়ে যোগ দেন গণজোয়ারে। প্রতিবাদী তারুণ্য শপথ নেয় লড়াইয়ের। গত শুক্রবার বিকেলে শপথ বাক্য পাঠ করান শহীদ জায়া মুশতারী শফী। লাখো শহীদের রক্তের নামে নেওয়া শপথে নতুন প্রজন্মের যোদ্ধারা জানান, মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাব। জামায়াত ইসলামীসহ সকল ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা এবং ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজীবন লড়াই চালিয়ে যাব। বিজয় আমাদের সুনিশ্চিত।’কেন তারুণ্যের এমন ইস্পাত কঠিন শপথ? জানতে চাইলে এই প্রতিবাদী কর্মসূচির অন্যতম সূচনাকারী সামপ্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের আহ্বায়ক শরীফ চৌহান জানান, তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ করতে পারেনি। এটাই তাঁদের মুক্তিযুদ্ধ। তরুণ প্রজন্মের এই সংগ্রাম চলবেই। গণজাগরণে গণদাবি পূরণ না করে তারুণ্য ঘরে ফিরবে না।প্রেসক্লাব চত্বরে মুক্তিযোদ্ধা কাজী মো. নুরুল আবছার প্রথম আলোকে বলেন, ‘৭১ সালে আমরা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছি। আমি এতদিন হতাশ ছিলাম এই ভেবে যে, এই প্রজন্ম নীরব কেন? কিন্তু এই জাগরণ আমাকে অভিভূত করেছে। সরকারের উচিত দ্রুত এই গণজাগরণের প্রতি সম্মান জানিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করতে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া।’ গণসমাবেশে সবাই একই দাবিতে মুখর। সন্ধ্যা নামতেই অন্য রূপ নেয় জামালখান সড়ক। চেতনায় আলোর প্রতীক হয়ে জ্বলে ওঠে মোমবাতি আর মশাল। আলোর বৃত্ত তৈরি করে এর চারপাশে বসে একেকটি দল। সবাই গেয়ে ওঠে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গানগুলো। রাজপথে আঁকা হয় আলপনা। কেউ রক্তে লেখেন ‘কাদের মোল্লার ফাঁসি চাই।’ প্রতিদিন বানানো হয় রাজাকারের কুশপুত্তলিকা আর তা দাহ করা হয় ঘৃণার আগুনে।