তারুণ্যের মেলায় চার দিন
উচ্ছল তরুণের দল। মনে তাঁদের হাজারো জিজ্ঞাসা। প্রমাণও মিলল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী তাঁরা। একসঙ্গে এত তরুণের দেখা পেলাম ইউএসএইড আয়োজিত ‘স্টুডেন্ট আউটরিচ ট্যুর’-এ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের ২৪ জন শিক্ষার্থী ছাড়াও ছিলেন সেসব বিভাগের শিক্ষকেরা।১৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে একে একে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। তাঁরা কেউ অর্থনীতি বিভাগের, কেউ ভূগোল ও পরিবেশবিজ্ঞান, কেউবা লোকপ্রশাসন বিভাগের, আর বাকিরা শান্তি ও সংঘর্ষ বিভাগের। কারও জীবনের এবারই প্রথম একা বাইরে যাওয়ার অভিজ্ঞতা। কেউবা অভিজ্ঞের মতো আরেকজনকে সাহস জুুগিয়ে যাচ্ছেন। দুটি মিনিবাসে করে যাত্রা শুরু হলো চার দিনের এই ভ্রমণের। প্রথম দিনটা বাসেই কেটে গেল। চট্টগ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। সেদিন রাতেই খাওয়ার পর পরিচয়পর্বও সেরে নিলেন সবাই। বলা হলো, পরের দিনের কাজের পরিকল্পনা। খুব সকালেই বেরিয়ে পড়তে হলো ‘আশেকানে আউলিয়া মাদ্রাসা ও এতিমখানা’ দেখতে। এই মাদ্রাসার ইমামদের ইউএসএইডের অর্থায়নে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তাঁরা সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। এখানে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন ইমামেরা।এরপর বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্ট (বিটা) দেখতে যাই। গ্রামের মেঠোপথ দিয়ে খানিকটা হাঁটতেই নিরিবিলি পরিবেশে এর কার্যালয়। তৃণমূল পর্যায়ের শিল্পীদের তুলে এনে কাজ করেন তাঁরা। এর মাধ্যমে আবার সমাজে সচেতনতা সৃষ্টির কাজ করছেন। সেখানকার একটি দল পরিবেশন করল নারী পাচার রোধবিষয়ক নাটক। তাদের অভিনয় হূদয় কাড়ে সবার। বাস আবার যাত্রা শুরু করল নির্মল ফাউন্ডেশনের উদ্দেশে। ইউএসএইডের প্রগতি এই সংস্থাকে অর্থায়ন করে থাকে। দেশের নানা ক্ষেত্রের দুর্নীতি নিয়ে এই তরুণেরা প্রশ্ন করেন। কেউ সঠিক উত্তর পেয়ে যান, কারও কাছে আবার মনে হয়, আরও কিছু জানার ছিল। এই যাত্রাতেই বেরিয়ে আসে শিক্ষার্থীদের নানা মাত্রিক প্রতিভা। সজীবের গান, মনামি আর লাবিবার নাচ—সবই যেন এই যাত্রাপথের ক্লান্তিকে কমিয়ে দিয়েছিল। সুযোগ পেলেই হলো। বিভিন্ন ভঙ্গিমায় ছবি তোলা চাই। এসব ছবির মধ্যেই তো সেরা ছবি নির্বাচিত হবে। এমন ঘোষণা দিয়েছিল ইউএসএইড। পরের দিন খুব সকালে রওনা দেওয়া হলো টেকনাফের উদ্দেশে। হাইকিং করা নিয়ে সবার মধ্যে এক ধরনের উত্তেজনা ছিল। টেকনাফের গেম রিজার্ভ সংরক্ষিত এলাকা দেখে মন জুড়িয়ে যায়। সমন্বিত রক্ষিত এলাকা, সহব্যবস্থাপনা (আইপ্যাক) কর্মসূচি সম্পর্কে তাঁদের বিস্তারিত জানানো হয়। কীভাবে গাছ কাটা বন্ধ, পাচার রোধ করা যায় ইত্যাদি বিষয়ে জানতে চান শিক্ষার্থীরা। তাঁদের জানার আগ্রহ অসীম। আধঘণ্টার হাইকিং শেষে আবার যাত্রা শুরু। এঁরা সবাই ক্লাসের মেধাবী শিক্ষার্থী। এঁদের স্বপ্নগুলো টেকনাফের পাহাড়ের চূড়াগুলোকেও ছাড়িয়ে যায়। পুরো ভ্রমণের সবচেয়ে মজার সময় কেটেছে বাসে। টুম্পা, লাবিবা, মনামি, রাফি এবং তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন ইজাজ। এমনকি চুপচাপ আদিলাও বসে থাকতে পারেননি। রিফাত আর নূর ভাইয়ের কৌতুকও আনন্দ দিয়েছিল। বসে ছিলেন না কোরিয়া নাচে পুরস্কারপ্রাপ্ত অনিও। এমন একটা গানের সঙ্গে ওঁরা নেচেছিলেন, যা বাসের সবার প্রথম শোনা। কিন্তু তাতে কী। ছন্দ আছে তো। তাতেই চলবে। সেদিন সন্ধ্যায় কক্সবাজার শহরের এইডস বিষয়ে জনসচেতনতামূলক কাজ করে, এমন একটি সংস্থায় নিয়ে যাওয়া হয়। তাঁরা সেখানে এ বিষয়ে বিস্তারিত জানতে পারেন। ততক্ষণে রাত হয়ে গেছে। সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল। মনে হলো, কক্সবাজার শহরে সত্যিই এসেছি। এক দিন পর ২০ ডিসেম্বর শেষ হয়ে যাবে এই ভ্রমণ। এ নিয়ে মনটা একটু খারাপই ছিল সবার। কয়েক দিনে সবাই যেন সবার আপন হয়ে গিয়েছিল। মনেই হচ্ছিল না এর আগে কেউ কাউকে চিনত না। রাতের খাবারের পর লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম রবীন্দ্রসংগীত গেয়ে শোনান। ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সফি উল্যাহ তাঁর ছাত্রজীবনের গল্প শোনান। আর অর্থনীতি বিভাগের শিক্ষক এস এম আবদুল্লাহ, শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষক সফিউদ্দিন আহমেদ তাঁদের শিক্ষার্থীদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন। ছাত্র-শিক্ষকের মধুর সম্পর্ক বেশ স্পষ্ট বোঝা গেছে এই চার দিনে। পরের দিন সকালে উঠে হ্যাচারি ফার্ম দেখতে যাওয়া হয়। পুরো ভ্রমণে শিক্ষার্থীরা নানা বিষয়ের বাস্তব রূপটা দেখেছেন, যা তাঁদের নতুন করে ভাবায়। এসব বিষয় নিয়ে নিজেদের মধ্যে তর্ক করতে দেখা যায় আসিফ-হাবিবাকে। জাহিদ, খালেদ, শারিকা, তারিক, ঊর্মিরাই একদিন দেশকে নেতৃত্ব দেবেন। তাই তো তাঁরা জানতে চান, কেন তাঁদের দেশ উন্নত হচ্ছে না? কোথায় সমস্যাটা। তাঁরা অনেক বড়মাপের মানুষ হতে চান; দেশকে যে অনেক কিছু দেওয়ার আছে তাঁদের। হোক না দেশ দরিদ্র। তাতে কি। আর এই জানার, দেখার সুযোগ করে দিতে চায় ইউএসএইড তার স্টুডেন্ট আউটরিচ ভ্রমণের মাধ্যমে। জানান ইউএসএইডের ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যাসিসট্যান্ট (আউটরিচ) লিন্ডা দাস কামার।