৮ জুলাই থেকে ১৩ জুলাই—মাঝে কয়টা দিন? আমি-আপনি আঙুলে হিসাব করে বলব, মাত্র ছয় দিন। কিন্তু মামুন মিয়া, রাজিব ফরহাদ, ওয়াহিদ হেসেন ও জুনায়েদ নূর আলম বলবেন ভিন্ন কথা। ‘আক্ষরিক অর্থে ছয় দিনই সত্য। কিন্তু এই ছয় দিনের ব্যাপ্তি অনেক। আমাদের স্মৃতিতে সারা জীবন উজ্জ্বল হয়ে থাকার মতো।’ মামুনের এই কথাকে সত্য বলে মানতে হলে বাকিটুকু না শুনে উপায় নেই। তাই খানিকটা নড়েচড়েই বসতে হলো। তারপর জানা গেল বাংলাদেশের এই চার তরুণ মেধাবী এবার অংশ নিয়েছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত মডেল জাতিসংঘ অধিবেশনে, যার প্রাতিষ্ঠানিক নাম ছিল ‘এশিয়া প্যাসিফিক মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স (এএমইউএনসি) ২০১২’।জাতিসংঘ অধিবেশনের আদলে আয়োজিত এবারের আসরটি বসেছিল মেলবোর্নের লা ট্র বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে। ১৮তম এই আসরে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের ৬৫০ জন তরুণ শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। বলা বাহুল্য, এই ছয় দিনে দেশে দেশে জাতিতে জাতিতে গড়ে উঠেছিল এক মৈত্রীর বন্ধন। নিয়ম অনুযায়ী, এই অধিবেশনে প্রত্যেককে প্রতিনিধিত্ব করতে হয়েছে নিজ দেশ ছাড়া অন্য দেশের হয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মামুন ও রাজিব প্রতিনিধিত্ব করেছেন যথাক্রমে আশিয়ানের ও ফার্স্ট জেনারেল অ্যাসেমব্লির হয়ে। অপর দিকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ পড়ুয়া ওয়াহিদ করেছেন কোপ-১৮ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী জুনায়েদ প্রতিনিধিত্ব করেছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের হয়ে। ‘এ ছাড়াও, আমরা সম্মিলিভাবে প্রতিনিধিত্ব করেছি নিউজিল্যান্ডের হয়ে।’ জানালেন রাজিব। তবে শুধুই যে অধিবেশনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তাঁদের সম্মেলন, সে কথাও জানাতে ভুল করলেন না জুনায়েদ।‘আমরা প্রতিদিনই মেলবোর্নের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পেয়েছি। সবচেয়ে ভালো লেগেছে মেলবোর্ন মিউজিয়াম।’ মামুন মিয়া নাকি প্রথম দিনই অভিভূত হয়েছেন আয়োজকদের ব্যতিক্রমী সান্ধ্যভোজের আয়োজন দেখে। ‘আমরা ১৯টি দল অংশ নিয়েছিলাম এই সম্মেলনে। তাই ১৯টি দলের জন্য আলাদা আলাদাভাবে ১৯টি সেরা রেস্তোরাঁয় ছিল সান্ধ্যভোজের আয়োজন।’ বলছিলেন মামুন।অপর দিকে ওয়াহিদের স্মৃতি কিন্তু আরও উজ্জ্বল। ওয়াহিদ অংশ নিয়েছিলেন ‘আওয়ার সেইজ’ নামের প্রতিযোগিতায়। নিয়ম ছিল প্রত্যেক প্রতিযোগীকে একটি করে গুরুত্বপূর্ণ মন্তব্য উত্থাপন করতে হবে। যার মন্তব্যের পাশে সর্বাধিক ভোট পড়বে, তিনিই হবেন বিজয়ী। ওয়াহিদের মন্তব্য ছিল এমন: ‘পানির অভাবে সোমালিয়ায় দেখা দিয়েছে দুর্ভিক্ষ। আবার পানির আধিক্যের কারণে মালদ্বীপ আশঙ্কা করছে সমুদ্রের নিচে তলিয়ে যাওয়ার। তাই এখনই সময় পানি নিয়ে কার্যকর ভাবনা ভাবার...।’ সর্বাধিক ভোট পড়েছিল এই মন্তব্যের পক্ষেই।ফলে তিনি পেয়েছেন ‘আওয়ার সেইজ’ অ্যাওয়ার্ড। ‘আনন্দ-মজার পাশাপাশি এই সফরে এটাই আমার বাড়তি অর্জন। ২০০ জনকে হটিয়ে আমার মন্তব্যটি সেরা হবে ভাবতেই পারিনি।’ ওয়াহিদের কণ্ঠে উচ্ছ্বাসের জলোচ্ছ্বাস।