তারুণ্যের রঙিন বৈশাখ

বৈশাখ মানে রঙের মেলা। চোখ বুজে দিনটা কল্পনা করলেই দেখা যায় নানা রঙের স্রোত। মিলেমিশে একাকার লাল-সাদা। তরুণীর পরনে শাড়ি, সালোয়ার-কামিজ। কারও কারও গায়ে ফতুয়া। আর তরুণদের পছন্দ পাঞ্জাবি, ধুতি, ফতুয়া কিংবা টি-শার্ট। তবে পোশাক যা-ই হোক, রঙিন হওয়া চাই।
বিভিন্ন ফ্যাশন হাউসও সেই বিষয়টি মাথায় রেখে তরুণ-তরুণীদের পোশাকে ব্যবহার করেছে উজ্জ্বল রং। সালোয়ার-কামিজ, টি-শার্ট ও ফতুয়ার নকশায় দেখা গেছে দেশীয় নানা মোটিফ-মুখোশ, ফুল, পাখি, ঘণ্টা, কলস, হাতপাখা প্রভৃতি। বিপণিবিতান ঘুরে দেখা গেছে তরুণ ক্রেতাই বেশি। বিভিন্ন বুটিক ও ব্র্যান্ডের বিক্রয়কেন্দ্রে ঢুঁ মারছেন তঁারা। বিক্রয়কর্মীরা জানান, তরুণ-তরুণীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ফতুয়া ও টি-শার্ট। তবে কেউ কেউ খাটো পাঞ্জাবি কিনছেন।
নগরের আফমি প্লাজার দেশী দশের বুটিক হাউস কে-ক্র্যাফটে কথা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের ছাত্র রেজাউল করিমের সঙ্গে। তিনি বলেন, ‘উৎসবের পোশাক রঙিন না হলে কি চলে? তাই লাল–সাদার সংমিশ্রণের ফতুয়া দেখছি। বন্ধুরা অবশ্য টি-শার্ট কিনছে।’
এ তো গেল কেনাকাটার ঝক্কি। পয়লা বৈশাখের দিনটি কীভাবে কাটবে? ঘোরাঘুরির দিকেই বেশি মন দিতে চান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৌসুমী রহমান। সারা দিন বন্ধুদের সঙ্গে নিয়ে টো টো করে ঘোরাঘুরি আর আনন্দ করার পরিকল্পনা তাঁর।
এদিকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের আলাদা করে কীভাবে সময় দেবেন সেই পরিকল্পনায় ব্যস্ত সাদার্ন বিশ্ববিদ্যালয়ের রাসেল আরমান। এভাবে তারুণ্যের বৈশাখের প্রস্তুতি আর পরিকল্পনা ভিন্ন হলেও প্রত্যেকের আয়োজনের সারকথা ‘আনন্দে মাতো বৈশাখী উৎসবে’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জয়া পালের কাছে এবারের পয়লা বৈশাখটা একটু বেশিই আনন্দের। মায়ের দেওয়া ফতুয়া পরে ক্যাম্পাসে উদ্যাপন করবেন পয়লা বৈশাখ। ‘আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখে মেলা হয়। নাচ, গানসহ আরও নানা রকম আয়োজন থাকে। এবারের সকালটা তাই ক্যাম্পাসেই কাটাব।’ বলছিলেন জয়া পাল।