তারুণ্যের শক্তি, তারুণ্যের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজপড়ুয়া তরুণ-তরুণীরা ভাবছেন দেশের নানা সমস্যা নিয়ে, পথও খুঁজছেন এ সব দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার। যেমন গ্যাসের কথাই ধরা যাক। দেশের গ্যাসসংকট সমস্যার উত্তরণে এখনই প্রয়োজন নানা ধরনের উদ্যোগ। যেসব কারণে ক্রমাগত নষ্ট হচ্ছে মূল্যবান গ্যাস, সে বিষয়গুলোকে বন্ধ করার জন্য বেশকিছু কর্মপরিকল্পনা নিতে হবে জরুরি ভিত্তিতে। সময় শেষ হয়ে যাওয়ার আগেই যথাযথ উদ্যোগ না নিলে বড় ধরনের সমস্যার মুখোমুখি হবে দেশ। এ আলোচনা হয়েছে একদল কলেজ শিক্ষার্থীর মধ্যে। এমন সব গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের ভাবনা নিয়ে বাংলাদেশে জাতিসংঘের যুব ও শিক্ষার্থীদের সংগঠন ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) আয়োজন করে ‘ইউনিস্যাব ইয়ুথ আইকন ২০১০’ শিরোনামের এক প্রতিযোগিতা। ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতায় তারা অংশ নেবে।কলেজের শিক্ষার্থীদের নেতৃত্ব ও সাংগঠনিক কাজে দক্ষ করে তুলে সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পাঁচজনকে বিজয়ী ঘোষণা করা হয়। ঢাকার সেরা কলেজের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি শুরু হয়েছিল চলতি বছরের ২৯ জানুয়ারি থেকে। এবার শুধু ঢাকার কলেজের শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগিতা হলেও আগামী বছর থেকে সারা দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বলে জানান আয়োজক ইউনিস্যাবের সহসভাপতি কে এম জাকির।এবারের প্রতিযোগিতার বিভিন্ন কলেজের ২১টি দল অংশ নেয়। স্টেপ ইনসাইড, ব্রেন টিজার নামের দুটি পর্যায় শেষে নির্বাচিত পাঁচটি দলের মধ্যে অনুষ্ঠিত হয় চূড়ান্ত প্রতিযোগিতা। প্রতিটি পর্যায়ে ছিল মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোলের (এমডিজি) বিভিন্ন বিষয়, সাধারণ জ্ঞান, বোধশক্তি পরীক্ষা, দেশের বিভিন্ন সামাজিক সমস্যা ও সমাধান ইত্যাদি বিষয়। রকার্স রাউন্ড নামের চূড়ান্ত পর্বে অংশ নেয় ‘অরীয়’, ‘ইনভিন্সিবল’, ‘প্রত্যয়ী’, ‘পার্সিয়াস’ এবং ‘সিম্ফোনি’ নামের পাঁচটি দল। চূড়ান্ত পর্বে বর্তমানে গ্যাসসংকট সমস্যা ও সমাধানের বিষয়ে নিজেদের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে পাঁচটি দলের ২৫ জন সদস্য। চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ী হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের দল অরীয়। অরীয় দলের সদস্যরা হচ্ছে নাফিসা জায়েদ, পারমিতা বণিক, নিশাত তাসনিম, মেহজাবিন আহমেদ ও সাবিহা রহমান। বিজয়ী দলের সদস্য নিশাত তাসনিম নিজের অনুভূতির কথা জানিয়ে বলে, ‘তরুণেরা যে অনেক কিছুই করতে পারে সে বিষয়গুলোকে মূলত আমরা দেখিয়েছি। এ বিষয়গুলোকে তরুণদের মাধ্যমে সচেতনতার জন্য উত্সাহিত করা হয় তাহলে ভালো কিছু সম্ভব।’ একই রকম অনুভূতি দলের অন্য সদস্যদেরও। চূড়ান্ত পর্বে প্রথম রানারআপ হয় নটর ডেম কলেজের দল দ্য ইনভিন্সিবল এবং দ্বিতীয় রানারআপ হয় একই কলেজের অপর টিম প্রত্যয়ী। চূড়ান্ত পর্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, তরুণদের চেষ্টা আর আগ্রহ বিভিন্ন বিষয় পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের প্রশংসা করে তিনি জানান, নিজেদের পরিবর্তনের কথা চিন্তা করে কাজ করলে অনেক কিছুই সম্ভব। অনুষ্ঠানে বক্তব্য দেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল হক, ইউনিস্যাবের সাবেক সভাপতি তৌফিক জোয়ার্দার ও সভাপতি নাফিজ ইমতিয়াজ। অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এ পর্বের বিচারক হিসেবে ছিলেন জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) প্রতিনিধি অমিতা দে, ইউনিস্যাবের সাবেক পরিচালক ইমরান ও দেবাশীষ এবং ইউনাইটেড আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুবর্ণ বড়ুয়া। চূড়ান্ত পর্বে সৃজনশীল প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত পাঁচজন ইয়ুথ আইকন ভবিষ্যতে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমে অংশ নেবে। পুরো আয়োজনে কাজ করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী, যাঁরা সবাই ইউনিস্যাবের সদস্য। এ ধরনের আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে ইউনিস্যাবের সভাপতি নাফিস ইমতিয়াজ জানান, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নানা ধরনের প্রতিযোগিতা হলেও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য তেমন কোনো কিছু নেই। যদিও এরাই পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তরুণদের উত্কর্ষতাকে কাজে লাগিয়ে কিছু করার লক্ষ্য নিয়েই আমাদের এমন আয়োজন। যেখান থেকে আমাদের ইয়ুথ আইকন নির্বাচিত হবে এবং তাদের অন্যরা অনুসরণ করবে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাবে ভালো কাজের মাধ্যমে।’ এমনই সব স্বপ্ন আর তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্য তরুণ শিক্ষার্থীদের চোখ-মুখে। যারা একদিন গড়বে সুন্দর সুখী বাংলাদেশ।