তারেক শামসের ওপর হামলার প্রতিবাদ চিকিৎসকদের
চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রভাষক তারেক শামসের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসকেরা। ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান তাঁরা। তা না হলে কর্মবিরতিসহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় চিকিৎসকেরা এ ঘোষণা দেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতি, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রসংসদের নেতারাসহ চিকিৎসকেরা এতে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি মুজিবুল হক খান প্রতিবাদ সভায় বলেন, ‘তারেক শামসকে হত্যার উদ্দেশ্যে যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই আমরা। চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল ও আবাসন নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। ৭২ ঘণ্টার মধ্যে তারেক শামসের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। না হলে চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে যে কোনো কঠোর কর্মসূচি দিতে আমরা দ্বিধাবোধ করব না।’
বিএমএ চট্টগ্রামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, তারেক শামসের কোনো শত্রু নেই। তারপরও গভীর রাতে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। আমরা কর্মস্থলে, রাস্তাঘাটে চলতে–ফিরতে হামলার শিকার হচ্ছি। কোথাও চিকিৎসকদের নিরাপত্তা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আহ্বান, ৭২ ঘণ্টার মধ্য হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করুন। তা না হলে কর্মবিরতিসহ অন্যান্য কর্মসূচিতে যেতে আমরা বাধ্য হব।
স্বাচিপের সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন মাহমুদ বলেন, চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ জানাতে সারা দেশের সব চিকিৎসককে এক হতে হবে। একজন চিকিৎসকের ওপর হামলা মানে পুরো চিকিৎসক সমাজের ওপর হামলা।
প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর, মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দত্ত, চট্টগ্রাম মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের প্রধান মঞ্জুর মোর্শেদ, নিউরো সার্জারি বিভাগের প্রধান মো. কামালউদ্দিন, মেডিসিন বিভাগের প্রধান মো. আমির হোসেন, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী প্রমুখ।
এ দিকে ঘটনার তিনদিনেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আহসানুল ইসলাম প্রথম আলোকে বলেন, হামলার কারণ কী হতে পারে সেটি বের করতে চিকিৎসক তারেক শামসের পেশাগত, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সব বিষয় দেখা হচ্ছে। েস কারণে কিছুটা সময় লাগছে। তবে তদন্ত অব্যাহত আছে।