তারেকের এগিয়ে চলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিকে ক্লাসে ছিলেন অনিয়মিত। সবার কাছে অচেনা। অচেনা ছেলেটিই প্রথম বর্ষে প্রথম হয়ে সবার দৃষ্টি টেনে নিলেন নিজের দিকে। প্রথম বর্ষে তো বটেই, অনার্স শেষে দেখা গেল সেই ছেলেটিই আইন বিভাগের ইতিহাসে রেকর্ড-সংখ্যক নম্বর পেয়ে সবার জন্য বয়ে এনেছেন গৌরব। অনেকেই এখন একনামে চেনেন ছেলেটিকে। ছেলেটির নাম কে এম এস তারেক। ২০০৫-০৬ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের গর্ব। পরে মাস্টার্স পরীক্ষাতেও তিনি প্রথম স্থান ধরে রেখেছেন।এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান নিয়েই ছিল তাঁর পড়াশোনা। চিকিৎসাবিজ্ঞানে পড়ার আগ্রহের কারণে তিনি মেডিকেল পরীক্ষার জন্য নিচ্ছিলেন প্রস্তুতি। কিন্তু বিধি বাম! তাই তো ছোট সমস্যাই দেখা দিল প্রকটভাবে। চোখের সমস্যাটা আগে থেকেই ছিল, কিন্তু এই সময়ে এসে চিকিৎসক নিষেধ করে দিলেন চোখের ওপর কোনো চাপ না দিতে। আর পরামর্শ দিলেন, পারলে এমন একটি বিষয়ে পড়াশোনা করেন, যেখানে চোখের ওপর চাপটা একটু কম যাবে। সবদিক বিবেচনা করে বাবা বললেন, ‘তুমি রাজশাহী কলেজে ভর্তি হয়ে যাও।’ কী আর করা! তারেক ভর্তি হলেন রাজশাহী কলেজে। ইংরেজিতে। কিন্তু নাহ্! মন মানছিল না। তাই আবার মাকে বললেন, ‘মা, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেব।’ হলোও তা-ই। আবার দিলেন ভর্তি পরীক্ষা। ফলাফল প্রকাশের পর দেখা গেল তিনি মেধাতালিকায় প্রথম হয়েছেন সমাজকর্মে, দ্বিতীয় হয়েছেন লোকপ্রশাসনে আর ১২তম হয়েছেন আইন ও বিচার অনুষদে। অবশেষে ভর্তি হলেন এই আইন বিভাগেই। আর এখন সাফল্য লাভের পর তখনকার তাঁর সেই সিদ্ধান্তকে সবাই স্বাগত জানালেন।পার্বতীপুর থানার হামিদপুর ইউনিয়নের খলিলপুর সর্দারপাড়া গ্রামে বাড়ি তারেকের। বাবা গোলাম মোস্তফা দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের জুনিয়র অফিসার। আর মা লতিফা বেগম সামলান ঘর। দুই বোন, দুই ভাইয়ের মধ্যে তারেক দ্বিতীয়। তারেক বলেন, ‘বাবা আমাকে পড়াশোনার ক্ষেত্রে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন বেশি। কখনো কোনো অভাব আমাকে বুঝতে দেননি; আর যতটুকু চেয়েছি, সব সময় তিনি চেষ্টা করেছেন একটু বেশি দিতে। আর আমার বন্ধু জয়নাল আবেদিনের সহায়তাও কখনো ভোলার নয়। তা ছাড়া আরিফ, রবি, জয়সহ আরও অনেকে তো আছেই।’ এত দূর পথ আসতে গিয়ে অনেকেই সহযোগিতা করেছেন, তবে সমস্যায়ও পড়তে হয়েছে অনেক। সবচেয়ে বেশি যে সমস্যার মুখোমুখি হয়েছেন বলে তারেক মনে করেন, তা হলো দিকনির্দেশনার অভাব। সেই সমস্যার সমাধান আবার নিজের মতো করেই নিয়েছিলেন তিনি। তারেক বলেন, ‘আমি সব সময় নিজের মতো করেই পড়াটা পড়তাম। পরে আবার পরীক্ষার খাতায় নিজের মতো করেই প্রশ্নের উত্তর লিখতাম। বলা যায়, পরীক্ষার খাতায় লেখাটাই ছিল আমার প্রথম ও শেষ নোট।’ তার পরও প্রাপ্তির ঝুলিটাতে বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় যোগ হয়েছে এরই মধ্যে। ভালো ফলাফলের জন্য পেয়েছেন প্রধানমন্ত্রী পদক। আর এই তো সম্প্রতি প্রভাষক হিসেবে যোগদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখন শুধু সামনের দিনগুলোর অপেক্ষা।