আমার মা-বাবাকে কখনো ঝগড়া করতে দেখিনি। মাঝেমধ্যে কথা-কাটাকাটি অবশ্য হয়। তবে বেশি দূর গড়ায় না সেটা। মায়ের দু-চারটা কথার জবাব দেওয়ার পর বাবা এমন কথা বলেন যে মায়ের হাসি পেয়ে যায়। মা হাসি চেপে রাখার চেষ্টা করেন, মুখটা গম্ভীর রাখার চেষ্টা করেন। পারেন না। তাঁর চোখে থাকে রাগের ভাব, মুখে হাসি। মায়ের অবস্থাটা তখন দেখার মতো হয়।আমার বাবা খুব রসিক মানুষ। সম্ভবত পৃথিবীর সবচেয়ে রসিক বাবা। এমন কোনো মজার গল্প নেই, তিনি জানেন না। বাবা ঘরে থাকলে তাই বাসায় একটা উৎসব উৎসব ভাব চলে আসে। রাতের বেলা খাওয়ার পর ডাইনিং টেবিলে বসে আমার তিনজন আড্ডা দিই। অনেক গল্প হয় তখন। বাবা প্রায়ই মাকে ‘তার্পিন তেল’ বলে খ্যাপান। কেন খ্যাপান, আমি জানি না। আমাদের বাসায় কোনো তার্পিন তেল নেই। বাবাকে জিজ্ঞেস করতেই বাবা বললেন, ‘বলব, তোকে সব বলব। আগে তোর বয়স ১৮ হোক, তারপর।’ এ কথা বলে বাবা অদ্ভুত দৃষ্টিতে মায়ের দিকে তাকালেন। মা কেমন যেন লজ্জা পেলেন।আজ আমার ১৮তম জন্মদিন। গত জন্মদিনগুলোর মতো এবার আমি বাবার কাছে কোনো উপহার চাইনি, শুধু তার্পিন তেলের গল্প শুনতে চেয়েছি। রাত নয়টা বাজে। জন্মদিনের কেক কাটা হয়েছে। বাবার সামনে বসে আছি আমি আর মা। বাবা তার্পিন তেলের গল্প শুরু করলেন।‘গল্প তেমন কিছু নয়। গল্প হলো বিয়ের আগে তোর মা তার্পিন তেল খেত। সকালে দুই চামচ, বিকেলে দুই চামচ।’ বলেই হো হো করে হাসতে লাগলেন বাবা। মা বিরক্ত চোখে তাঁর দিকে তাকালেন। আমি বললাম, ‘বাবা, গল্পটা ঠিকমতো বলবে তুমি?’ ‘আচ্ছা দাঁড়া, বলছি।’ অনেক কষ্টে হাসি থামালেন বাবা। একটু নড়েচড়ে বসলেন। সিরিয়াস গল্প বলার ভঙ্গি। বাবা আবার শুরু করলেন—‘অনেক বছর আগের কথা। সবেমাত্র ভার্সিটিতে উঠেছি তখন। হইচই করে দিন কেটে যায়। খুব ফাজিল ছিলাম, বুঝলি। মেয়েদের হাতটাত দেখে বেড়াতাম। তো একদিন কেমিস্ট্রি সাবসিডিয়ারি ক্লাসে নীল ড্রেস পরা একটা মেয়েকে চোখে পড়ল। মেয়েটা মাথায় ওড়না দিয়ে রেখেছে, বউ বউ লাগছে তাকে। বুঝতেই পারছিস, মেয়েটা তোর মা। তখন অবশ্য তোর মা আরও সুন্দরী ছিল।’ মায়ের সঙ্গে বাবার চোখাচোখি হলো এ সময়। আমার হাসি পেয়ে গেল। ‘মেয়েটাকে দেখেই ভালো লাগে আমার। মিষ্টি চেহারা, লাজুক হাসি। বন্ধুদের সহায়তা নিয়ে মেয়েটার নাম জানলাম, ফোন নম্বরও পেলাম। উদ্ভট অজুহাত দেখিয়ে দুই দিন কথাও বললাম। যতই দিন যায়, আমার ভালো লাগা বাড়তে থাকে। আস্তে আস্তে সেটা ভালোবাসায় রূপ নেয়। তোর মাকে ফোন দিই আমি। আমার ভালোবাসার কথা জানাই। কিন্তু সে নির্বিকার, হ্যাঁ-না কিছুই বলে না। আমি পাগলের মতো হয়ে যাই। দিন-রাত শুধু তাকেই ভাবি, দিস্তার পর দিস্তা কবিতা লিখি। আরও অনেক পাগলামি করি। কিন্তু তার মন গলে না, সে আমাকে পাত্তাই দিতে চায় না। আমার অবস্থা তখন কেরোসিন। ভার্সিটি যাই না, লেখাপড়া করি না, হাতটাত দেখা অনেক আগেই বাদ দিয়েছি। আমার মতো হাসি-খুশি ছেলের এই অবস্থা দেখে সবাই দুশ্চিন্তায় পড়ে যায়; যদিও খুব কাছের বন্ধুদের ছাড়া কাউকে কিছুই বলি না আমি। এভাবেই কেটে যায় দেড়টা বছর। আমার জীবনের সবচেয়ে কষ্টের দেড় বছর। বুঝলাম, এভাবে চলা আমার পক্ষে সম্ভব নয়। সিদ্ধান্ত নিলাম আর লেখাপড়া করব না। দেশের বাইরে চলে যাব। আমার বড় মামা মানে তোর গাজী দাদু ইংল্যান্ড থাকেন। জানিসই তো। তাঁকে বললাম ব্যবস্থা করতে। প্রথমে রাজি না হলেও পরে আমার জোরাজুরিতে তিনি ভিসা-টিকিট সব জোগাড় করে দিলেন। তখন অবশ্য ওই সব দেশে যাওয়া আরেকটু সহজ ছিল। যেদিন আমার ফ্লাইট, তার আগের দিন তোর মাকে বিশাল একটা চিঠি পাঠালাম। চিঠিতে কী লিখেছিলাম জানতে চাসনে। তবে অনেক ইমোশনাল কথাবার্তা ছিল। আমি আর দেশে ফিরব না—এই টাইপের। পরদিন সবার কাছ থেকে বিদায় নিয়ে, কান্নাকাটি করে এয়ারপোর্ট পৌঁছালাম। ঘণ্টা খানেক পর বিমান উড়াল দেবে। এমন সময় এক বন্ধুর কাছে শুনলাম তোর মা নাকি হাসপাতালে, তার্পিন তেল খেয়েছে। ব্যাগট্যাগ ফেলে হাসপাতালে গিয়ে দেখি, তোর মা চিতপটাং হয়ে পড়ে আছে। আর যেটা শুনে আশ্চর্য হলাম, সেটা হলো, তোর মা তার্পিন তেল খেয়ে সুইসাইড করতে চেয়েছিল, আমার জন্য।’বাবাকে থামিয়ে এবার মা শুরু করলেন, ‘আসলে তোর বাবাকে একটু একটু পছন্দ আমি করতাম। তবে কেন জানি বলতে ইচ্ছে হতো না। তার পাগলামিগুলো ভালো লাগত আমার। কিন্তু যখন শুনলাম, আমার জন্য সে সবকিছু ছেড়েছুড়ে চলে যাচ্ছে, আর ফিরবে না, তখন খুব অপরাধবোধ হলো। নিজের ওপর ভীষণ রাগ লাগল। প্রচণ্ড রকম কষ্ট হতে লাগল। আর কীভাবে যে কাজটা করলাম, আমি নিজেও জানি না। তবে একটা কথা কী জানিস, তোর বাপ খুব নিষ্ঠুর মানুষ। হাসপাতালে আমাকে দেখে এসে ভালোমন্দ জিজ্ঞেস না করে বলছিল, “এই, তার্পিন তেলের টেস্ট কেমন?” কী রকম পাষণ্ড চিন্তা কর।’বাবা বললেন, ‘তোর মা আমাকে মুখে কখনো “ভালোবাসি” বলেনি, তার্পিন তেল খেয়ে বুঝিয়েছিল। তখন থেকে সিদ্ধান্ত নিলাম তোর মা আমাকে দেড় বছর যে কষ্ট দিয়েছে, তার প্রতিশোধ হিসেবে সুযোগ পেলেই তাকে তার্পিন তেলের খোঁটা দেব। অবশ্য সেটা তোর মায়ের অনুমতি নিয়েই।’মা-বাবার মধ্যে আবারও চোখাচোখি হলো। তারা দুজনেই মিটিমিটি হাসছেন এখন। হাসতে হাসতে তাদের চোখে পানি এসে গেছে। আমি মুগ্ধ হয়ে তাঁদের দেখছি। ফারহান লিয়াকতডা. ফজলে রাব্বি হলো, বকশীবাজারঢাকা মেডিকেল কলেজ