তাল-মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি, ক্লান্তিহীনভাবে ঝরছে আকাশ থেকে। মনে পড়ল গ্রামের কথা। গ্রামে থাকলে হয়তো মাছ ধরতাম। এর সঙ্গে মনে পড়ল ছোটবেলার এক ছোট বন্যায় মাছ ধরার কাহিনি। স্কুল সবে ছুটি হয়েছে। মাছ ধরার নেশায় আমার আর আস্তে হাঁটার ইচ্ছা করে না। দৌড়ে বাড়িতে গিয়েই জাল নিয়ে মাছ ধরতে গেলাম ছোট এক খালে। অন্যরা জাল ফেলছে স্রোতে, কিন্তু আমার জাল মাত্র আড়াই হাত লম্বা, তাই আমি একটা স্রোতহীন জায়গা বেছে নিলাম, যেখানে মাথার ওপর ছিল একটা তালগাছ। কয়েকবার জাল ফেলেছি, কোনো মাছ পাইনি। এবার জাল ফেলার সময় টুপ করে একটা তাল পড়ল প্রথমে আমার কোমরে, তারপর পানিতে। ব্যথায় কোমর সোজা করা যাচ্ছে না, তবুও তাল কুড়ানোর কৌতূহলে পানিতে নেমে তালটাকে ওঠালাম। এরপর জাল টানতেই দেখি, জালে আরেকটা তাল উঠেছে। আমি আনন্দে আত্মহারা। জালটাকে গলায় পেঁচিয়ে দুই বগলে তাল দুটোকে নিয়ে বাড়ির পানে দৌড়। পথে দূর সম্পর্কের এক চাচার সঙ্গে দেখা। চাচা বললেন, বাড়ি যাস ক্যান। আমি বললাম, তাল পাইছি, মাছ মারব না। চাচা বললেন, আরে বোকা, মাছ না হলে শুধু তাল কী দিয়ে খাবি। আমি ভাবলাম, কথাটা মন্দ নয়। চাচার সঙ্গে এবার গিয়ে কয়েকটা মাছ পেয়েছি। বাড়িতে এসে মাকে জোরে একটা ডাক হাঁকলাম মা বলে। মা আসতে না-আসতেই বললাম, তাল পেয়েছি দুটো। তাল আর মাছ দিয়ে রান্না করবে—বলেই মা কিছু বলার আগেই দৌড়ে বাইরে এলাম। রাস্তায় পানি জমছে। সেই পানিতে আমার চেয়ে বয়সে ছোট কয়েকটা ছেলে খেলছে। আমিও যোগ দিলাম তাদের দলে। আমি আনন্দের সঙ্গে লাফাতে লাফাতে ওদের বললাম, আমি মাছ ও তাল দুটোই একসঙ্গে মেরেছি জাল দিয়ে। মা তাল দিয়ে মাছ রান্না করছে, বাড়িতে গিয়ে খাব। অবশ্য নতুন কিছু খাব, সে জন্য আগ্রহটা বেশি। বাড়িতে ফিরে মাকে বললাম, তাল দিয়ে মাছ রান্না করেছ। মা হয়তো মশকরা করে হাসতে হাসতে সোজা বলে দিলেন, না। মনটা অনেক খারাপ হয়ে এল, সঙ্গে কান্নাও। উঁচু গলায় কেঁদে কেঁদে মাকে বকা দেওয়ার মতো কিছু একটা বলতেই মা এসে কোলে তুলে নিয়ে আমার ভুল ভাঙালেন। তিনি বললেন, তাল আর মাছ একসঙ্গে রান্না করা যায় না।মোহাম্মদ মোকাররম হোসাইনহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর।