ভারতের আহমেদাবাদের ৫২ বছর বয়সী হিরেন শাহ পেশায় একজন শিশুরোগ বিশেষজ্ঞ। চিকিৎসা পেশার পাশাপাশি সংগৃহীত তালা-চাবি দিয়ে তিনি গড়ে তুলেছেন এক বিশাল তালা-চাবির জাদুঘর। ১৮ বছর আগের ঘটনা। পুরোনো মডেলের একটি বাংলো বাড়ি বানানোর চিন্তাভাবনা করছিলেন ভারতের আহমেদাবাদের হিরেন শাহ ও তাঁর স্ত্রী নমিতা শাহ। বাড়িতে সাজিয়ে রাখার জন্য এই চিকিৎসক দম্পতি এখানে-সেখানে পুরোনো সব জিনিসপত্র ও শিল্পকর্ম হন্যে হয়ে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে একদিন মুম্বাইয়ের চোর বাজারে পেয়েও গেলেন একটি পুরোনো জিনিসপত্রের দোকান। তাঁদের কথা শুনে দোকানদার অনেক পুরোনো একটি তালা বের করে দিয়ে বললেন, ‘ডাক্তার, এই তালা খুলতে না পারলে কিন্তু আপনার মানসম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে।’ এ কথা শুনে হিরেন শাহ তো মহা ফ্যাসাদে পড়ে গেলেন। অনেক চেষ্টা করেও খুলতে পারছিলেন না তালাটি। এদিকে চেষ্টা করতে করতে হিরেন শাহ ঘেমে-নেয়ে একাকার। কান-মাথা রীতিমতো ঝাঁ ঝাঁ করতে লাগল হিরেনের। কিন্তু ছোট্ট একটি পুরোনো তালার কাছে হাল ছাড়তে রাজি নন হিরেন। তালাটি খোলা তাঁর কাছে তখন এক রকম জেদ হয়েই বসেছিল। অনেক চেষ্টার পর খট করে খুলেও গেল তালাটি। তালা খুলতেই তৃপ্তির হাসি ফুটে উঠল হিরেনের মুখে। যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। কিন্তু শুধু তালা খুলেই ক্ষান্ত হলেন না। দোকানদারকে বলেকয়ে বেশ চড়া দামে কিনেও নিলেন তালাটি। তার পর থেকেই তালা খোলার ধাঁধার নেশায় পেয়ে বসল তাঁকে।জাদুঘর না হাউজিয়াম!তাঁদের বাংলো বাড়িটির নামফলকে লেখা ‘হাউজিয়াম’। আর এই হাউজিয়ামের একদম পাতালঘরে তিনি তিল তিল করে গড়ে তুলেছেন তাঁর শখের বিচিত্র সব তালা আর চাবির জাদুঘর। পুরোনো লোহাপট্টি, দেশের আনাচকানাচ থেকে শুরু করে বিদেশে পাড়ি জমিয়েও তিনি সংগ্রহ করেন বিচিত্র প্রকৃতির তালা। হিরেন শাহর সংগ্রহে এখন দুই হাজারের বেশি রকমারি তালা আছে। তাঁর জাদুঘরের প্রতিটি তালাই আলাদা ধরনের।হিরেন শাহ ও নমিতা শাহ দুজনই পেশায় চিকিৎসক হলেও তাঁদের এখন বেশির ভাগ সময়ই কাটে বিভিন্ন দেশের বিচিত্র সব তালা সংগ্রহ এবং সেগুলোর রক্ষণাবেক্ষণের কাজে।তালার জাদুঘরটির রক্ষক বা কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন হিরেন শাহর স্ত্রী নমিতা শাহ। হাসপাতাল সামলানোর পাশাপাশি ১৫ দিন পর পর তিনি পরম মমতায় জাদুঘরের প্রায় দুই হাজার তালায় তেল দিয়ে সচল রাখার চেষ্টা করেন।ভালোবাসার তালা-চাবিবিশেষ বিশেষ দিনে প্রেমিক তাঁর প্রেমিকাকে কিংবা স্বামী তাঁর স্ত্রীকে মূল্যবান উপহার দিলেও হিরেন শাহ ওগুলোর একদম ধারেকাছেও নেই। তাই বলে তিনি যে বিশেষ দিনে তাঁর স্ত্রীকে উপহার তুলে দেন না, তা কিন্তু নয়। ‘হিরেন হীরা কিংবা সোনার বদলে আমাকে তালা উপহার দেয়। আমি জানি, উপহার দেওয়া এই তালাগুলোই আমার কাছে সোনা কিংবা হীরার চেয়েও মূল্যবান। এর মাঝেই আমি অপরিসীম ভালোবাসা খুঁজে পাই।’ বেশ দরদ দিয়ে কথাগুলো বলছিলেন হিরেন শাহর স্ত্রী নমিতা শাহ।তালা-চাবির জাদুঘরেমাত্র ১৮ বছরে হিরেন সংগ্রহ করেছেন দেশ-বিদেশের প্রায় দুই হাজার তালা-চাবি। প্রায় ২০০ বছর আগের তালাও রয়েছে তাঁর সংগ্রহে। জাদুঘরে রাখা তালাগুলো বিভিন্ন দেশের সংস্কৃতি আর ভৌগোলিক অবস্থানকেই নির্দেশ করে। হাউজিয়ামে ঢুকতেই সদর দরজায় যে বিশাল আকৃতির ছিটকিনি লাগানো আছে, তা কেরালার মাটনচেরি শহরের একটি পুরোনো জিনিসপত্রের দোকান থেকে সংগ্রহ করা। ভারতীয় তালা ছাড়াও তাঁর সংগ্রহে আছে আমেরিকা, ইউরোপ, চীন, জার্মানিসহ বিভিন্ন জায়গার বিচিত্র তালা ও চাবি। চীনের তালাগুলো বেশ মজার। চীনের তালাগুলোর প্রতিটিতে রয়েছে একটি করে পশুর মুখাকৃতি। কোনো কোনোটা আবার মাছ, বানর বা শূকরের আদলের। সংগ্রহে রাখা প্রতিটি তালার কারিকুরিই হিরেনের নখদর্পণে। ঝাড়পোছ করতে করতে নমিতাও এখন তা আয়ত্ত করে ফেলেছেন।এই তালা সংগ্রহের নেশা হিরেনকে এনে দিয়েছে অনেক আন্তর্জাতিক সম্মান। গত বছর অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক ধাঁধার একটি সম্মেলনে তিনি প্রথম ভারতীয় হিসেবে আমন্ত্রিত অতিথি হয়ে গিয়েছিলেন। তালার নেশায় তালার ওপর পিএইচডি ডিগ্রি নেওয়ারও মনস্থির করেছেন হিরেন। ওয়েবসাইট অবলম্বনে আবু হেনা