তালাক যদি রাজনৈতিক ইস্যু হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালাক বা বিবাহবিচ্ছেদ বিষয়টা যদি রাজনৈতিক ইস্যু হতো, তাহলে কারা কী বলত? ভেবেছেন মাহবুব আলম


ক্ষমতাসীন দল

বিগত সরকারের আমলে এক মাসে একটা তালাক হতো না, আর এখন মাত্র এক ঘণ্টায় একটা তালাক হচ্ছে। আমরা যে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছি, এটাই তার উৎকৃষ্ট প্রমাণ। তাই তালাককে আরও গতিশীল করতে আবারও আমাদের ভোট দিন।

বিরোধী দল

এই সরকারের আমলে তালাক দেওয়ার প্রবণতা কমে গেছে। মানুষ এখন মাত্র একটা তালাক দিতে এক ঘণ্টা সময় নিচ্ছে। আমরা ক্ষমতায় এলে প্রতি সেকেন্ডে একটা তালাক হবে। আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করুন। দ্রুত এবং নির্ভুলভাবে তালাক দেওয়ার লক্ষ্যে দেশের মানুষের জন্য ‘তালাক প্রদান প্রশিক্ষণ কেন্দ্র’ চালু করব আমরা।

অখ্যাত রাজনৈতিক দল

ক্ষমতাসীন দল এবং বিরোধী দল মানুষের সামনে মুলো ঝুলিয়ে ক্ষমতায় যেতে চাইছে। তালাকের উন্নয়নে বাস্তবসম্মত কাজ একমাত্র আমরাই করে যাচ্ছি। বিশ্বাস না হলে দেখুন, আমাদের দলের ৮০ শতাংশ নেতা-কর্মীই কারও না কারও কাছ থেকে হয় তালাক পেয়েছে, নাহয় দিয়েছে।

 জ্ঞানী ফেসবুকার

ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় হয়ে তালাক দেব। কিন্তু দেশে কোনো রাজনৈতিক দলই আমাদের তালাক দেওয়া বা নেওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিচ্ছে না। যে দেশে একটা তালাক পেতে এখনো এক ঘণ্টা সময় লাগে, সে দেশ এগিয়ে যাবে কী করে?

 মোটিভেশনাল স্পিকার

দেশে এখনো তালাক পাওয়া এবং দেওয়ার ক্ষেত্রে মানুষকে ঝামেলা পোহাতে হচ্ছে। রাজনৈতিক দলের নেতা-কর্মীরা নিজেদের মধ্যে তালাক আদান-প্রদান করছেন ঠিকই। কিন্তু তালাকের সুফল জনগণের কাছে দ্রুত পৌঁছানোর ব্যাপারে তাঁরা একদম মাথা ঘামাচ্ছেন না! সেদিনও আমার ওয়াইফ আমাকে তালাক দিতে পুরো এক দিন সময় নিয়েছে। দেশের মানুষের সময়ের কি মূল্য নেই?

 বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান

অল্প সময়ে নিখুঁত ও শান্তিপূর্ণভাবে তালাক পেতে ও দিতে আজই আমাদের কাছে চলে আসুন। সম্পূর্ণ কাজ ফোর-জি ইন্টারনেটের মাধ্যমে এবং কোনো রকম বাক্যব্যয় ছাড়াই করা হয়। রাজনৈতিক দলের মিথ্যা আশার বাণীর পেছনে ছুটে আজীবন তালাকহীন না থেকে বরং আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন!