নগরের ঝুঁকিপূর্ণ ৬৫ ভবনের তালিকা করা হয় ২০০৫ সালে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এই তালিকা চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) সরবরাহ করে। এরপর চসিক একাধিকবার পত্রিকায় নোটিশ দিয়ে মালিকদের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার নির্দেশ দেয়। কিন্তু এসব কর্ণপাত করছেন না ভবন মালিকেরা। এখনো বহাল তবিয়তে আছে ৫৭টি ঝুঁকিপূর্ণ ভবন। চউক আর চসিকের কাজ তালিকা আর নোটিশেই সীমাবদ্ধ। ভবন ভাঙার উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষজ্ঞদের মত, এসব ভবন এতটাই ঝুঁকিপূর্ণ যে ভেঙে ফেলা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।চউক সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় ব্যক্তিমালিকানাধীন ভবন, ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়, বিদ্যালয়, রাজনৈতিক দলের কার্যালয়ও আছে। চউকের করা তালিকায় দ্বিতীয় নাম পাহাড়িকা উচ্চবিদ্যালয়। নগরের নন্দনকানন এলাকার বৌদ্ধমন্দির সড়কে দুইতলা এই ভবনটি অবস্থিত। সরেজমিনে দেখা যায়, ভবনের নিচতলার তিনটি কক্ষে প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের কর্মচারীদের অফিসকক্ষ। নিচতলার বারান্দায় ছাদের বিভিন্ন অংশের পলেস্তারা খসে পড়েছে। পিলারেও ফাটল। তবে ওই ভবনে কোনো ক্লাস হয় না। বিদ্যালয় প্রাঙ্গণে আলাদা দুটি একতলা ভবনে ক্লাস চলছে। নগরের তিন পোল এলাকায় তালিকার ৫২ নম্বর দারুল ফজল মার্কেট ভবন। তিনতলা এই ভবনের নিচতলায় রয়েছে খাবার দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। দ্বিতীয় তলায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড ও বাংলাদেশ আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়। তৃতীয় তলায় ছাত্র ইউনিয়নের কার্যালয়। এখানেও তৃতীয় তলার বারান্দার ছাদে পুরো অংশের পলেস্তারা খসে পড়েছে। দেয়ালেও ফাটল। তবে নগর আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে নতুন প্লাস্টার করা। নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘তালিকাটি আমি ভালোভাবে দেখিনি।’ ২০০৫ সালে তালিকাটি করা হয় জানালে তিনি বলেন, ‘এখানে অন্যান্য সংগঠনেরও কার্যালয় আছে। তবে তালিকায় ভবনের নাম থাকলে এ বিষয়ে দলের সাধারণ সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেব।’ এদিকে চসিক পরিচালিত কদম মোবারক সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়টি পরিত্যক্ত ভবনেই। অথচ এটি ঝুঁকিপূর্ণ তালিকায় নেই। গত প্রায় তিন বছর ধরে বিদ্যালয় কর্তৃপক্ষ দেন-দরবার করেও ভবনটি ভাঙতে পারেনি। গত বৃহস্পতিবার সকালে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে অস্বীকৃতি জানায় শিক্ষার্থীরা। বিদ্যালয়টি গত বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়। অবশেষে সিদ্ধান্ত হয়েছে ভবন ভাঙার। বিদ্যালয়ে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ৪০০ শিক্ষার্থী আছে। শিক্ষক ও কর্মচারী আছেন ২৫ জন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অবশেষে সাভার ট্র্যাজেডির পর ভবনটি ভাঙার সিদ্ধান্ত হয়েছে। আপাতত গুলএজার বেগম সিটি করপোরেশন বিদ্যালয়ে ক্লাস নেওয়া হবে।’চউকের প্রধান নগর পরিকল্পনাবিদ সরোয়ার উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘২০০৫ সালেই তালিকা করা হয়। এর পরই চসিক ঝুঁকির মাত্রা নির্ধারণের কথা ছিল। প্রায় আট বছর পর এখন তালিকার সব ভবনই ভেঙে ফেলা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তালিকার বাইরেও ঝুঁকিপূর্ণ ভবন থাকতে পারে। চসিকের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আমরা চিন্তা করছি। চসিক উদ্যোগ নিলে আমরা প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দেব। এভাবে অবহেলায় মূল্যবান প্রাণ ঝরে যেতে দেওয়া যায় না।’এ প্রসঙ্গে চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক বলেন, ‘একটি ভবন ভাঙা সহজ কাজ নয়। তা ছাড়া ভবন ভাঙার দায়িত্ব মালিকের, চসিকের নয়। ২০১১ সালেও আমরা নোটিশ দিয়েছি। কিন্তু ভবনের মালিকদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই।’ বর্তমান পরিস্থিতিতে করণীয় জানতে চাইলে আহমদুল হক বলেন, আগে ভবনগুলো থেকে লোকজন সরিয়ে নিতে হবে। কিন্তু এত ভবন ভাঙার মতো প্রয়োজনীয় সরঞ্জাম বা লোকবল চসিকের নেই। একটি তদন্ত দল পাঠানো হবে। অধিক ঝুঁকিপূর্ণ দুয়েকটি ভবন ভাঙার কাজ অবিলম্বে শুরু হবে।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘ভবনগুলোতে যেহেতু জনবসতি আছে, তাই তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে এখন এসব ভবন ভাঙা ছাড়া বিকল্প নেই। পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য চসিক যেমন আবাসন প্রকল্প বাস্তবায়ন করছে, সে রকম পুনর্বাসন প্রকল্প নেওয়া যেতে পারে। কোনোভাবেই গাফিলতি করা ঠিক হবে না।’