তালে তালে রান্না
‘রান্না এবং সংগীত একই সূত্রে বাঁধা। রান্না করাটা শিল্পচর্চার মতো। যেমনটি থাকে গানের মাঝে। সংগীতের মতো রান্না করার সময়ও চেষ্টা করি ভিন্ন স্বাদ আনতে’ এমনটি বললেন সংগীত শিল্পী ফাহমিদা নবী।চা বানানোর মধ্য দিয়েই রান্নার হাতেখড়ি ফাহমিদা নবীর। পরিবারে চা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তিনি মনে করেন, সঠিকভাবে চা বানানো খুবই কঠিন। চায়ের ঘ্রাণের মাধ্যমেই ভরিয়ে তুলতে হবে মনটাকে। সপ্তম শ্রেণী থেকে টুকটাক রান্না করা শুরু করলেন। মাধ্যমিকের পর থেকে তা চললপুরোদমে। সবকিছু গুছিয়ে নিয়ে, রেসিপি তৈরি করে রান্না করাটা কখনোই করা হয় না। বরং তাৎক্ষণিকভাবে হাতের কাছে যা থাকে, তা দিয়েই রান্না করে ফেলেন ফাহমিদা নবী। ঈদের দিনটিতে তিনটি জিনিস থাকতেই হবে খাবার টেবিলে—লাল চালের ভাত, গরুর মাংসের ভুনা এবং দিনাজপুরের আঠালো আলু দিয়ে আলুর ভর্তা। অবশ্য অন্য পদও থাকে ঈদের দিন। নকশার জন্য তিনি দিলেন তিনটি রেসিপি। সাতকরা দিয়ে গরুর মাংসউপকরণ: গরুর মাংস (২ কেজি), আদাকুচি (পরিমাণমতো), রসুনকুচি (পরিমাণমতো), গোটা রসুন (১-২টা), ধনে (পরিমাণমতো), মরিচ গুঁড়া (স্বাদ অনুযায়ী), জিরার গুঁড়া (প্রয়োজনমতো), সরিষার তেল (পরিমাণমতো), পরিমাণমতো গরম মসলা। সবকিছু একসঙ্গে নিয়ে ভালো করে মাখিয়ে হাত ধোয়া পানি দিয়ে প্রেশার কুকারে বসাতে হবে। প্রেশার কুকারের চারটা সিটিতে হয়ে যাবে। কড়াইয়ে এরপর তেল বের হওয়া পর্যন্ত কষাতে হবে। একটু পোড়া পোড়া ও নরম হয়ে গেলে আর কষাতে হবে না। এরপর সাতকরা কেটে দিয়ে দিতে হবে। তারপর হাত ধোয়া পানি দিয়ে আবার কষাতে হবে। কষালে তিতা বের হয়। একেবারে শুকনা করে ফেলতে হবে। তারপর কাঁচা পেঁয়াজ গোল গোল করে কেটে দিয়ে পরিবেশন করতে হবে। করলা দিয়ে মুগডালউপকরণ: ডাল (দেড় কাপ), সরিষার তেল (পরিমাণমতো), রসুন (বেশি পরিমাণে), পেঁয়াজ (পরিমাণমতো), ধনে (পরিমাণমতো), জাফরান রং (অল্প), ঘি (পরিমাণমতো), লবণ (পরিমাণমতো), গুঁড়া গরম মসলা (চা চামচের ১/৪ ভাগ), জিরা (চা-চামচের আধা চামচ), করলা (২টা), হলুদ (করলার মাখাতে যতটুকু লাগবে), পেঁয়াজ (বড় ২টা), কাটা আদা (১০ টুকরো), শুকনো মরিচ (৬টা), কাঁচা মরিচের পেস্ট (১ চা-চামচ)। বানানোর নিয়ম: ডালে প্রথমে সরিষার তেল, বেশি করে রসুন, পেঁয়াজ, ধনে দিয়ে মাখাতে হবে। রং আনার জন্য জাফরানের রং দিন কিছুটা। এরপর ঘিয়ের ফোঁড়ন দিয়ে ডালটুকুকে খুব ভালো করে মাখিয়ে রাখতে হবে। একে একে পরিমাণমতো পানি, লবণ, গরম মসলা, জিরা দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিন। চারটা সিটির পর নামিয়ে নিয়ে গন্ধের জন্য একটু ঘি দিন। করলা কেটে রান্না করার বেশ কয়েক ঘণ্টা আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে। এতে করে তিতা চলে যাবে। এ সময় যেন করলা ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখুন। করলা তেল দিয়ে প্রথমে ভেজে নিন। ভাজার আগে হলুদ এবং প্রয়োজন হলে আরেকটু লবণ মেখে নিতে হবে। ভাজা হয়ে গেলে করলা নামিয়ে নিন। এবার ওই তেলেই ঘি দিন অল্প পরিমাণে। এরপর পেঁয়াজ আর কাটা আদাটুকু ঢেলে দিন, ভাজা হয়ে গেলে শুকনো মরিচগুলোও ভেজে নিতে হবে। তেলে এবং ঘিয়ে ভাজা এ তিনটি উপকরণ এবার ডালে দিন। সঙ্গে দিন কাঁচা মরিচের পেস্ট এবং ভাজা করলা। অল্প একটু পানি দিন। লবণ দরকার হলে আবারও দিয়ে নিতে পারেন। ইলিশ মাছের আচারউপকরণ: ইলিশ মাছ (১টি মাঝারি), জলপাই (৬টি), ধনে (অল্প), গুঁড়া মরিচ (পরিমাণমতো), জিরা (পরিমাণমতো), মাশরুম গুঁড়া (১ চা-চামচ), সরষে বাটা (৩ চা-চামচ), [মাছের পরিমাণের ওপর নির্ভর করবে], রসুন (৪-৫ কোয়া), পেঁয়াজ (বড় ২টা), মরিচের পেস্ট (১ চা-চামচ), সরিষার তেল পরিমাণমতো, গোটা মরিচ (১৫টা), টেস্টিং সল্ট পরিমাণমতো, চিনি (অল্প পরিমাণমতো)। রেসিপিসব উপকরণ একসঙ্গে মেখে নিতে হবে খুব ভালোভাবে। উপকরণগুলো মাখানোর ওপর নির্ভর করবে পুরো রান্না কেমন হবে। পুরো মিশ্রণটির স্বাদে একটু টকটক ভাব আসবে, তবে তা যেন ইলিশ মাছের স্বাদকে ছাপিয়ে না যায়। সবগুলো উপকরণ মাখানোর পর মিশ্রণটি থেকে তেল বের হলে বুঝতে হবে তৈরি। ভাতের সঙ্গে আচার হিসেবেও খাওয়া যাবে এটি। আচারটিকে দিয়ে মাছের টুকরোগুলোকে মাখিয়ে নিন ভালোভাবে। এরপর হাত এবং বাসন থেকে মসলা ধুয়ে (হাত ধোয়া পানি) সে পানিটুকু দিয়ে দিন কড়াইয়ে। চামচ দিয়ে না নাড়িয়ে, কড়াই নাড়িয়ে নাড়িয়ে রন্ধন প্রক্রিয়াটি শেষ করতে হবে। খেয়াল রাখতে হবে, পুরো সময়টিতে আগুনের আঁচ যেন একই রকম থাকে।