তালেবানের ত্রাসের রাজত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরম ঝুঁকির মুখে গজনি প্রদেশের বাসিন্দা মাহমুদ গিলানির জীবন। আফগানিস্তানে এই মুহূর্তে একদল মানুষ সরাসরি তালেবান জঙ্গিদের হুমকির মুখে। গিলানি তাঁদেরই একজন। কারণ, তিনি শনিবারের পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন। তালেবানের চোখে নির্বাচনে প্রার্থী হওয়া অপরাধ।মাহমুদ গিলানির অকপট স্বীকারোক্তি—তিনি আতঙ্কিত। কিন্তু জোর দিয়ে এও বললেন, এই আতঙ্ক তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখতে পারবে না।গিলানি বলেন, ‘প্রতিদিন আমি উদ্বিগ্ন থাকি। আমার পরিবারও শঙ্কিত। কিন্তু আমাদের লক্ষ্য, দেশকে বর্তমান সংকট থেকে বের করে নিয়ে আসা, তা যদি আমার জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেয়, তাহলেও আমি সামনের দিকে এগিয়ে যাব।’তালেবান হুমকিতে পার্লামেন্ট নির্বাচনের প্রচারণাটা ছিল এমনই ঝুঁকিপূর্ণ। নির্বাচনীপ্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ওপর হামলা চালানোর হুমকি দিয়ে রেখেছে তালেবান।হুমকি যে মিথ্যা নয়, ইতিমধ্যেই তা প্রমাণ করেছে তালেবান। জঙ্গি হামলায় গত বুধবার পর্যন্ত নিহত হয়েছেন তিনজন প্রার্থী। ২৩ জন প্রচারণাকর্মীও প্রাণ হারিয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন।গজনিতে এক প্রার্থীকে অপহরণ করে তাঁকে জবাই করা হয়েছে। আরেক প্রার্থীর ওপর চালানো হয়েছে গ্রেনেড হামলা।নির্বাচনের প্রার্থীরা এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে নিজের নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতেও ভয় পাচ্ছিলেন তাঁরা। সরকার প্রার্থীদের পুলিশি নিরাপত্তা দিয়েছে। তা ছাড়া যাঁদের সামর্থ্য আছে, তাঁরা বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেছেন। সেই সঙ্গে ছিল ভারী অস্ত্রে সজ্জিত দেহরক্ষী।গজনির ১৮টি জেলার মধ্যে ১৪টিই জঙ্গিদের নিয়ন্ত্রণে কিংবা তাদের প্রভাব বলয়ের মধ্যে। এমনকি প্রাদেশিক রাজধানীতেও প্রায় নির্বিঘ্নে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা।মাহমুদ গিলানি বর্তমান পরিস্থিতিকে বর্ণনা করলেন ‘রাষ্ট্রীয় নৈরাজ্য’ হিসেবে। নিজে প্রার্থী হলেও তিনি বলেন, এই পরিস্থিতিতে নির্বাচন হবে বিপর্যয়কর। আবারও প্রতারণাপূর্ণ একটি নির্বাচন হতে যাচ্ছে। আসলে সরকার পদ্ধতির ওপর মানুষ তাদের আস্থা হারিয়ে ফেলেছে।তালেবানের হুমকি উপেক্ষা করেই নির্বাচনী প্রচারণায় বের হয়েছেন মাহমুদ গিলানি। ভোটারদের মন জয় করতে পাড়ার দোকানে বসে তাঁদের সঙ্গে চা খেয়েছেন, হাসিমুখে সবার সঙ্গে করমর্দন করেছেন। গজনি সিটির ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল হাদি। ছোট একটি মসলার দোকানের মালিক। তালেবানের ভয়ে তিনি আতঙ্কিত। হাদি বলেন, ‘আমার ভোটার কার্ড নেই। থাকলেও আমি ভোট দিতে যেতাম না। কারণ, ভোট দিতে গেলে ওরা আমাকে মেরে ফেলতে পারে। তারা (তালেবান) আমাদের নাক বা কান কেটে দিতে পারে। অতীতে এ রকম ঘটেছে।’তালেবানের ভয়ে গজনির মানুষ কতটা জড়সড় তা বোঝা যায় লোকের মুঠোফোনের রিংটোনের দিকে নজর দিলে। গজনির অনেক মানুষ তাদের ফোনে তালেবানের পছন্দের গান সেট করেছে।সম্প্র্রতি স্থানীয় একজন সাংবাদিক বিবিসির জন্য একদল তালেবান জঙ্গির ভিডিওচিত্র ধারণ করেছেন। ওই ছবিতে দেখা যায়, রাইফেল ও রকেটচালিত গ্রেনেড-সজ্জিত ২০ জনেরও বেশি তালেবান জঙ্গি মোটরসাইকেলে করে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে।তালেবানের হাতে বেসামরিক লোকজনের মৃত্যু কিংবা তাঁদের কৌশল সম্পর্কে কিছু বলতে রাজি হননি তালেবানের কমান্ডার মোল্লা রুহানি। তবে তিনি এটা পরিষ্কার করে দিয়েছেন যে লোকজনকে ভোট থেকে বিরত রাখতে তাঁরা ‘সম্ভব সবকিছু’ করবেন।রুহানি বলেন, এখানে নির্বাচন সম্ভব নয়। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের সময় কিছু লোক হেলিকপ্টারে করে এসে বাক্সে ব্যালট ভরে দিয়েছিল।শুধু গজনি নয়, আফগানিস্তানের অনেক প্রদেশের অবস্থাই এখন এ ধরনের। বিশ্লেষকেরা মনে করছেন, কারজাই সরকার ও বিদেশি মিশনের গ্রহণযোগ্যতা নির্ভর করছে পার্লামেন্ট নির্বাচনের সফলতার ওপর। কিন্তু নিরাপত্তার সমস্যা ও দুর্নীতি আবারও হতাশ করতে পারে আফগানিস্তানের মানুষকে।