তালের হাট জমজমাট
সকাল হতেই ফুটপাতজুড়ে বসে যায় তালের হাট। চলে হাঁকডাক। নগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা খুচরা ব্যবসায়ীদের সঙ্গে পাইকারদের দর-কষাকষি চলে। তারপর রিকশা ও ভ্যান বোঝাই করে তাল নিয়ে ফিরে যান ক্রেতারা। কেউ কেউ নগরের রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করেন এসব কচি তাল।গতকাল বুধবার সকালে নগরের বিআরটিসি মোড় এলাকায় গিয়ে এ চিত্র দেখা গেছে। বিআরটিসি মোড় থেকে কদমতলির দিকে যাওয়ার সময় সড়কের বাঁ পাশের ফুটপাতের পুরোটাই এখন তালের দখলে। প্রায় ২০ জন পাইকারি ব্যবসায়ী সেখানে তাল বিক্রি করছেন। তাঁদের সঙ্গে আলাপে জানা যায়, মূলত কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন গ্রাম থেকে এসব তাল সংগ্রহ করা হয়। পরে কয়েকজন পাইকার মিলে ট্রাকভর্তি করে নিয়ে আসেন চট্টগ্রামে।এখানকার এক ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘তিন-চার বছর ধরে নিয়মিত এখানে তাল নিয়ে আসি। গ্রামে তেমন দাম পাওয়া যায় না তাই এখানে আসা। কিছুদিন পর দাম আরও কমে যাবে।’এখানে বিভিন্ন আকারের প্রতি ১০০ তালের ডাব বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৮০০ টাকায়। নগরের বায়েজিদ এলাকা থেকে তাল কিনতে এসেছেন খুচরা বিক্রেতা নিয়াজ। তিনি জানান, ফেরি করে রাস্তায় রাস্তায় এসব তাল বিক্রি করবেন। গরমে তালের চাহিদা বেশি। মূলত শ্রমজীবী ও শিশুরাই তাঁর ক্রেতা। ১০ থেকে ১৫ টাকায় এসব তাল বিক্রি করেন নিয়াজ।