তারুণ্যের শক্তি, তারুণ্যের জয়
তাসনিয়া ফারিণ: দন্ত্য–ন না, মূর্ধন্য
বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখা সম্ভাবনাময় তরুণদের নিয়ে প্রতি বৈশাখেই বিশেষ সংখ্যা প্রকাশ করে ‘ছুটির দিনে’। ১৪২৯ বঙ্গাব্দেও ক্রীড়া, অভিনয়, সংগীত, ব্যবসায় ব্যবস্থাপনা, গবেষণা, অ্যাডভেঞ্চারে অগ্রগামী ৯ তরুণকে নিয়ে হাজির হয়েছে। এখানে পড়ুন অভিনেত্রী তাসনিয়া ফারিণের গল্প।
সৈয়দা শারমিনের স্বপ্ন ছিল অভিনেত্রী হবেন। কিন্তু পরিবারের সাপোর্ট না পাওয়ায় তাঁর সে স্বপ্ন পূরণ হয়নি। আরও পরে চেয়েছিলেন নিজের অপূর্ণ স্বপ্নটা মেয়ে ফারিণে এসে যেন পূর্ণতা পায়। তা–ই হলো, তাসনিয়া ফারিণ নিজেও একসময় আগ্রহী হয়ে উঠলেন অভিনয়ে।
২০১৭ সালে অভিনয়ের শুরু হলেও আমার সঙ্গে ফারিণের প্রথম কাজ ২০২০ সালে। আমাদের শুটিং লোকেশন ছিল ঢাকা থেকে দূরে। ভোরে প্রোডাকশনের গাড়ি আমার বাসার নিচে। গাড়িতে উঠে দেখি ফারিণ ঘুমাচ্ছে। হাতে জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস।
যে মানুষ বই পড়ে, গান শোনে, তার প্রতি আমার কেন যেন আলাদা ভালো লাগা কাজ করে। যাহোক, সেদিন ফারিণকে যতটুকু দেখলাম, তাতে মনে হলো অভিনেত্রী হিসেবে সে পরিশ্রমী, ধৈর্যশীল ও সৎ।
কিছু কিছু মানুষ থাকে, যাদের দেখলে অনেক দিনের চেনা মনে হয়, কথা বললে আপন লাগে, মনে হয় পাশের বাড়ির মানুষ। কথাবার্তায়, চলন-বলনে ফারিণ তেমনই
শুটিং শেষে ফেরার পথে আমাদের লম্বা সময় ধরে আলাপ হলো। দুজনের অনেক পছন্দ মিলে যায়। অভিনয়ে টম হ্যাংকস, গানে জন ডেনভার—এ রকম বেশ কিছু মিল।
ফারিণ বই পড়ে, সিনেমা দেখে, গান শোনে। এসব নিয়েই তার সঙ্গে গল্প হয় বেশি।
কিছু কিছু মানুষ থাকে, যাদের দেখলে অনেক দিনের চেনা মনে হয়, কথা বললে আপন লাগে, মনে হয় পাশের বাড়ির মানুষ। কথাবার্তায়, চলন-বলনে ফারিণ তেমনই। যেটা ব্যক্তিজীবনে মানুষের প্রিয় হতে এবং অভিনয়জীবনে চরিত্রের প্রতি দর্শকের ভালো লাগা জন্মাতে তাকে সাহায্য করে।
তবে চুপচাপ নরম-শরম হলেও আমার ধারণা ফারিণ জেদিও। জীবনের বেশ কিছু সময় তার সমুদ্রের কাছে কেটেছে বলেই হয়তো সে সমুদ্রের মতো।
বর্তমান সময়ের একজন মেধাবী ও দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এ সময়ে যে কজন অভিনেত্রী চরিত্রের সঙ্গে মিশতে পারে, গল্পের চরিত্রকে দর্শকের কাছাকাছি নিয়ে যেতে পারে, তাদের অন্যতম ফারিণ।
ফারিণের সবচেয়ে ভালো দিক—তাকে কোনো কিছু বোঝালে সে চট করে সেটা ধরে ফেলে। দিন দিন টেলিভিশনে তার চাহিদা বাড়লেও সে তুলনায় তার কাজের সংখ্যা খুব বেশি নয়। তার আরেকটা ভালো দিক—গল্প ও চরিত্রের প্রতি মনোযোগী হয়ে জেনেবুঝে কাজ করা। টিভিতে এবং ওটিটিতে তার ভালো কাজের তালিকা দীর্ঘ হচ্ছে। ফারিণ চ্যালেঞ্জ নিতে চায়, এক্সপেরিমেন্ট করতে চায়।
ফারিণের নাম লিখতে কেউ ‘দন্ত্য–ন’ ব্যবহার করলে তার মন খারাপ হয়। কিন্তু আমি জানি, ফারিণের এই মন খারাপ আর বেশি দিনের জন্য নয়। ফারিণ নিজেই নিজেকে এমন একটা অবস্থানে নিয়ে যাবে, যেখানে শুধু ‘ফারিণ’ শব্দটাই গুরুত্বপূর্ণ, মূর্ধন্য-ণ, দন্ত্য–ন নয়।
বাবার চাকরির সুবাদে ফারিণের ছোটবেলা কেটেছে এই শহর–ওই শহর করে। এখন চরিত্রের প্রয়োজনে তাকে ছুটতে হয় এদিক-সেদিক। তার এই ছুটে চলা দুরন্ত হোক, সুন্দর হোক।
ফারিণ পাখি হয়ে উড়ুক, রোদে পুড়ুক, জলে ভিজুক চরিত্রে চরিত্রে।
ছোটবেলার বাবার বাইকে চড়ে প্রতিদিন শহর ঘোরার বায়না করা মেয়েটা দেশ–বিদেশ ঘুরে বেড়াক, বাংলা কনটেন্ট নিয়ে।
ফারিণের জন্য শুভকামনা।
লেখক: নাট্যনির্মাতা