তাসের দেশে প্রাণের জোয়ার
নাটক শেষে কুশীলবদের অভিনন্দন জানাতে উঠে দাঁড়িয়েছিলেন মিলনায়তনের বেশির ভাগ দর্শক। হাততালি যেন থামতেই চাইছিল না। এমন উচ্ছ্বাস আর ভালোবাসা প্রাপ্যই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের। বহুদিন মনে রাখার মতো একটা নাটক উপহার দিলেন তাঁরা।গত সোমবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মঞ্চে রবীন্দ্রনাথের তাসের দেশ নাটক নিয়ে প্রথমবারের মতো দর্শকদের সামনে হাজির হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের নাট্যদল। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে ও শিল্পকলা একাডেমীর সহযোগিতায় তৈরি এই নাটকের নির্মাণভাবনা ও নির্দেশনা দিয়েছেন অসীম দাশ। গীতিনৃত্যনাট্য ধারার এই নাটকটিকে কিছুটা পরিবর্তন করে নবরূপ দিয়েছেন নির্দেশক। প্রাণহীন তাসের দেশে সব কিছুই কঠিন নিয়মে বাঁধা। সেখানে হাসি, গান, এগিয়ে চলা সবই নিষিদ্ধ। কিন্তু সেই অদ্ভুত নিয়মের দেশে হঠাৎ করেই প্রাণের হাওয়া বইয়ে দিল ভিনদেশী দুই তরুণ। তাসের দেশের বাসিন্দারা আবিষ্কার করল গায়ের ওপর চাপানো এতদিনের খোলস খসে যাচ্ছে শরীর থেকে। হূদয়াবেগ আর ভালোবাসার জোয়ারে ভেসে গেল বহুদিনের পুরোনো নিয়মকানুন। তাসের দেশ নাটকের মূল কথাটা মোটামুটি এমনই।নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত সমানতালে অভিনয় করেছেন কুশীলবেরা। রাজা চরিত্রে আবির মণ্ডল, সওদাগর চরিত্রে মামুন ও রাজপুত্রের চরিত্রে লেলিনের অভিনয় ছিল সাবলীল। নাটকের কোরিওগ্রাফি, আলোক প্রক্ষেপণ ও পোশাক পরিকল্পনাও ভালো লেগেছে। তবে আবহ সংগীত একটু কানে লেগেছে। গানগুলো কুশীলবেরা করলে নাটকে ভিন্নমাত্রাও তৈরি হতে পারত।এর আগে সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ নাটকটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপ-উপাচার্য ড. মো. আলাউদ্দীন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড. ইমরান হোসেন, নাট্যকলা বিভাগের সভাপতি কুন্তল বড়ুয়া ও ইংরেজি সাহিত্যের অধ্যাপক মুস্তাইন বিল্লাহ। উপাচার্য বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ বহু বাধা-বিপত্তি পার হয়ে আবার নতুন করে পথচলা শুরু করেছে। এই নতুন পথচলা যে সঠিক পথে হচ্ছে এই নাটক তারই নজির।’