আমি তাকে তিমু নামে ডাকি। কেন এই নামে ডাকি, সেটা আপনাদের না জানলেও চলবে! তিন বছর ধরে তিমু আমার সহপাঠী। আমাদের স্কুলে প্রতিবছর এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। গতানুগতিক ধারায় গত বছরের বিদায় অনুষ্ঠানটি ছিল আমাদের জন্য। আর সেই অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পড়েছিল আমার ও তিমুর ঘাড়ে।
শান্ত স্বভাবের তিমুকে বেশ আগে থেকেই আমি পছন্দ করি। যদিও এই কথাটা কখনো ওর কান পর্যন্ত পৌঁছায়নি। যাহোক, সেদিনের অনুষ্ঠানের কথায় আসা যাক। উপস্থাপনার জন্য কাগজপত্রসহ বিভিন্ন ধারাবাহিকতা বুঝিয়ে দিচ্ছিলেন আমাদের শামিম স্যার। তিমু সাজুগুজু করে এসেছে। অন্য রকম সুন্দর লাগছিল। আমার বিদায়ী বন্ধুরা দর্শকসারিতে হাজির। সেই সারি থেকেই বন্ধু আদি এসে আমাকে একটু আড়ালে টেনে নিয়ে গেল। কানের কাছে মুখ নিয়ে বলল, ‘আজকের সুযোগটা কাজে লাগা।’
‘মানে?’
‘মানে আবার কী, ওরে প্রপোজ করবি।’
‘পাগল হইছিস, সিনক্রিয়েট করলে?’
‘করলে করল, আজকের পর থেকে তো আর তেমন দেখাও হবে না। সো, সমস্যা নাই।’
আমি বললাম, ‘সম্ভব না।’ আদি মুখ বাঁকিয়ে বলে দিল, ‘জানতাম তুমি ভিতুর ডেট ওভার ডিম।’
মেজাজটাই খারাপ হয়ে গেল, ‘আচ্ছা, বলতে পারলে কী হবে?’
‘কাল আমার বাসায় পার্টি।’
‘ওকে, ডান।’
আমি সোজা ওয়েটিং রুমে চলে গেলাম। এই প্রথম ভিন্ন উদ্দেশ্য নিয়ে আমি তিমুর হাত ধরলাম, ‘একটু আসো তো আমার সঙ্গে...।’
আদির কাছে যেতে যেতে তিমুকে বললাম, ‘আমি একটা অভিনয় করব, তুমি কিছু মনে করবে না, শুধু একটু সায় দিয়ো।’
আদির সামনে এনে তিমুকে দাঁড় করালাম। আমি নিচের দিকে তাকিয়েই বলতে শুরু করলাম, ‘আমার অনুভূতির রাজ্যে কথাটা তোমাকে অনেকবার বলেছি। তবে আজ সামনে দাঁড়িয়ে বলতে চাই। আমি তোমাকে পছন্দ করি এবং অনেক বেশি পছন্দ করি।’
সেদিন পুরো বিদায় অনুষ্ঠানটা কেমন কেটেছে মনে নেই। তবে এটুকু মনে আছে, আমি তিমুর দিকে একবারও তাকাইনি।
ওই দিন রাত সাড়ে আটটা নাগাদ আম্মুর ফোনে একটা কল এল। আম্মু ডেকে বলল, ‘তনিমা কে রে? তোকে চাচ্ছে।’
আমাকে চাচ্ছে! শুনেই আমার গলা শুকিয়ে যাচ্ছিল, একটু ভয় নিয়েই ফোন কানে তুললাম।
‘হ্যালো।’
‘কী অবস্থা অভিনেতা?’
‘আমি আসলে সরি, ওর সঙ্গে বাজি ধরতে গিয়ে কথাগুলো তোমাকে বলে ফেলেছি।’
‘না, ঠিক আছে, তুমি অনেক ভালো অভিনয় করো, তবে সংলাপগুলো যে অনেক আগে থেকে চর্চা করেছ, সেটা কিন্তু বুঝতে পেরেছি।’
‘না, মানে...’
‘আমায় পছন্দ করো?’
আমি শুনেই মুহূর্তের মধ্যে কেমন ঘামতে লাগলাম। নিশ্বাসের বেগও বাড়তে লাগল।
তিমু আবার বলে উঠল, ‘কী হলো?’
‘না, মানে...’
‘তবে আমি কিন্তু তোমাকে পছন্দ করি এবং অনেক বেশি পছন্দ করি।’
‘এই তুমি সত্যি বলছ?’
‘হুম্।’
আমারও মুখ ফসকে বেরিয়ে গেল, ‘তাহলে আমিও।’
ঝালকাঠি, বরিশাল