তাহসানের আমেরিকা পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একমনে পিয়ানো বাজাচ্ছিলেন তাহসান। তখনই বেশ বেরসিকের মতো ভাঙা হলো তাঁর ধ্যান। তাঁর আমেরিকা পাঠের গল্পটা শোনার লোভটা আর সামলানো গেল না বলে অসময় তাঁকে ডাকা। তাহসান অবশ্য মোটেও বিরক্ত হননি। বরং বেশ মজা করে শুরু করলেন তাঁর আমেরিকা পাঠের কাহিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ ও এমবিএ পাস করে শিক্ষকতা করতে গিয়ে টের পেলেন—নাহ্, উত্তর আমেরিকার একটা ডিগ্রি তাঁর চাই-ই চাই। আবেদন করলেন ইউএসএ ফুল ব্রাইট বৃত্তির। পেয়েও গেলেন। হলো স্বপ্নপূরণ। ইউনিভার্সিটি অব মিনেসোটা টুইন সিটিজে পেয়ে গেলেন এমবি করার সুযোগ। খুশিতে নাচতে নাচতে পাড়ি জমালেন আমেরিকা। গিয়েই টের পেলেন। ওখানে পৌঁছানোর আগে ধারণাই ছিল না ওখানকার হিমশীতল আবহাওয়া সম্পর্কে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস বলেকথা! আবহাওয়া খারাপ হলেও ওখানকার পড়াশোনাটা বেশ ভালো লেগে গেল তাঁর। লাতিন আমেরিকার বন্ধু পেলেন কয়েকজন।ক্লাসের সময়টা বেশ আনন্দে কাটত তাহসানের। ‘ওখানকার পড়ালেখাটা আমাদের দেশের মতো লেকচার বেইজড নয়, বরং কেস বেইজড।’ বললেন তাহসান।ক্লাসের যোগাযোগটাও শুধু শিক্ষকের একপক্ষীয় নয়, বরং ছাত্র-শিক্ষক দ্বিপক্ষীয়। আলোচনা করতে করতে পড়াটা তৈরি হয়ে যেত ক্লাসেই। শিক্ষকেরা সবাই খুব বন্ধুবৎসল।আমরা এখানে যে মুখস্থবিদ্যার চর্চা করি, ওখানে পুরো উল্টো। বরং ধারণা নিয়ে তর্ক-বিতর্কের পাশাপাশি উপস্থাপনের দক্ষতাটি যাচাইয়ের সুযোগটা থাকে সবার জন্য। যখন প্রথম ওখানে যান, তখন বাঙালিদের সঙ্গে দেখা হলে সবাই বেশ চোখে শঙ্কা নিয়ে তাকাত। একদিন একজন বলেই ফেলল, ‘ভাই, আপনাকে দেখতে তাহসানের মতো লাগে।’ এ কথায় খুব হেসেছিলেন তাহসান।খাবারের কষ্টটা তাঁকে বেশ ভুগিয়েছে গত দুই বছর। ‘ভাতের জন্য প্রেম জেগে উঠেছিল। কত দিন আর বার্গার-স্যান্ডউইচ খাওয়া যায় বলেন?’ এভাবেই বললেন তাহসান। তারপর কী করলেন জানতে চাইলে বলে উঠলেন, ‘কী করব আর, ভাত চাই, তাই রান্না ছাড়া উপায় নাই। রান্না নিয়ে বসে বাসায় মাকে আর মিথিলাকে ফোন করে রেসিপি জেনে নিতাম। প্রথম প্রথম এমন রান্না করতাম যে নিজেই খেতে পারতাম না।’ এই বলে হাসলেন তিনি। স্যামন ফিশ আর ক্যাট ফিশ খাওয়া হতো খুব তাঁর। গরুর তিহারিটা রাঁধতে রাঁধতে পাকা তিহারি রাঁধুনি এখন তাহসান।ক্লাসের পড়ালেখার ফাঁকে ফাঁকে গানের কথাও ভোলেননি তিনি। অবসর পেলেই গুনগুনিয়ে উঠতেন, ‘বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছ।’ দেশে ফেলে আসা বৃত্তের ভেতরের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন আর কাছের মানুষের কথা মনে হতো সব সময়।আমেরিকায় পড়তে গিয়ে আমেরিকা ভ্রমণটাও বাদ রাখেননি তাহসান। ঘুরে বেড়িয়েছেন টো টো করে পুরো আমেরিকা। দুটো বছর পড়ালেখা, ঘোরাঘুরি করে বেশ তাড়াতাড়িই কেটে গেছে তাঁর। ফিরে এসেছেন আবারও আপন বৃত্তে। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন। তাহসানের মা ছিলেন শিক্ষক। মাকে দেখেই তাঁর এ পেশায় আসা। তাহসানের আমেরিকা পাঠের গল্পের এক ফাঁকে জেনে নেওয়া হলো আমেরিকায় পড়তে যেতে হলে করতে হবে কী কী? যাঁরা গ্র্যাজুয়েশনের আগেই আমেরিকায় পড়তে যেতে চান, তাঁদের স্কুলে পড়া অবস্থা থেকেই ইংরেজিতে ভালো হতে হবে। গণিতটাও জানতে হবে ঠিকমতো। পড়তে হবে প্রচুর ইংরেজি গল্পের বই আর সংবাদপত্র। ইংরেজি চলচ্চিত্রও দেখা উচিত নিয়মিত। কেউ গ্র্যাজুয়েশনের পর আমেরিকা পড়তে যেতে চাইলে তাঁকে জি ম্যাটে ভালো স্কোর পেতে হবে। পাশাপাশি থাকতে হবে চারটি বিশেষ গুণ। ১. পড়ালেখার বাইরে অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা। ২. স্কুলের ভালো ফল। ৩. সমাজের ও দেশের জন্য জনহিতকর কাজ। ৪. শিক্ষকের ভালো রেকমেনডেশন লাগবে; এটি খুবই দরকারি।