স্বপ্নে কি মানুষ রং দেখতে পায়—এ নিয়ে নানা বিতর্ক, নানা গবেষণা। তবে তাহসীনা শাহীনের সেসব নিয়ে চিন্তা নেই। তাঁর স্বপ্নে সাদাকালোই আসে বর্ণিল রূপ নিয়ে।‘অনেক বড় একটা জায়গা। সেখানে গাড়ি থেকে শুরু করে পেনসিল, সব রকম পোশাকই আছে। সব কটির রংই সাদাকালো। মানুষের যা যা প্রয়োজন হতে পারে, সবই থাকবে সেখানে। কিন্তু শুধু দুই রঙে।’ এই স্বপ্নই এখনো দেখেন তিনি।জানেন, অবিকল এই স্বপ্নকেই হয়তো কোনো দিন বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে না। তবে তাঁর যত কাজ, যত চেষ্টা, সবই এর কাছাকাছি পৌঁছানোর জন্য। ‘এখনো মূলত কাপড় নিয়েই কাজ করি। একটু একটু করে নানা রকম পণ্য যোগ করার চেষ্টা করছি আমাদের সংগ্রহে।’ বলেন তাহসীনা শাহীন।২০০২ সালে ঢাকার রাইফেলস স্কয়ারে (এখন সীমান্ত স্কয়ার) যাত্রা শুরু ফ্যাশন হাউস সাদাকালোর। মাত্র দুটো রং নিয়ে আস্ত একটা ফ্যাশন হাউস চালু করা। ‘সে সময় এসেছিলেন ডক্টর মুহাম্মদ ইউনূস তাঁর স্ত্রীকে নিয়ে। তিনি বললেন, “আমি দেখতে এলাম, কার এত সাহস হলো শুধু দুই রং নিয়ে এমন কাজ করার।’” বললেন সাদাকালোর অন্যতম উদ্যোক্তা ও ডিজাইনার তাহসীনা শাহীন।এরপর ১৩ বছরে দেশ পেরিয়ে এখন দেশের বাইরে পৌঁছেছে সাদাকালো। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শাখা খোলা হয়েছে।চার বোনের মধ্যে সবার ছোট তিনি। বোনদের পোশাক বানানোর দায়িত্বটা ছিল তাঁর কাঁধেই। মায়ের কাছে শিখেছিলেন সেলাই। ‘বড় হয়ে একটা আড়ং করব’—এই স্বপ্ন মাথায় নিয়েই তাঁর চারুকলায় ভর্তি হওয়া। ‘সে সময় ফ্যাশন ডিজাইন পড়ার আলাদা প্রতিষ্ঠান ছিল না। আমার মেজর ছিল গ্রাফিক ডিজাইন। স্নাতক হয়েই চাকরি পেলাম এশিয়াটিকে। নিজের একটা ফ্যাশন হাউসের চিন্তা মাথায় ঘুরছিলই। আমার এখনকার ব্যবসায়িক অংশীদার আজাদ ভাই (আজহারুল হক) তখন জানালেন, রাইফেলস স্কয়ারে একটা দোকান খালি আছে। দুজন মিলে শুরু করলাম এই উদ্যোগ।’ বলেন তিনি।চারুকলায় পড়াশোনার শেষ দিকে বড় বোন যুক্তরাষ্ট্র থেকে পাঠালেন উপহার। অনেক পেনসিল—সব কটি সাদাকালো রঙের। কোনোটায় জিরাফ আঁকা, কোনোটায় বৃত্তাকার নকশা। একেকটা একেক রকম। সেই পেনসিলগুলোই নাকি তাঁর আজকের সাদাকালোর প্রেরণা। দুই রঙে কাজ করতে একঘেয়ে লাগে না? উৎসবের সময়গুলোতে কীভাবে সাদাকালোয় নকশা করেন? এই প্রশ্নগুলো প্রায়ই শুনতে হয় তাঁকে।‘যা করতে চেয়েছিলাম, তার কাছাকাছিই তো এখনো পৌঁছানো হয়নি। কাজেই এখনো একঘেয়েমিতে ভোগার অবকাশ নেই।’ অতৃপ্তিই যেন তাহসীনা শাহীনের প্রেরণা।ছবিতে রঙিন যুগের সূচনা তো অনেক দিন হয়নি। একসময় তো সাদাকালোতেই ছবি তোলা হতো। সেই সময়ে মানুষ কীভাবে বোঝাত বিশেষ ভাবনাগুলো? ‘নিশ্চয়ই পয়লা বৈশাখের কোনো মোটিফ থাকত পোশাকে। হয়তো বাংলা নববর্ষ কথাটা লেখা বা একটা হাতপাখা বা মুখোশের ছবি। এ রকম কিছু থাকলেই তো বোঝা যেতে পারে, সেটা বিশেষ একটা উপলক্ষের পোশাক।’ বলেন তিনি।অন্য ডিজাইনারদের বেলায় রঙের সীমাবদ্ধতা নেই। এই ব্যাপারটা কি শুরুতেই তাহসীনাকে পিছিয়ে দিচ্ছে না। ‘আমি মূলত ভাবনার উদ্ভাবনেই আনন্দ পাই। যেমন একবার মনে হলো, আচ্ছা, ছোটরা তো বড়দের অনুকরণ করতে চায়। ওদের জন্য ঠিক বড়দের মতোই পোশাক তৈরি করলে কেমন হয়। সেই থেকে আনা হলো সাদাকালোর “তুমি আমি এক চিমটি” শিরোনামে পোশাক সংগ্রহ। মা-মেয়ে বা বাবা-ছেলের জন্য একই রকম পোশাক। কদম ফুলের মোটিফ নিয়ে আনলাম “বাদল দিনের প্রথম কদম ফুল” সংগ্রহ। বাংলা নানা কথামালা নিয়ে মগ তৈরির ধারণাটাও আমরাই শুরু করি। যুগলদের জন্য একই রকম পোশাকও বেশ জনপ্রিয়তা পায়।’ বলেন তিনি।চার বোনকেই মা পাখি পড়ার মতো করে বুঝিয়ে দিয়েছিলেন, আগে নিজে উপার্জন করতে হবে, পরে বিয়ে। মা হাজেরা জলিল এত দিন সাহস, প্রেরণা জুগিয়েছেন তাঁকে। স্বামী সুপ্রতীক ইসলামও সহযোগী হয়েছেন। চারপাশের সবার সহযোগিতাতেই তাঁর আজকের এই অবস্থান বলে মনে করেন তিনি। ‘আজাদ ভাইয়ের একটা কথা বলতেই হবে, তিনি কোনো দিন মনে করেননি আমি মেয়ে বলে আমাকে দিয়ে এই কাজ হবে না।’একমাত্র ছেলে রাজকুমারকে নিয়ে কাটে তাহসীনা শাহীনের অনেকটা সময়, ‘আমি হয়তো ওকে পড়াই না বা রান্না করে দিতে পারি না ওর জন্য। আমি মনে করি, অন্য অনেকভাবেই একজন ভালো মা হওয়া যায়।