তাহাদের অন্য জগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের দুপুরের মিষ্টি রোদ। সদ্য উধাও হওয়া কুয়াশা দূর্বাঘাসে চিকচিক করছে। প্রধান ফটকের পাশে সাদা অ্যাপ্রোন পরা এমবিবিএস শিক্ষার্থীরা খণ্ড খণ্ড ভাগে বিভক্ত হয়ে হইহুল্লোড় আর আড্ডা-উচ্ছ্বাসে মেতে উঠেছেন। কী যেন একটা কথার সূত্র ধরে একদল শিক্ষার্থীর হাসি যেন থামতেই চাইছে না! ব্যাপারটা কী, জানতে চাইলে ওই শিক্ষার্থীরা বলেন, ‘ভাই! সেই সাতসকালে কলেজে এসেছি। দুপুর নাগাদ ক্লাস শেষ হয়েছে। বাসায় ফেরার আগে প্রাণ খুলে সামান্য একটু আড্ডা-ইয়ার্কি মারছি!’সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই ‘প্রাণ খুলে আড্ডা’ চলে প্রতিদিন বেলা ১১টার পর। ‘সব ক্লাস শেষে বোরিং লাইফটা রিফ্রেশ করতেই আড্ডা।’ বলছিলেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাসেল মাহমুদ। একই বর্ষের আশিক আহমেদ সহপাঠীর কথায় সায় দিয়ে বলেন, ‘এত ব্যস্ততা! দিন-রাত পড়া আর পড়া। এর বাইরেও যে একটা জীবন আছে, সেটা যেন মেডিকেল কলেজপড়ুয়া শিক্ষার্থীরা ভুলেই যেতে বসেছি। তবে আমাদের কলেজে প্রতিটি ক্লাস শেষে ১৫ মিনিট বিরতি থাকে। তাই ক্লাস শেষে তবেই আড্ডা।’আড্ডারত একই বর্ষের নাদিয়া নুসরাত, হাসিবা খান ও নাহিদ হাসান অভিন্ন সুরে বলেন, ‘আড্ডা ক্যাম্পাসের প্রাণ। আমরা পড়াশোনার ফাঁকে গান-নৃত্য-অভিনয় করি। কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের পরিবেশনায় অংশ নিই। গতানুগতিক জীবনের বাইরে এগুলো আমাদের কাছে একপশলা বৃষ্টির মতো।’ এ সময় পাশে থাকা রাসেল মাহমুদ টিপ্পনী কাটেন, ‘জানেন? আশিফ তো কবিতাও লিখে।’ হঠাৎ এ ধরনের কথায় আশিফ আহমেদের মুখ লজ্জায় লাল হয়ে ওঠে। তিনি মৃদু প্রতিবাদ জানান, ‘না, না। ছোটবেলা টুকটাক লিখতাম, এই আর কি? এখন সময়ের অভাবে আর লেখা হয়ে ওঠে না। তবে কলেজের অঙ্গীকার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছি।’ তাঁরা জানান, কলেজ চত্বরের খোলা জায়গা, শহীদ মিনার প্রাঙ্গণ এবং কলেজ ক্যানটিনকে ঘিরে শিক্ষার্থীরা বন্ধের দিন ছাড়া সব দিনই আড্ডায় মেতে ওঠেন।কলেজ ক্যানটিনে গিয়ে দেখা যায়, প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী ক্যানটিনের চেয়ারে বসে গল্পগুজব করছেন। পাশাপাশি চলছে চা-নাশতা খাওয়ার ধুম। অনেকে মিলে আড্ডা দিতে দিতে টিভিতে টেনিস খেলা দেখছেন।কলেজের চতুর্থ বর্ষের সালেহ আহমদ, শ্যাম দত্ত, দ্বিতীয় বর্ষের ইব্রাহিম রাজু আর মাজাহারুল হক এই চারজন মিলে টেনিস খেলছেন। মাঝেমধ্যে বল মিস হয়ে গেলে ‘উফ্!’ বলে আফসোস প্রকাশ করছেন। খেলা শেষে কথা হয় মাজাহারুল হকের সঙ্গে। তিনি বলেন, ‘আটটা থেকে ক্লাস শুরু। ফলে খুব সকালে কলেজে আসতে হয়। ক্যানটিনে নাশতা সেরে দুপুর পর্যন্ত ক্লাস। এরপর ক্যানটিনে বসে খেলা-আড্ডা-টিভি দেখা। এভাবেই চলছে কলেজের মধুর দিনগুলো।’কলেজ ক্যানটিনের ব্যবস্থাপক মোহাম্মদ কাজল বলেন, ‘প্রতিদিন ক্যানটিনে প্রায় ৩০০ শিক্ষার্থী আসেন। যেহেতু কলেজে আড্ডা দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো স্থান নেই, তাই ক্যানটিনে বসেই চলে আড্ডা। বিষয়টি আমরা বেশ উপভোগও করি।’