জামালপুর গিয়ে ভুল ভেঙে গেল। এত গোছাল বন্ধুসভা ! দেশের অনেকগুলো বন্ধুসভার চেয়ে এগিয়ে আছে জামালপুর। এ জন্য প্রথমে তাঁদের অভিনন্দন জানাই।
৮ এপ্রিল এক ঝাঁক বন্ধু সকাল থেকে ব্যস্ত ছিলেন বিতর্ক উৎসব নিয়ে। বিতর্ক নিয়ে এটা তাঁদের বড় আয়োজন। শুধু তাঁদের বলি কেন, এ রকম আয়োজন সারা দেশেই মাত্র দু-একটি হয়েছে। সে জন্য আবারও অভিনন্দন শব্দটি জামালপুরসভার জন্য উচ্চারণ করতে হয়। দীর্ঘ একটা সময় ধরে জামালপুরে আমাদের প্রতিনিধি ছিল না। তারপরও বন্ধুরা সুচারুভাবে তাঁদের কাজ চালিয়ে গেছেন। সে জন্যও তাঁদের অভিনন্দন জানাতে হয়।
গত ১০ অক্টোবর জাতীয় বন্ধু সম্মেলনে আমরা কিছু নির্দেশনা লিখিতভাবে সবাইকে দিয়েছিলাম। একইভাবে জাতীয় বন্ধু সমাবেশেও আমরা লিখিত নির্দেশনা দিয়েছি। আমরা চাইব বন্ধুরা সেই নির্দেশনা অনুসরণ করুক। অনেক নির্দেশনার মধ্যে কয়েকটি বিষয়ের ওপর আমরা বিশেষভাবে জোর দিতে বলি। তার মধ্যে নিয়মিতভাবে বই পড়ার আয়োজন করা। যেটিকে আমরা পাঠচক্র বলি। একজন লেখকের একটি বই নির্ধারিত সময়ে পাঠ করে, নির্দিষ্ট একটি জায়গায় সেই বইটি নিয়ে আলোচনায় বসা। আমরা লক্ষ করেছি পাঠচক্রের বিষয়ে অনেক বন্ধুসভা পিছিয়ে আছে। বিতর্কের বিষয়েও তেমনটি বলা যায়। আমরা চাই নির্দিষ্ট কাজের ফাঁকে ওপরের দুটি বিষয়ে বন্ধুরা গুরুত্ব দেবেন।
আমরা চাই জামালপুর বন্ধুসভার মতো অন্যান্য বন্ধুসভাও বিতর্ক প্রতিযোগিতা অথবা বিতর্ক উৎসবের আয়োজন করবে। জামালপুরসভার বেশ কয়েকজন বন্ধুর নাম উল্লেখ না করলেই নয়। যাঁদের অক্লান্ত পরিশ্রমে আয়োজনটি সর্বাঙ্গ সুন্দর হয়েছে। বন্ধুরা হচ্ছেন প্রথম আলোর জামালপুর প্রতিনিধি মো. আজিজ এবং জামালপুর বন্ধুসভার নাজমুল হাসান লানজু, কমল হাসান, মহসিন কাকন, ফজলে রাব্বি সৌরভ, রিশতা ইসলাম বৃষ্টি, হুমায়রা বিনতে হোসেন, সুমাইয়া নাহার মিষ্টি, আফিয়া ইবনাত তূর্ণা, মনিরুজ্জামান, মনোহর আলী, মেহেদী ফকরুল হাসান প্রমুখ।
অনেক বন্ধুসভা ধুমধাম করে চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উদ্যাপন করেছে। তাদের অনুষ্ঠানের সংবাদ-ছবি আমরা পাচ্ছি। সংগত কারণেই সব বন্ধুসভার সংবাদ-ছবি আমরা ছাপতে পারব না। সে জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ