তাহাদের জন্য ভালোবাসা
একটা বাচ্চা শিম্পাঞ্জি। ছোট ছোট পা ফেলে ছুটে বেড়াচ্ছে এদিক-সেদিক। গায়ে ধুলো মেখে খেলছে মাটিতে পড়ে থাকা ছেঁড়া পাতা আর কাঠের টুকরো দিয়ে। মধ্য দুপুরের সোনা আলো রোদের লুটোপুটি চলছে তার কচি শরীরে। এ খেলায় সঙ্গী জেন গুডঅল নামের একজন গবেষক। দুজনের মধ্যে ভারি ভাব। হাত বাড়িয়ে দিলেই শিম্পাঞ্জিটা চলে আসে কোলে। তারপর অনেকক্ষণ চলতে থাকে খেলা। তাদের মধ্যে অভিমান, খুনসুটিও কম হয় না। অভিমানের পরই আবার সব ভুলে বন্ধু হয়ে পাশাপাশি বসে থাকে দুজন। তানজানিয়ার গমবি পার্কের সবার কাছে এমন দৃশ্য খুবই সাধারণ ঘটনা। পার্কটার চারপাশটা সবুজে ঢাকা। গাছপালার কমতি নেই। সেই সঙ্গে কমতি নেই পার্কে ঘুরে বেড়ানো প্রাণীদের জন্য প্রকৃতির দেওয়া খাবারেরও। এমনই দারুণ জায়গায় অবলীলায় ঘুরে বেড়ায় শিম্পাঞ্জিরা। কোথাও কেউ ব্যাঘাত ঘটায় না তাদের স্বাভাবিক জীবনযাপনে। জেন গুডঅল তাই বুঝেছেন, এই প্রাণীগুলোর ওপর গবেষণা করতে হলে এই জায়গাটিকেই বেছে নিতে হবে। কাছ থেকে দেখতে হবে ওদের আচার-আচরণ। জীবনের সামান্য খুঁটিনাটিও বাদ দেওয়া যাবে না। এমনটা ভেবেই ১৯৬০ সালে গমবি পার্কে এসে বসতি গড়েন জেন। তারপর গুনে গুনে পার করেছেন ৫০টি বছর। এ দীর্ঘ সময়ে তিনি করেছেন গবেষণা। শিম্পাঞ্জিদের সঙ্গে থেকে তাদের আনন্দ, দুঃখ আর রাগের বহিঃপ্রকাশ দেখেছেন। জেনেছেন জীবনের অদ্ভুত সব অজানা জিনিস। চমৎকৃত হয়েছেন এই প্রাণীগুলোর বুদ্ধিমত্তায়। ছিয়াত্তর বছর বয়সী এই বৃদ্ধার বৈচিত্র্যময় জীবন ও তাঁর গবেষণার নানা কথাই শুনব আমরা আজ।১.জেন গুডঅল একজন প্রাইমাটোলজিস্ট। তাঁর গবেষণার বিষয়, শিম্পাঞ্জিদের জীবন। এতে উঠে এসেছে এই প্রাণীগুলোর আবেগ প্রকাশের নানা দিক ও তাদের বুদ্ধিবৃত্তি-বিষয়ক অজানা তথ্য। শিম্পাঞ্জিদের সঙ্গে মানুষের ডিএনএর ফারাকটা অতি সামান্য। মস্তিষ্ক আকারে ছোট হলেও বুদ্ধি কম নেই তাদের। বুঝতে পারে বিমূর্ত সব চিহ্নের মানে। এমনকি এক শিম্পাঞ্জি ভাবতে পারে অন্য সবার থেকে আলাদা করেও।তারা চার শরও ওপরে চিহ্ন বুঝতে পারে সহজেই। শিখিয়ে দিলে করতে পারে ছোটখাটো কিছু যন্ত্রের ব্যবহার। তারা মানুষের মতোই হতাশায় ভোগে। নিজেরা কখনো কখনো মেতে ওঠে হাসি-ঠাট্টায়, আবার মেজাজ বিগড়ে গেলে লড়াইও কম হয় না। নিজের মাকে কাছে না পেলেই কেঁদে ওঠে শিশুরা। কাছে থেকে এর সবকিছুই দেখার সুযোগ হয়েছে জেনের। বন্ধু হয়েছেন শিম্পাঞ্জিদের। প্রোসোপ্যাগনোসিয়া নামের এক রোগে ভুগছেন জেন। চেনা মুখ ভুলে যান তিনি। এর পরও সব প্রতিকূলতা ভুলে তিনি কাজ করে গেছেন গবেষণার জন্য। পেয়েছেন সাফল্য। তবে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগটা। নানা রকম প্রাণীর ভালোবাসা মুগ্ধ করেছে তাঁকে। শিম্পাঞ্জিদের কাছে গেলেই তারা যখন ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে কোলে, তখন বুঝতে পারেন, এটাই তাদের ভালোবাসার প্রকাশ। এই ভালোবাসার জন্যই প্রাণীদের বিপদ থেকে বাঁচাতে কাজ করে যাচ্ছেন তিনি, করে যাচ্ছেন কঠোর পরিশ্রম।২.‘মানুষের ধারণা, শিম্পাঞ্জিরা নিষ্ঠুর। তারা শুধু লড়াইয়েই মেতে থাকে। এটা ভুল। শুধু শিম্পাঞ্জিই নয়, সব প্রাণীরই জীবনে হাসি, কান্না, আনন্দ আছে। তাদের কখনোই অবহেলা করা উচিত নয়।’ বলছিলেন জেন গুডঅল। নিজের লেখা বইতে এ ব্যাপারগুলোই তিনি তুলে ধরেছেন। ১৯৭১ সালে লেখা তাঁর বই ইন দ্য শ্যাডো অব ম্যান-এ এই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। জেন চান, সচেতন হয়ে উঠুক সবাই, প্রাণীদের শ্রদ্ধা করতে জানুক। তাদের জীবন ধ্বংসের দিকে না ঠেলে পরিবেশের কথা ভেবে কাজ করুক একসঙ্গে। বাস্তুসংস্থান ঠিকমতো না হলে বিপদে পড়বে সবাই। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে খাপ খেয়ে চলাটা হবে অনেক কঠিন। এসব ক্ষতি এড়ানোর জন্যই কাজ করে যাচ্ছে জেনের নিজের তৈরি একটি সেবামূলক প্রতিষ্ঠান। টেলিভিশনের নানা অনুষ্ঠানে হাজির হয়ে তারা বলছে, পরিবেশদূষণের কথা। আর কোনো প্রাণী যেন হারিয়ে না যায়। একের পর এক বই লিখে চলছেন জেন। বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে চেষ্টা করছেন মানুষকে বোঝানোর। এ কাজে স্বেচ্ছায় এগিয়ে আসতে বলছেন তরুণদের। তাঁর এই প্রচেষ্টা সফল হোক, এমনটা চায় জাতিসংঘও। যুক্তরাজ্য থেকে এই খ্যাতিমান প্রাইমাটোলজিস্টকে দেওয়া হয়েছে নাইটহুড উপাধি। এত জনপ্রিয়তা, সম্মান, পুরস্কার—কোনোকিছুই টানে না জেনকে। তিনি শুধু চান, সুখে থাকুক সব প্রাণী। পৃথিবী হয়ে উঠুক অনেক অনেক সুন্দর।৫০ বছরের ব্যস্তময় জীবনের পর জেন গুডঅল এখন অবসর সময় কাটাচ্ছেন। ইচ্ছা করলেই তিনি এখন ছুটে বেড়াতে পারেন না শিম্পাঞ্জিদের সঙ্গে। ধুলোমাখা পথ দিয়ে হেঁটে হেঁটে যেতে পারেন না দূর থেকে দূরে। নিতে পারেন না অজানা জীবনের স্বাদ। তবে অবরে-সবরে শিম্পাঞ্জিগুলোকে চমকে দেওয়ার জন্য হাজির হওয়া হয় গমবি ন্যাশনাল পার্কে। নিজের বার্ধক্যের কথা ভুলে তখন শিশুর মতো সারা দিন মেতে থাকা হয় খেলায়। — রিডার্স ডাইজেস্ট অবলম্বনে কিঙ্কর আহ্সান