তাহাদের দিনরাত্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দরে পাচার হয়ে যাচ্ছিল ওরা সবাই। গোয়েন্দা বিভাগের তত্পরতায় শেষতক উদ্ধার হয় তারা। বহু বিপত্তি পেরিয়ে শেষে বিরল প্রজাতির তারকা কচ্ছপ আর ময়না পাখিদের ঠাঁই হয়েছে চকরিয়ার সাফারি পার্কে। সেখানে কেমন কাটছে তাদের দিন-কাল?গত ২৪ মে’র ঘটনা। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ৪৮০টি বিরল প্রজাতির তারকা কচ্ছপ উদ্ধার করেন। কচ্ছপগুলো বিমানে মালয়েশিয়া পাচার করা হচ্ছিল।আর তেমনই আরেকটি ঘটনা ঘটে গেল গত ২ জুলাইয়ে। এবারও সেই ঘটনার মঞ্চ ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সেখান থেকে ১৯০টি ময়না ও ২৫০টি মুনিয়া পাখি উদ্ধার করে বিমানবন্দরের গোয়েন্দা বিভাগ।উদ্ধার তো হলো। কিন্তু এতগুলো কচ্ছপ, ময়না ও মুনিয়া পাখি গেলো কোথায়? মাঝে পত্রিকায় খবর বেরিয়েছিল, পাখিগুলোকে নাকি ঠিকমতো খাবার দেওয়াও সম্ভব হচ্ছে না! অনেকেই ভেবেছিলেন, বিরল প্রজাতির এই প্রাণীগুলো বোধহয় বেঁচেও মরল।কিন্তু দিন কয়েক আগে শোনা গেল অন্য খবর। কক্সবাজার শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে, চকোরিয়া উপজেলার পাহাড়ঘেরা ডুলাহাজরা গ্রাম। এই গ্রামের একপাশে গড়ে উঠেছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক’। আর অন্য খবরটা হলো এই, সেই পার্কেই নাকি ঠাঁই মিলেছে বিমানবন্দরে উদ্ধার করা প্রাণীগুলোর।সাফারি পার্কে গিয়ে দেখা গেল, বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই প্রাণীগুলো। এর-ওর মুখে শোনা যাচ্ছে ওদের নাম। পার্কের দ্বিতীয় ফটক দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে পায়ে চলা পথের দুই পাশে জীর্ণশীর্ণ দুটি লোহার খাঁচা। খাঁচা দুটির দিকে দৃষ্টি দিতেই আটকে যায় চোখ। ভেতরে বিরল প্রজাতির সেই তারকা কচ্ছপগুলো। বেশ ভাবগাম্ভীর্যের সঙ্গে হাঁটাচলা করছে। কোনো কোনোটা হয়তো মানুষ দেখলেই গুটি গুটি পায়ে সামনে চলে আসে! আবার কোনোটা মাথা বের করে ইতিউতি চায়। খাঁচার মধ্যে একটি পুকুর আকৃতির জলাধার। কিছু কচ্ছপ সেখানে নেমে পানি খাচ্ছে। কিছু আছে বালু ও ঘাসের ভেতর লুকিয়ে।আরেকটি খাঁচায় দেখা গেল, বন্দীজীবন কাটাচ্ছে অনেকগুলো ময়না পাখি। হ্যাঁ, সেই উদ্ধারকৃতরাই। এদের খাঁচাটিরও অবস্থা ভালো নয়। বারবার ডানা মেলে উড়ে যাওয়ার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছিল পাখিগুলো। তবে বেশ খোশ মেজাজে যে ছিল, তা বোঝা যায় ওদের কলরবেই। লোকজনও বেশ অবাক হয়ে ওদের কাণ্ডকীর্তি দেখছিল।বিমানবন্দরে কচ্ছপগুলো উদ্ধার করার দুই দিন পরের ঘটনা। বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বন সংরক্ষক তপন কুমার দে কচ্ছপগুলো সংরক্ষণের জন্য কক্সবাজারের এই সাফারি পার্কে পাঠিয়ে দেন। আর সেগুলো পার্কে অবমুক্ত করা হয় ২৬ মে।কচ্ছপগুলো সংরক্ষণের জন্য সার্বক্ষণিক নজরদারি করছেন চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোজাম্মেল হক শাহ চৌধুরী।তিনি বলেন, তারকা কচ্ছপগুলো দেখতে খুবই সুন্দর। এগুলো সংরক্ষণের পাশাপাশি বংশ বিস্তার, শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই পার্কে তারকা কচ্ছপ সংরক্ষণের জন্য নির্দিষ্ট কোনো বেষ্টনী না থাকলেও আপাতত এগুলোকে জালের বেড়া দিয়ে রাখা হয়েছে।সাফারি পার্কের পশুরোগ বিশেষজ্ঞ জাহেদ মো. মালেকুর রহমান বলেন, তারকা কচ্ছপ তৃণভোজী প্রাণী। পার্কের পরিবেশে খাপ খেয়ে কচ্ছপগুলো বড় হচ্ছে এবং বেশ সুস্থও আছে। ওদের নিয়মিত পরিচর্যা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।তারকা কচ্ছপের মতোই শুল্ক কর্মকর্তারা পাখিগুলো উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে হন্তান্তর করেছিলেন। পাচারকারীরা পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বনাঞ্চলসহ বিভিন্ন এলাকা থেকে বিরল প্রজাতির পাহাড়ি ময়না পাখিগুলো সংগ্রহ করে বিদেশে পাচার করছিল।উদ্ধারের সময় ও পরে পাখিগুলো অসুস্থও হয়ে পড়েছিল। চিকিত্সার পর এখন সব পাখি সুস্থ হয়ে উঠেছে। ওদেরও দেখভাল করছেন জাহেদ মো. মালেকুর রহমান। তিনি জানালেন, যেকোনো মুহূর্তে এই পাখিগুলো খাঁচা থেকে মুক্ত করে দেওয়ার চিন্তাভাবনা চলছে।ঢাকা থেকে সাফারি পার্কে ঘুরতে এসেছিলেন নুসরাত জাহান। বললেন, ‘বহু বছর পর খুব কাছ থেকে ময়না পাখি দেখার সুযোগ হলো। একসঙ্গে এত ময়না পাখি জীবনে আর দেখিনি।’ পাখি ও তারকা কচ্ছপ দেখতে দেখতে ছবি তোলারও হিড়িক পড়ে যায়। সেই ভিড়ে দেখা গেল এক তরুণকে। কুমিল্লা থেকে এসেছেন তিনি। কলেজপড়ুয়া মিনহাজ আবেদীন বলেন, ‘তারকা কচ্ছপগুলো দেখে খুবই ভালো লেগেছে। এই প্রজাতির কচ্ছপ জীবনে প্রথম দেখলাম। এদের সংরক্ষণে ব্যবস্থা নেওয়া উচিত। আর এই প্রাণীগুলো যাঁরা পাচার করছিলেন, তাঁদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার।’