তাহিতিতে মানুষের শামুক কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের খাবারের অভাব মেটাতেই আফ্রিকা থেকে আনা হয়েছিল স্থল-দানব শামুক। কিন্তু সেই স্থল-দানব উল্টো খেয়ে ফেলতে শুরু করল কৃষকের শস্যদানা। নচ্ছার শামুকগুলোকে শায়েস্তা করতে উত্তর আমেরিকা থেকে নিয়ে আসা হলো নেকড়ে শামুক! কিন্তু আমেরিকার ‘নেকড়ে’গুলো আফ্রিকার দানবের দিকে হাত না বাড়িয়ে খেতে শুরু করল স্থানীয় ছোট্ট ছোট্ট সব জল-শামুক। শেষে নির্বংশ হয়ে যাওয়া থেকে বাঁচাতে ছোট্ট জল-শামুকদের আনা হলো চিড়িয়াখানায়। কয়েক দশক পর এবার তাহিতি ফিরছে সেইসব ছোট্ট জল-শামুকের বংশধররা। তাহিতি দ্বীপপুঞ্জের আদি আবাসে ফিরে টিকতে পারবে কী তারা?

আকাশ থেকে দেখা তাহিতি দ্বীপপুঞ্জ। তাহিতি এবং এর ১৩টি বোন-দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত সোসাইটি দ্বীপপুঞ্জ। ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক
আকাশ থেকে দেখা তাহিতি দ্বীপপুঞ্জ। তাহিতি এবং এর ১৩টি বোন-দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত সোসাইটি দ্বীপপুঞ্জ। ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক

দক্ষিণ প্রশান্ত মহাসগরের মধ্যভাগে দারুণ সব দ্বীপপুঞ্জের মধ্যে তাহিতি নানা কারণেই খুব বিখ্যাত। এ অঞ্চলের অনন্য জীববৈচিত্র্য ও উদ্ভিদ সম্ভার নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই নানা পরীক্ষা-নিরীক্ষা করে আসছেন। তাহিতির মানুষজনের খাদ্যের চাহিদা মেটাতে ১৯৬৭ সালের দিকে আফ্রিকা থেকে বড়সড় প্রজাতির শামুক নিয়ে এসে সেখানে ছেড়ে দেওয়া হয়। তাহিতিসহ সেখানকার আরও কিছু দ্বীপে ছাড়া হয় সেসব শামুক। আফ্রিকার স্থল-দানব শামুক হিসেবে পরিচিত এই শামুকগুলো সেখানকার প্রতিবেশে মানিয়ে নিলেও খুব দ্রুতই বিপদ টের পান স্থানীয় মানুষেরা।

আফ্রিকার ওই শামুক খেয়ে পেট ভরানো তো দূরের কথা ওই স্থল-দানবদের হাত থেকে শস্য রক্ষা করতেই হিমশিম খেতে হয় সেখানকার লোকজনকে। পরিস্থিতি সামাল দিতে বছর দশেক পর উত্তর আমেরিকা থেকে ফ্লোরিডা রোসি উলফ বা নেকড়ে শামুক নিয়ে আসা হয় তাহিতিতে। বিজ্ঞানীরা ভেবেছিলেন উত্তর আমেরিকার এই নেকড়ে শামুকগুলো আফ্রিকার ‘স্থল-দানব’দের খেয়ে শেষ করে ফেলবে। কিন্তু ঘটনা ঘটল ভিন্ন রকম। নেকড়ে শামুকেরা দানব শামুক​গুলোকে না খেয়ে উল্টো তাহিতির স্থানীয় প্রজাতির ছোট্ট জল-শামুকদের খেয়ে শেষ করে ফেলতে শুরু করল। ‘পারতুলা নোডাসা’ নামের তাহিতীয় প্রজাতির শামুকগুলো আমেরিকার নেকড়ের কবলে পড়ে কয়েক বছরের মধ্যেই প্রায় নির্বংশ হয়ে গেল।

এক গবেষকের হাতে পারতুলা নোডাসা প্রজাতির জল-শামুক। পাশে আফ্রিকার স্থল-দানব হিসেবে পরিচিত শামুক। ছবি: দ্য গার্ডিয়ান
এক গবেষকের হাতে পারতুলা নোডাসা প্রজাতির জল-শামুক। পাশে আফ্রিকার স্থল-দানব হিসেবে পরিচিত শামুক। ছবি: দ্য গার্ডিয়ান

তাহিতিতে শামুক কাণ্ড শুরুর দুই দশক পর ১৯৮৯ সালে বিলুপ্ত প্রায় পারতুলা নোডাসা প্রজাতির ১১৫টি জল-শামুক পাঠানো হলো যুক্তরাষ্ট্রের ডেট্রয়ট চিড়িয়াখানায়। উদ্দেশ্য এই প্রজাতিকে রক্ষা করা। প্রজাতিটিকে রক্ষায় কয়েক দশক ধরে কাজ করে আসছে ডেট্রয়টের চিড়িয়াখানা। বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে এই প্রজাতির চার রকমের জল-শামুক নিয়ে কাজ করে তারা। এগুলোর সফল প্রজননের মধ্য দিয়ে এখন প্রায় ৬ হাজার পারতুলা নোডাসা শামুক রয়েছে ডেট্রয়েটসহ উত্তর আমেরিকার বিভিন্ন চিড়িয়াখানায়। বিজ্ঞানীদের জানামতে এর বাইরে পারতুলা নোডাসা প্রজাতির জল-শামুক পৃথিবীর আর কোথাও নেই।

ডেট্রয়েট চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে কিছুদিন আগে তাহিতি দ্বীপপুঞ্জের একটি সংরক্ষিত এলাকায় নিয়ে ছাড়া হয়েছে পারতুলা নোডাসা প্রজাতির জল-শামুকদের। মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির চিফ লাইফ সায়েন্স অফিসার স্কট কার্টার জানিয়েছেন, ‘প্রজননের মধ্যে দিয়ে পর্যাপ্ত বৃদ্ধির হারসহ বিশেষ ব্যবস্থায় উল্লেখযোগ্য সংখ্যক পারতুলা নোডাসা থাকা এবং তাহিতির একটি সংরক্ষিত এলাকায় ছাড়ার পর প্রজাতিটি এখন টিকে থাকার পথে এগিয়ে যাচ্ছে।’