তায়কোয়ান্দোর লড়াকু কন্যা সান্ত্বনা
‘ভোরের আলো ফোটার আগেই সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়তাম। লালমনিরহাট রেলস্টেশনে সাইকেল রেখে রংপুরের ট্রেন ধরতাম। বিকেলে ফিরতাম লালমনিরহাট।’
আদিতমারীর হরিদাস গ্রাম থেকে এভাবেই রংপুরের কারমাইকেল কলেজে গিয়ে পড়তেন সান্ত্বনা রায়। কলেজে পড়তে গিয়ে খোঁজ মেলে মার্শাল আর্টের খেলা কারাতের। এরপর কারাতে ছেড়ে মন দেন তায়কোয়ান্দো অনুশীলনে। সেই তায়কোয়ান্দোই এনে দিয়েছে সম্মান আর পরিচিতি।
দারিদ্র্যের সঙ্গে সারাক্ষণ লড়তে হয় সান্ত্বনাকে। সমাজের চোখরাঙানি বাধা হয়নি। খেলার প্রতি সান্ত্বনার এমন টান আর লড়াইয়ের গল্প একসময় পৌঁছে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। গত মাসে সান্ত্বনাকে ১০ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই চেক ১৬ জুলাই সান্ত্বনার হাতে তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান। সান্ত্বনা বর্তমানে ঢাকার বেসরকারি স্কুলে তায়কোয়ান্দোর প্রশিক্ষক হিসেবে কর্মরত।
বাংলাদেশে তায়কোয়ান্দোর দুটি সংগঠন। একটি আইটিএফ তায়কোয়ান্দোর (আন্তর্জাতিক তায়কোয়ান-দো ফেডারেশন) অধিভুক্ত। আরেকটি ডব্লিউটিএফের (ওয়ার্ল্ড তায়কোয়ান্দো)। সান্ত্বনা খেলেন আইটিএফ তায়কোয়ান্দো। ২০১১ সালে প্রথম ঢাকায় আইটিএফ জাতীয় তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে জেতেন রুপা। এরপর ২০১২ সাল থেকে গত বছর পর্যন্ত টানা প্রতিটি জাতীয় প্রতিযোগিতায় জিতেছেন সোনা। এ ছাড়া এই বছর বঙ্গবন্ধু দ্বিতীয় আইটিএফ টুর্নামেন্টেও সোনার পদক জিতেছেন।
আন্তর্জাতিকভাবে সান্ত্বনা সর্বোচ্চ সাফল্য পেয়েছেন ২০১৭ সালের সেপ্টেম্বরে। উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে বিশ্ব তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে চেক প্রজাতন্ত্রের খেলোয়াড়কে হারিয়ে সান্ত্বনা জেতেন ব্রোঞ্জ। এ ছাড়া ২০১২ সালে বাংলাদেশে হওয়া ফজিলাতুন্নেছা মুজিব আন্তর্জাতিক প্রতিযোগিতায় ও নেপালে ২০১৪ সালে এশিয়ান আইটিএফ তায়কোয়ান্দোতে জেতেন সোনা। গত বছর ভারতে হওয়া দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নশিপে এসেছে ব্রোঞ্জ।
২০১৭ সালে সান্ত্বনার বিভিন্ন সাফল্যে মুগ্ধ হয়ে ফেডারেশন তাঁকে নির্বাচিত করেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য। কিন্তু উত্তর কোরিয়ায় যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে সান্ত্বনার। ফেডারেশন কর্মকর্তারা তাঁকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার খরচ বাবদ ১ লাখ ৪০ হাজার টাকা চেয়ে বসেন। অসহায় সান্ত্বনা সরাসরি ‘না’ করে দেন। কিন্তু কর্মকর্তাদের একজন বলেন, ‘তুমি গেলে পদক পাবে, এটা নিশ্চিত। যেভাবেই হোক টাকা জোগাড় করো।’ সুযোগটা হাতছাড়া করতে চাননি। সমাজের বিত্তবানদের কাছে অর্থসাহায্য চেয়ে আবেদন করতে শুরু করেন সান্ত্বনা। কিন্তু সেভাবে সাড়া মিলছিল না। এরপর সারা দেশে শুরু হয় বন্যা। সব দেখেশুনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার আশা ছেড়ে দিলেন সান্ত্বনা। এরপর প্রথম আলোয় একদিন ছাপা হয় সান্ত্বনাকে নিয়ে প্রতিবেদন। এই প্রতিবেদনের সুবাদে শেষ পর্যন্ত টাকা জোগাড় হয়। কিন্তু তত দিনে তাঁকে রেখে বাংলাদেশ দলের অন্য সদস্যরা চলে গেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। মনের ভেতরে সাহস রেখে একাই চড়ে বসেন উত্তর কোরিয়ার বিমানে। বেইজিংয়ে গিয়ে দলের সদস্যদের সঙ্গে যোগ দেন সান্ত্বনা। এরপর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েন।
সান্ত্বনা ভাই-কাকাদের সঙ্গে খেলতেন মার্বেল, ফুটবল আর গোল্লাছুট। দুরন্তপনার জন্য ঠাকুমার হাতে কত যে মার খেয়েছেন মনে নেই!
সান্ত্বনা আন্তঃস্কুল আর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্প্রিন্ট, লংজাম্প আর গোলক নিক্ষেপে নিয়মিত সোনা জিততেন। কিন্তু খেলার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে চাইতেন। কৃষক বাবার আয়ে সংসার চলে না। বাধ্য হয়ে সান্ত্বনাকে চাকরি করতে হয়েছে বেসরকারি সংস্থায় (এনজিও)। কখনো টিউশনি, কখনো কোচিংয়ে শিক্ষকতা; পাশাপাশি এনজিওর চাকরি করেছেন। এমনকি পুঁতির হাতব্যাগ বানিয়ে বিক্রি করেছেন। বর্তমানে ঢাকায় থাকেন সান্ত্বনা।
এত কিছু থাকতে কেন মারামারির খেলায় এলেন? সান্ত্বনার হাসিমাখা উত্তর, ‘মেয়েদের আত্মরক্ষার কৌশলটা শিখে রাখা প্রয়োজন। নিজের আগ্রহেই কারাতে খেলা বেছে নিই। এরপর এই খেলা ছেড়ে তায়কোয়ান্দো শিখি।’
সান্ত্বনারা তিন বোন, এক ভাই। সান্ত্বনা সবার বড়। আর কেউ খেলাধুলায় আসেননি। বিয়ের পিঁড়িতে এখনো বসা হয়নি সান্ত্বনার। প্রস্তাব এলেও যৌতুকের চাহিদা শুনে পিছিয়ে যান। বললেন, ‘কলেজের শিক্ষক, পুলিশ কর্মকর্তা বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। কিন্তু যৌতুক চান বাবার কাছে। আমি তাই সরাসরি “না” করে দিই। যৌতুক দিয়ে বিয়ে করতে চাই না আমি।’