তা-ই হয় যা চাই না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: রাকিব
আঁকা: রাকিব

 একগাদা বই থেকে একটি বই খুঁজে বের করবেন অথবা এক স্তূপ কাগজ থেকে একটি জরুরি কাগজ? স্তূপের প্রথম থেকে খোঁজা শুরু করুন। বই কিংবা কাগজটি পাবেন স্তূপের একদম শেষের দিকে। কয়েকবারের অভিজ্ঞতায় বুদ্ধি করে নিচের দিক থেকে খোঁজা শুরু করছেন? এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত বই বা কাগজটি মিলবে একদম শুরুর দিকে।
 অনেকক্ষণ পড়াশোনা করেছেন। কারও চোখে পড়েনি। মাথাটা একটু হালকা করার জন্য ফেসবুকে লগ–ইন করলেন। দেখবেন, ঠিক তখনই মা–বাবা কিংবা বড় ভাইবোনের চোখে পড়ে গেছেন।

আঁকা: রাকিব
আঁকা: রাকিব

 শাহবাগ মোড়ে এমনি এমনি দাঁড়িয়ে আছেন। মিরপুরের বাসের কন্ডাক্টর পারলে কোলে করে বাসে তুলে ফেলবে। কিন্তু খুব দরকারে শাহবাগ থেকে মিরপুরে যাবেন? এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাস পাবেন না। পেলেও বাসে থাকবে প্রচণ্ড ভিড়। পা রাখার জায়গাই নেই। এটা ঢাকার যেকোনো গন্তব্যের ক্ষেত্রেই প্রযোজ্য।
 আপনি থাকেন বিল্ডিংয়ের দশতলায়। ওপরে ওঠার জন্য লিফটের সামনে দাঁড়ালে দেখবেন লিফট ঠিক দশতলায়। আবার যখন দশতলা থেকে নামতে যাবেন, লিফট তখন থাকবে গ্রাউন্ড ফ্লোরে।
 পড়াশোনার খুব একটা চাপ নেই, কিংবা সকালে নেই ক্লাস। অনেক চেষ্টা করছেন কঠিন একটা ঘুম দিতে। ঘুম আসবে না। ঘুম আসবে সেদিন থেকে, যেদিন পরীক্ষার রুটিন হাতে পাবেন।

 পরীক্ষার সময় মাথায় অনেক আইডিয়া আসবে—পরীক্ষা শেষ হলে অমুক করব, তমুক করব। পরীক্ষা শেষ হওয়ার পর দেখবেন, কী করবেন তা খুঁজে পাচ্ছেন না।

 ক্লাসে আপনি প্রতিদিন বই নিয়ে যান। কে বই এনেছে কে আনেনি—স্যার চেক করবেন না। যেদিন আপনি বই নিয়ে যাবেন না, স্যার সেদিন যারা বই আনেনি তাদের কানে ধরে দাঁড় করিয়ে রাখবে নিশ্চিত!