এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে ‘স্বপ্ন নিয়ে’ পাতায় লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমসকালে নাশতা সেরে সবাই নায়ালামের পাশের একটা পর্বতের মাথায় অ্যাক্লেম্যাটাইজেশন হাইকিংয়ের জন্য চললাম। এদিন ‘গো হাই, স্লিপ লো’—এই নিয়ম মানতে নায়ালাম (উচ্চতা ১১ হাজার ৮০৮ ফুট) থেকে প্রায় ৩০০ ফুট উঁচু আরেকটা পর্বতে চললাম সবাই। সেখান থেকে নায়ালামকে ছবির মতো মনে হয়। যেন চারদিকে পর্বতে ঘেরা একটা গুহার মধ্যে গড়ে ওঠা এক আধুনিক পার্বত্য শহর। যেখানে উন্নত যোগাযোগব্যবস্থা, বিদ্যুৎ, পানি, রেশন সাপ্লাই, বেশ কিছু সরকারি অফিস, স্কুল, কলেজ ইত্যাদি রয়েছে। আরও আছে চীনা সেনাবাহিনীর অফিস। এই শহর থেকে মিলারপা গুহায় ছোট্ট মন্দির দেখতে যায় সব সাধারণ পর্যটক। এই গুহা সম্পর্কে বহুবার শুনেছি শেরপাদের কাছে। এখানে নাকি বৌদ্ধ লামারা তাঁদের ধর্মীয় উপাসনা করতেন।নায়ালাম নেপালি ব্যবসায়ীদের কাছে ‘কুটি’ নামে পরিচিত। এই জায়গাটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থান হিসেবে সবাই ব্যবহার করছে। বেশ উর্বর ভূমিময় নায়ালাম উপত্যকায় বেশির ভাগই কাদা-ইট দিয়ে তৈরি বাড়িঘরে চীনের অন্য ভূখণ্ড থেকে লোকজন এসে বসতি গড়ে তুলেছে। এখানে এই গ্রীষ্মে পর্বতের আশপাশের জঙ্গলে প্রচুর অ্যালপাইন জীবজন্তু চোখে পড়ে।সেই পর্বতের মাথায় কিছু সময় কাটানো হলো, উচ্চতার সঙ্গে শরীর যাতে খাপ খেয়ে যায়। এরপর নেমে এসে খুঁজতে বের হলাম বাংলাদেশে ফোন করার সুবিধা কোথাও আছে কি না। কয়েকজনকে জিজ্ঞেস করার পর পাওয়া গেল একটা ফোন করার দোকান। রিমিকে ফোন করে জানালাম, ভালো আছি। সেই সঙ্গে অনুরোধও করলাম, যেন দুশ্চিন্তা না করে। কারণ, সবাই বেশ যত্নআত্তি করছে। তখনো জানি না যে সেটাই হবে (১১ এপ্রিল, ২০১০) এভারেস্ট চূড়া থেকে ফিরে আসার আগ পর্যন্ত রিমির সঙ্গে শেষ আলাপ।দিনের বেলা নায়ালামে ঘুরেফিরে কেটে গেল। সকাল গড়াতেই সেই যে বাতাস শুরু হয়েছে, বিকেলের দিকে সেই বাতাস ঠান্ডাকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এর সঙ্গে যোগ হয়েছে পর্বতের ভাঁজের আড়ালে সূর্যের হারিয়ে যাওয়া। সব মিলিয়ে ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা। এই রাতেই ঘটল বিপত্তি। রাতের শুরুতে ঘুমিয়েছিলাম আরামেই। কিন্তু হোটেলের পাশের কক্ষে কয়েকজন সারা রাত হয় আলাপে, নয়তো তাস খেলে কাটিয়েছে। সেই কক্ষ থেকে সারা রাত শব্দ আসার কারণে বারবারই ঘুম ভেঙে গেছে। তাই সকালে উঠতেই শুরু হলো মাথাব্যথা। ঘটনাটা জানালাম সোম বাহাদুর আর কৈলাসকে। তাঁরা বললেন, এ ধরনের সমস্যা হচ্ছে যখন বুঝতে পারলে, তখনই তাদের থামানো উচিত ছিল। উত্তরে বললাম, তাদের এই কাজ যে এ ধরনের শারীরিক সমস্যা ডেকে আনবে, সেটা তখন তো বুঝিনি।আরও বিপদ হলো, সেদিনই (১২ এপ্রিল, ২০১০) তিংরিতে যাওয়ার পরিকল্পনা। নায়ালাম থেকে তিংরি (উচ্চতা ১৪ হাজার ফুট) প্রায় সোয়া দুই হাজার ফুট উঁচু। এই উচ্চতাতেই যখন মাথাব্যথা শুরু হয়ে গেল, সেটা তিংরিতে গিয়ে যে ভোগাবে, এতে কোনো সন্দেহ নেই।যাই হোক, নাশতা সেরে সকাল আটটার মধ্যেই জিপে ব্যাগ তুলে রওনা হলাম তিংরি। সবকিছু ঠিক থাকলে সাড়ে তিন ঘণ্টায় তিংরি পৌঁছে যাব সবাই। চীনা সেনাবাহিনী কোদারি সীমান্ত থেকে লাসা পর্যন্ত পথ যেন একেবারে কার্পেটের মতো করে মসৃণভাবে তৈরি করে রেখেছে। কোথাও সামান্য ঝাঁকুনি লাগে না গাড়িতে। শুধু মাঝেমধ্যে বেরসিক গরু, ছাগল বা ভেড়া রাস্তায় উঠে পড়লে জিপের ব্রেক কষলে তখন শুধু মৃদু দুলুনি লাগে।রাতে ঘুম হয়নি। সেই সঙ্গে রয়েছে মাথাব্যথা। তাই নতুন জায়গার নতুন নতুন দৃশ্য দেখার স্বাভাবিক নিয়ম থাকলেও মাথাব্যথা ভুলে থাকতে এর মধ্যেই ইচ্ছে করে ঘুমিয়ে পড়লাম। তবে ঘুম বেশি দীর্ঘ হলো না। জিপ তিংরি গেটে থামতেই নেমে পড়লাম। বাংলাদেশে বিশেষ কোনো রাজনীতিককে তুষ্ট করার জন্য তাঁর এলাকায় জায়গায় জায়গায় যেমন তোরণ তৈরি করা হয় তাঁর আগমন উপলক্ষে, তিংরি গেট হলো তিংরিতে যাওয়ার আগে সে ধরনের একটি তোরণ, যা স্থায়ীভাবে ইস্পাত দিয়ে তৈরি। এই তোরণে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের ‘প্রেয়ার ফ্ল্যাগ’ ঝুলিয়ে রেখেছে।এখান থেকে স্পষ্ট দেখা যায় সিসাপাংমা (উচ্চতা ২৬ হাজার ২৮৯ ফুট, বিশ্বের ১৪তম সর্বোচ্চ পর্বত), চো য়ু (উচ্চতা ২৬ হাজার ৯০৬ ফুট, বিশ্বের ষষ্ঠতম সর্বোচ্চ পর্বত) এবং এভারেস্ট (উচ্চতা ২৯ হাজার ৩৫ ফুট) পর্বত। জিপ লালুং লা পাস পার হয়ে তিব্বতীয় মালভূমির একেবারে ন্যাড়া ও রুক্ষ এলাকায় অবস্থিত এই তিংরি গেটে থেমেছে। রাস্তার দুপাশেই প্রায় ১০-২০ কিলোমিটার এলাকা একেবারে ন্যাড়া এবং দূর থেকে দেখতে প্রায় সমতল। এমনকি পর্বতের পাদদেশ শুরু হওয়ার আগ পর্যন্ত কোথাও একটা পাথরের বোল্ডারও নেই। দেখে মনে হয় যেন পুরো এলাকাই একটা বড় কার্পেট। শুধু হাজার বছর আগে সৃষ্ট গ্লেসিয়ারের বরফগলা পানি থেকে গড়ে ওঠা স্রোতধারায় একেবারে চূর্ণ পাথরের টুকরো এদিক-ওদিক পড়ে আছে।এসব দেখতে দেখতে ফের হাত-পা ঠান্ডা হয়ে গেল বাতাসে। মাথার ওপর সূর্য তখন কিন্তু গনগনিয়ে উঠেছে। তার পরও ঠান্ডা যেন থোড়াই পরোয়া করছে সূর্যকে। দ্রুত সবাই জিপে গিয়ে উঠে বসলাম। চালকও ফাঁকা রাস্তায় ১৩০-১৪০ কিলোমিটার বেগে জিপ চালালেন তিংরির দিকে। এ সময় ইচ্ছে করেই আবার ঘুম।তিংরির ঠিক আগে ঘুম ভাঙল। রাস্তার দুই পাশে গড়ে ওঠা বেশ কিছু বাড়িঘর নিয়ে তিংরি শহর। একটা হোটেলের সামনে ধুলো উড়িয়ে জিপ থামতেই যেই না নেমেছি, মনে হলো যেন ঠান্ডা বাতাস গায়ে হুল ফোটাচ্ছে। এই বাতাসেই মাথাব্যথা যেন আরেক ডিগ্রি চড়ে গেল। গাড়ির আওয়াজ শুনে হোটেলের ম্যানেজার বের হয়ে এলেন। হয়তো বা দেখে পছন্দ হলো না, তাই পাঠিয়ে দিলেন হোটেলের এক কোনায়। ইটের ঘর মাটি দিয়ে পলেস্তারা দেওয়া হয়েছে। তবে বাতাস যাতে না ঢোকে, সেই ব্যবস্থাটা করা হয়েছে মজবুত করে।[email protected] [বাকি অংশ আগামী পর্বে]