‘আরব বসন্ত’ শুরুর দেশ তিউনিসিয়ায় হয়ে গেল নির্বাচন। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশে দেশে আরব বসন্ত নামে পরিচিত আন্দোলন শুরুর পর থেকে সংশ্লিষ্ট কোনো দেশে এটাই প্রথম নির্বাচন। বৃহস্পতিবার পর্যন্ত খবরে প্রাথমিক ফলে এগিয়ে ছিল মধ্যপন্থী ইসলামি দল এননাহদা। তবে তারা খুব সম্ভবত একা সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তিউনিসিয়ার জনগণ ভোট দিয়েছে সাংবিধানিক পরিষদের সদস্য নির্বাচনের জন্য। নতুন সংবিধান প্রণয়ন করাই সাংবিধানিক পরিষদের কাজ। একটি অন্তর্বর্তীকালীন সরকারও গঠন করবে নির্বাচিত পরিষদ।বেকার তরুণ সিদি বুজিদ আইনশৃঙ্খলা বাহিনীর নিগ্রহের প্রতিকার না পেয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছিলেন। সেই প্রতিবাদের আগুন সর্বত্র ছড়িয়ে যাওয়ার পরিণাম বেন আলীর পতন। তবে জানুয়ারি মাসে বেন আলীর পতনের পর নয় মাস পেরিয়ে গেলেও এত দিনে কেবল সাংবিধানিক পরিষদের নির্বাচন হলো। এরই মধ্যে কেউ কেউ ক্ষুব্ধ হতে শুরু করেছেন।সিসিলিয়ানা এলাকার নেইলা হেরালা নির্বাচনের কয়েক দিন আগে ক্ষুব্ধ কণ্ঠে বলেন, তিনি ভোট দিতে যাবেন না। রাস্তার পাশে ছাউনি তুলে বসবাসকারী একটি পরিবারকে দেখিয়ে কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘এটা আমার পরিবার। আমরা রাস্তায় থাকি। আমাদের কী পরিবর্তন এসেছে?’ তিউনিসিয়ান ওয়ার্কার্স কমিউনিস্ট পার্টি দাবি করেছে, জানুয়ারিতে বেন আলীর পতনের সময়ের চেয়ে এখন দেশে বেকারত্বের হার বেশি।তবে আশাবাদী মানুষও রয়েছে। যেমন—হিশাম হামদি। তিনি বলেন, ‘আশা করি, সাংবিধানিক সরকার গঠিত হওয়ার পরপরই তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। কারণ, এ মুহূর্তে এটাই সবচেয়ে বেশি প্রয়োজন।’ দেশ পরিচালনার নীতি নিয়ে উদ্বিগ্ন রাজধানী তিউনিসের বাসিন্দা ইউসেফ আতিগ। তিনি বলেন, ‘আমার মনে হয়, নির্বাচনে অংশ নেওয়া দলগুলো অনেক প্রয়োজনীয় বিষয় জানায়নি। জনগণের জানার প্রয়োজন, কোন দল ক্ষমতায় গেলে লিঙ্গভিত্তিক সমতার ব্যাপারে কী করবে। সরকার কি রাষ্ট্রপতিশাসিত, না সংসদীয়-পদ্ধতির হবে—তা বলা উচিত ছিল।যুক্তরাজ্যে বসবাসকারী তিউনিসিয়ার নাগরিক ৩৬ বছর বয়সী মোহাম্মদ বানি বলেন, ‘আমি চাই প্রত্যেক নাগরিকের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করে ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে নতুন সংবিধান হবে। এর মাধ্যমে নিশ্চিত করতে হবে যে তিউনিসিয়া প্রগতিশীল দেশগুলোর কাতারে থাকবে।’ মাহফুজার রহমানসূত্র: বিবিসি