তিক্ত অবকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভাগ্যিস, আশপাশে কেউ নেই!’ কার্লোকে দুষ্টুমি করে বললেন প্যাট্রিসিয়া। বই হাতে শুয়ে আছেন প্যাট্রিসিয়া মরগান (২৬)। মাথার ওপর জুন মাসের ঝকঝকে আকাশ। নিচে ম্যাগোথি নদীর টলটলে পানি। কার্লো ফ্রাইজোলির (৩২) পালতোলা নৌকা নিয়ে ম্যাগোথি নদীতে ভেসে পড়েছেন দুজন। যুক্তরাষ্ট্রের এই নদীটার দক্ষিণে দারুণ সুন্দর এক খাঁড়িতে ঢুকে পড়বেন তাঁরা।আকাশে চোখ রাখলেন প্যাট্রিসিয়া। কয়েক মিনিটের মধ্যেই উত্তর দিক থেকে মেঘ এসে ছেয়ে ফেলল আকাশ। বিজলি চমকাতে দেখে চিন্তিত হয়ে পড়লেন তিনি, ‘কার্লো, আমরা নৌকার মোটর চালু করে তীরের দিকে চলে যাই। এসব জায়গায় কত তাড়াতাড়ি ঝড় আসে জানো তুমি!’কার্লোর অভয়বাণীতে কাজ হলো না। কয়েক সেকেন্ডের মধ্যেই সূর্যের আলোকে ঢেকে দিল কালো মেঘ। সাদা ফেনা তুলে ভাঙতে লাগল ঢেউ। বৃষ্টির তোড়ে যেন ভেঙেই যাবে নৌকাটা। তড়িঘড়ি পাল নামিয়ে দিতে ছুটলেন কার্লো। লাফিয়ে পড়লেন প্যাট্রিসিয়া লাইফ-জ্যাকেটের সন্ধানে। পাওয়ার আগেই নৌকাটা কাত হয়ে পড়ল ঢেউয়ের তোড়ে। বড় পালটা চলে গেল পানিতে। প্যাট্রিসিয়ার ঠাঁই হলো নৌকার রেলিংয়ে। উল্টেই যাবে বুঝি নৌকাটা। সেকেন্ড না পেরোতেই সিদ্ধান্ত নিলেন তিনি, ‘পানিতে থাকাই নিরাপদ।’ঢেউয়ের সঙ্গে যুঝছেন তিনি। ওদিকে কার্লো সামলাচ্ছেন নৌকাটা। একটা বয়া ছুড়ে দিলেন প্যাট্রিসিয়ার দিকে। ঢেউয়ের তোড়ে ফসকে গেল সেটা। মোটর চালু করে প্যাট্রিসিয়ার চিৎকার লক্ষ্য করে ছুটল কার্লোর নৌকা। কিন্তু ঢেউয়ের বাধা পেরিয়ে যাওয়াটা অসম্ভব হয়ে উঠল। নৌকাটা একসময় চলে গেল দৃষ্টির বাইরে। কালো আকাশের নিচে কালো ঢেউয়ের মধ্যে একা ভাসতে থাকলেন অসহায় প্যাট্রিসিয়া। রাত তখন নয়টা।লাইফ-জ্যাকেট নেই। সাঁতারেও তিনি তেমন দক্ষ নন। তবু মনের জোরটা ছিল। লড়াই তো জীবনে কম করেননি। প্রায় দুই কিলোমিটার দূরে তীরের টিমটিমে আলো লক্ষ্য করে সাঁতার কাটতে লাগলেন।চোখের সামনে হঠাৎ যেন ফুঁড়ে উঠল বিশাল এক ছায়া। বড় একটা মালবাহী জাহাজ। এই নৌপথে সারাক্ষণই চলাচল করছে বড় বড় জাহাজ—কোনোটার পেটের মধ্যে পুরে দেওয়া যায় গোটা দুয়েক ফুটবল মাঠ।নৌকা থেকে কার্লোও দেখেছিলেন জাহাজটা। বিশাল ছায়াটা যেন আতঙ্কের প্রতিমূর্তি। ‘জাহাজটা পিষে ফেলবে প্যাট্রিসিয়াকে’ ভাবলেন তিনি। কিছুই করার নেই তাঁর। নৌকাটা ভেঙেচুরে গেছে। রেডিওটাও মনে করে সঙ্গে আনেননি যে সাহায্য চাইবেন। এমন ভুল তো তাঁর হওয়ার কথা নয়। ইতালিতে জন্ম কার্লো ফ্রাইজোলির। ছোটবেলা থেকেই নৌকা নিয়ে ভাসতে পছন্দ করেন। আইনে পড়াশোনা শেষে ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে আসেন তিনি। কাজ নেন একটি জাহাজ কোম্পানিতে।হঠাৎই কার্লোর মনে পড়ে, প্যাট্রিসিয়ার মোবাইল ফোনটার কথা। কাঁপা হাতে ডায়াল করেন ৯১১। রাত নয়টা ২৫। কোস্টগার্ড, পুলিশ, দমকল বাহিনীর কাছে পৌঁছে গেছে এক নারীর ভেসে যাওয়ার খবর। দমকলকর্মী গ্রেগ ইয়াং (২৭) রাতের খাবার সারছিলেন। তাঁর অ্যালার্মটা বিপ করল দুবার। ১০ মিনিটের মধ্যেই আরও দুজন কর্মীকে নিয়ে উদ্ধারকারী নৌকায় উঠলেন তিনি।অভিজ্ঞতাই বলে দিল, তেমন আশা নেই। রাতের অন্ধকারে ঢেউয়ের মধ্যে জেগে থাকা ছোট্ট একটা মাথা খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। বেশির ভাগ ক্ষেত্রেই সপ্তাহখানেক পর লাশ ভেসে ওঠে।ঘড়িতে রাত ১০টা। কার্লোর নৌকার কাছে পৌঁছে গেলেন তাঁরা। প্যাট্রিসিয়াকে শেষ কোথায় ভাসতে দেখেছেন, জানালেন কার্লো। তীরের দিকে সাঁতার কেটেছেন তিনি—এমন অনুমান করে খোঁজা শুরু করলেন কর্মীরা।দূর থেকে বড় জাহাজটাকে পাশ কাটিয়ে যেতে দেখলেন প্যাট্রিসিয়া। তবে বিপদ কাটল না। যেকোনো মুহূর্তে আরেকটা জাহাজ এসে পড়তে পারে। ঢেউগুলো খেলছে তাঁকে নিয়ে। ঢেউয়ের তলায় সাঁতরাতে থাকলেন তিনি। কয়েক হাত এগিয়ে শ্বাস নেওয়ার জন্য মাথা তুলছেন প্যাট্রিসিয়া। পেশিগুলোতে যেন আগুন ধরে গেছে। খাঁচা ছিঁড়ে বেরিয়েই পড়বে ফুসফুস। বোন দুটোর মুখ মনে পড়ল। ‘এত তাড়াতাড়ি মরতে হবে আমাকে!’ ভাবলেন তিনি।উদ্ধারকারী নৌকা থেকে স্পটলাইট ফেলা হচ্ছে। পানির তাপমাত্রা খুব কম নয়। কিন্তু ঢেউয়ের তোড় বিপদে ফেলতে পারে দক্ষ সাঁতারুকেও। সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে পানিতে আছেন প্যাট্রিসিয়া।নৌকার রেডিওতে শোনা গেল সাংকেতিক নির্দেশ। অর্থ—জীবিত কাউকে উদ্ধারের চেয়ে লাশ উদ্ধারে পরিণত হতে যাচ্ছে অভিযানটা। পানি থেকে আকাশের দিকে উঠে গেছে লম্বা একটা ছায়া। গিবসন আইল্যান্ডের বাতিঘর। প্যাট্রিসিয়ার চোখে পড়ল সেটা। বাতিঘরের গায়ে মই লাগানো থাকতে পারে। প্রাণপণে সাঁতরাতে শুরু করলেন তিনি। কাছে গিয়ে এতক্ষণ চেপে রাখা কান্নাটা আর থামাতে পারলেন না। মই একটা আছে বটে। কিন্তু চোরের হাত থেকে বাঁচানোর জন্য সেটা লাগানো হয়েছে পানি থেকে অনেক ওপরে। অত দূর হাত পৌঁছোবে না তাঁর। দূরে আলো দেখা গেল। আগের চেয়ে উজ্জ্বল। গলা ফাটিয়ে চিৎকার শুরু করলেন প্যাট্রিসিয়া।‘চিৎকার শুনলাম যেন!’ বলে উঠলেন এক উদ্ধারকর্মী। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হলো নৌকার ইঞ্জিন। এবার সবাই শুনতে পেলেন ক্ষীণ একটা স্বর। একসময় স্পটলাইটের আলো পড়ল প্যাট্রিসিয়ার মাথায়। নৌকাটা স্থির করে রাখা হলো। প্যাট্রিসিয়ার দিকে ছুড়ে দেওয়া হলো লাইফ-জ্যাকেট। ‘পেয়েছি তোমাকে!’ নৌকা থেকে আসা চিৎকারটা যেন জীবন ফিরিয়ে দিল প্যাট্রিসিয়াকে।পানিশূন্যতা আর ক্লান্তি ছাড়া আর কিছুই হয়নি তাঁর। ঘণ্টাখানেক পরই ছাড়া পেলেন হাসপাতাল থেকে।দুই মাস পর। বালটিমোর কোর্ট হাউসের সামনে কার্লো ফ্রাইজোলির সঙ্গে দাঁড়ালেন প্যাট্রিসিয়া মরগান। বিয়ের সাদা গাউনে দারুণ সুন্দর দেখাচ্ছে তাঁকে। ‘সেই দুর্ঘটনাটির পর বুঝলাম, ওকে দ্বিতীয়বার হারাতে চাই না আমি। তাই সারা জীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ বললেন কার্লো ফ্রাইজোলি।রিডার্স ডাইজেস্ট অবলম্বনে রুহিনা তাসকিন