তিতাস একটি নদীর নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যেক বাঙালির নিজের করে একটি নদী আছে। কারও পদ্মা, কারও মেঘনা, কারও জলেশ্বরী, কারও কারও আবার ধরলা, তোরসা, বড়লা, তালসা বা কপোতাক্ষ। আমার নদী দুটি—কর্ণফুলী আর তিতাস। কর্ণফুলী আমার বাস্তবের সঙ্গী, আর তিতাস আমার মানসসঙ্গী। কর্ণফুলীর পারে আমার বাস্তব জীবনযাপনের ইতিহাস তৈরি হয়েছে, আর তিতাসপারে আমার মানসিক সমৃদ্ধি ঘটেছে। কর্ণফুলীর পারে আমার পূর্বপুরুষের বসবাস, আর তিতাসপারে আমার মানস-পূর্বপুরুষের জন্ম। তিতাসপারের গোকর্ণঘাটে অদ্বৈত মল্লবর্মণের জন্ম। তিতাস একটি নদীর নাম-এর স্রষ্টা তিনি। উপন্যাস লেখার মানসিক শক্তি আমি তাঁর কাছ থেকে পাই। তিতাস অদ্বৈত মল্লবর্মণের নিজস্ব নদী। তাই তিতাস আমারও নদী।তিতাসের ভূগোল তো সবারই জানা। ভারতের ত্রিপুরা রাজ্যের পার্বত্য অঞ্চলে জন্ম তার। পরে আগরতলার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে পশ্চিমে এগোতে এগোতে আখাউড়ার কাছে টুপ করে বাংলাদেশে ঢুকে পড়েছে। এরপর কিছুদূর উত্তর দিকে, আবার কিছুদূর পশ্চিম দিকে ঘুরে-ফিরে মেঘনার সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়েছে তিতাস। তিতাস ছোট নদী। এ ছোট নদীর বড় ইতিহাস লিখে গেছেন অদ্বৈত। তিতাসপারের সমাজজীবন তাঁর উপন্যাসের বিষয়-আশয় হয়েছে। হিন্দুরা, মুসলমানেরা সর্বোপরি জেলেরা একেবারে নিজস্ব সংস্কার-সংস্কৃতি, জল-কাদা, হাল-জাল নিয়ে উপস্থিত হয়েছে তিতাস একটি নদীর নাম-এ। তিতাস আমার ভেতরে কলরোল তোলে, আমাকে ডাকে—আয় আয়, জলপুত্র হরিশংকর, তুমি আমাকে দেখবে না? আমার জল ছোঁবে না? গোকর্ণঘাটের মালোপাড়ার অদ্বৈতর জন্মভিটের মাটি স্পর্শ না করলে যে তোমার মুক্তি নেই! একদিন সকালে জলগাড়িতে করে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাটের দিকে যাত্রা শুরু করলাম আমি। গোকর্ণঘাট মানুষের মুখে মুখে এখন গোপনঘাট; গোকর্ণঘাট-গোকন্নঘাট-গোকনঘাট-গোপনঘাট। তিতাসের বুকে কালো জল—নিবিড় নির্মল। পানকৌড়িরা জলগাড়ির এধারে-ওধারে জলে ডুবে ডুবে মাছ ধরছে। ঠোঁটে মাছ নিয়ে নদীতে পোঁতা বাঁশের ডগায় গিয়ে বসছে। নদীর দুই পাশে মউল্লা, উরফুলিয়া, কৃষ্ণনগর, গোসাঁইপুর আর ভৈরবনগর গাঁ। বর্ষায় তিতাস খলখল-কলকল। এখন শীর্ণ শরীর তার। নদীকূলের অনেকটা শুকনা—কটকটে। সেখানে চাষিদের গরু আর ধানের স্তূপ। দুপুরের রোদ মাথায় নিয়ে নদীঘাটের দিকে এগিয়ে আসছে কৃষকবধূ আর মজুর-বউরা। সঙ্গে তাদের থালা-বাসন; পেছনে ছেঁড়া তেনা বা ছেঁড়া হাফপ্যান্ট পরা অথবা নেংটো ছোট-ছুটকোরা। তিতাসের জলে দিনের সব ক্লান্তি জমা রাখার জন্য একগলা জলে নেমে পড়েছে ওরা। অদ্বৈত চমর‌্যাকার বর্ণনা দিয়েছেন এসবের: ‘তীর ঘেঁষিয়া সব ছোট ছোট পল্লী। তারপর জমি। তাতে অঘ্রাণ মাসে পাকা ধানের মৌসুম। মাঘ মাসে সর্ষে ফুলের অজস্র হাসি। তারপর পল্লী। ঘাটের পর ঘাট। সে ঘাটে জীবন্ত ছবি। মা তার নাদুসনুদুস ছেলেকে ডুবাইয়া চুবাইয়া তোলে। বৌ-ঝিরা সব কলসি লইয়া ডুব দেয়। পরক্ষণে ভাসিয়া উঠে। অল্প দূর দিয়া নৌকা যায়, একের পর এক। কোনটাতে ছই থাকে, কোনটাতে থাকে না। কোন কোন সময় ছইয়ের ভিতর নয়া বউ থাকে।’ উরফুলিয়াঘাটে পৌঁছে একজনকে জিজ্ঞেস করি, আর কত দূর গোকর্ণঘাট? আমার উচ্চারণ শুনে একটু থমকে দাঁড়ায়; বলে, ‘গোপনঘাটের কথা কইতাছেন? সে তো আরও দেড় ঘণ্টার পথ।’ আমি চোখ ফেরাই নদীজলের দিকে। দুই তীর ঘেঁষে নদীজলের অনেকাংশজুড়ে ব্যাপকভাবে বাঁশ পোঁতা। বাঁশঘেরের মাঝখানে কচুরিপানা দাঁড়িয়ে। এই ঘেরে ধরা পড়ে ছোট-বড় নানা জাতের মাছ। অসংখ্য এলেবেলে এ ঘেরের জন্য তিতাসের জলপথ আজ সংকীর্ণ। মালোদের মাছ মারার ক্ষেত্র আজ হাতছাড়া। এমনিতেই দরিদ্র মানুষ ওরা। প্রতাপশালী মালিকদের এ ঘের মালোদের গলায় দারিদ্র্যের ফাঁস আরও জোরদার করেছে। মনটা বেদনায় ভরে গেল। পৃথিবীর প্রথম আহরণজীবী হলো জেলেরা। আদিম যুগে পশু শিকারের উন্মাতাল জীবন থেকে মানুষ নিজেকে সরিয়ে একটু যখন থিতু হতে চাইল, তখন নদী-জলাশয়ের পাড় বেচে নিল মানুষ। তখনই নজর পড়ল তাদের জলের দিকে, মাছের দিকে। সেই মর‌্যাস্য আহরণকারীরা কালক্রমে মর‌্যাস্যজীবীতে রূপান্তরিত হলো। সেই মর‌্যাস্যজীবীরা আজ তিতাসপারে জলক্ষেত্র হারিয়ে খেয়ে না-খেয়ে দিনাতিপাত করছে। আমি চোখ তুললাম নদীপারের দিকে। ডান পারে ঘন সবুজ গাঁ, বাম পারে ধোঁয়ার ঘনঘটা। সারি সারি ইটভাটা। বড় বড় চোঙা দিয়ে গলগল করে ধোঁয়া বেরিয়ে ওপাশের গাঁগুলো ঝাপসা করে তুলেছে। তিতাসের জল বেয়ে বেয়ে আমাদের জলগাড়ি এগোতে এগোতে একসময় গোকর্ণঘাট দেখা গেল। নদীপারেই জেলেপাড়াটি। অদ্বৈত লিখেছেন: ‘আমাদের মালোপাড়াটিকে গাবরপাড়া বলে ভদ্দরলোকরা।’ বর্তমানের ওই পাড়ার জেলেরা নিজেদের মালো বলতেও নারাজ। বলল, ‘আমরা বর্মণ।’ অশিক্ষা-অর্ধাহার-অনাহারে জর্জরিত লালমোহন বলে, ‘মানুষরা মালাউন বলে গাইল পাড়ে।’ তারপর পাড়াটা ঘোরা, অদ্বৈতর জন্মভিটার সামনে শ্রদ্ধায় মাথা অবনত করা। দেখলাম, তিতাস একটি নদীর নাম-এর জেলেপাড়াটি এখন আর নেই। তার যৌবন নেই, জৌলুশ নেই, রমরমা নেই। শুধু কঙ্কালসার জেলেপাড়াটি তিতাসপারে নির্জীব হয়ে পড়ে আছে। ধুঁকছে আর ধুঁকছে। তিতাসপারে অন্য বড় বড় নদীর মতন তেমন করে হয়তো মানবসভ্যতার বিকাশ-বিস্তার হয়নি, কিন্তু বাঙালির সভ্যতা-সংস্কৃতিকে যাঁরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, তেমন কজন কূলপ্লাবী যশের অধিকারী মানুষ জন্মেছেন এই তিতাসপারে। তিতাস নদী ধন্য হয়ে থাকবে অদ্বৈত মল্লবর্মণের জন্য, ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্য।